হাসপাতালে মারা যাওয়া যুবক ডাকাত ছিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যাওয়া আলমগীর হোসেন (২৮) নামে মারা যাওয়া যুবক ডাকাত ছিলেন বলে দাবি করেছে পুলিশ।গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম বলেন, গত রোববার গভীর রাতে বনানীর চেয়ারম্যান বাড়ি এলাকায় আলমগীরসহ কয়েকজন যুবক অস্ত্রের মুখে একটি দোকান থেকে লোহার রড ডাকাতি করে ট্রাকে তুলছিলেন। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তাঁরা দ্রুত ট্রাকে উঠে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। পুলিশও তাঁদের তাড়া করে। অনেকক্ষণ ধাওয়া করার পর একপর্যায়ে আলমগীরসহ কয়েকজন বাড্ডার নতুনবাজার এলাকায় চলন্ত ট্রাক থেকে লাফিয়ে পড়ে পালানোর চেষ্টা করেন। এতে আলমগীর গুরুতর আহত হন। এ সময় পুলিশ তাঁকেসহ নয়জনকে আটক করে। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিত্সক তাঁকে মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে থানায় অপমৃত্যু ও ডাকাতি মামলা হয়েছে বলে ওসি জানান।