হাসপাতালে মৃত্যু কান্না আহাজারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাত সাড়ে নয়টা থেকে দুইটা। একে একে আসছেন অগ্নিদগ্ধ মানুষগুলো। সঙ্গে স্বজনদের ভিড়। মুহূর্তেই ভরে যায় জরুরি বিভাগ। চিকিৎসক ও সেবিকারা তখন মেঝেতে রেখেই চিকিৎসা দেওয়া শুরু করেন। এ সময় আসে একে একে ১৩টি মৃতদেহ। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তখন চিকিৎসার পাশাপাশি কান্নার রোল।বার্ন ইউনিটে চিকিৎসাধীন আছেন চিকিৎসক বাদল চন্দ্র বর্মন। তিনি পুরান ঢাকার অগ্নিকাণ্ডের ঘটনার বর্ণনা দিতে গিয়ে বলেন, ‘আমি নবাবকাটরার ৪২ নিমতলীর তিনতলা ভবনের নিচতলায় ভাড়া থাকি। ২৮তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি। তখন ফোনে এ খবরই বন্ধুরা দিচ্ছিল। এমন সময় বিকট শব্দ। চারপাশ অন্ধকার হয়ে যায়। এ সময় তাঁর মেয়ে ছিল পাশের ফ্ল্যাটে। ওকে দ্রুত বের করে আনি। দেখি চারদিক জ্বলছে। বাসার সবাইকে নিয়ে বেরিয়ে আসার চেষ্টা করি। কিছুদূর দৌড়ে না যেতেই একে একে আমার, আড়াই বছরের মেয়ে আরজিকা বর্মন, স্ত্রী চামেলি ও ভাগ্নি ববিতার শরীরে আগুন ধরে যায়। আমরা রাস্তায় লুটিয়ে পড়ি। স্থানীয় লোকজন আমাদের হাসপাতালে নিয়ে আসেন।’ বাদলের মতো এমন দেড় শতাধিক শিশু, নারী ও পুরুষ হাসপাতালে চিকিৎসাধীন। বার্ন ইউনিটের অধ্যাপক শহীদুল বারী জানান, অগ্নিদগ্ধ দেড় শতাধিক শিশু-নারী ও পুরুষকে তাঁরা নিচতলা থেকে পাঁচতলার ওয়ার্ড ও করিডরে রেখে চিকিৎসা দিচ্ছেন। আহতদের শরীর পুড়ে গেছে। অনেকের অবস্থাই সংকটজনক। রাত নয়টার পর অগ্নিদগ্ধদের একের পর এক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে জরুরি বিভাগে আনা হয়। এ সময় হাসপাতালের কর্মীরা অগ্নিদগ্ধদের শরীরে পানি ঢালতে থাকেন। একপর্যায়ে মেঝে পানিতে তলিয়ে যায়। সেখান থেকে দগ্ধদের বিভিন্ন তলায় রাখা হয়।শত শত মানুষ স্বজনের খোঁজে হাসপাতালে ভিড় করেন। স্বজনদের না পেয়ে কান্নায় ভেঙে পড়েন তাঁরা। তাঁদের আহাজারি ও চিৎকারে হাসপাতালের পরিবেশ ভারী হয়ে ওঠে।বার্ন ইউনিটের প্রকল্প পরিচালক প্লাস্টিক সার্জন সামন্তলাল সেন জানান, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আসা নার্স ও চিকিৎসকেরাও বার্ন ইউনিটে এসে চিকিৎসাসেবা দিচ্ছেন। তিনি বলেন, ‘তাপযুক্ত ধোঁয়ায় শ্বাসনালি পুড়ে ও অগ্নিদগ্ধ হয়ে অনেকের মৃত্যু হয়েছে। একসঙ্গে এত মানুষ অগ্নিদগ্ধ হওয়ার ঘটনা আগে কখনো দেখিনি।’প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেন এবং অগ্নিদগ্ধদের চিকিৎসার ব্যাপারে খোঁজখবর নেন।বিএনপির চেয়ারপারসন ও বিরোধীদলীয় নেত্রী খালেদা জিয়া, স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক, মেয়র সাদেক হোসেন ও স্থানীয় সাংসদ মোস্তফা জালাল মহীউদ্দিন হতাহতদের দেখতে বার্ন ইউনিটে যান। তাঁরা চিকিৎসার ব্যাপারে খোঁজখবর নেন।গতকাল রাতেই এ ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে।