কনকনে শীতে সারা দেশে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। গতকাল সোমবার ঠান্ডাজনিত রোগে সারা দেশে এক শিশুসহ ছয়জন মারা গেছে। দেশের বেশির ভাগ হাসপাতালে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা বেড়ে গেছে। ঘন কুয়াশার কারণে কাওড়াকান্দি-মাওয়া রুটে ১৩ ঘণ্টা এবং পাটুরিয়া-দৌলতদিয়া রুটে তিন ঘণ্টা ফেরি চলাচল বন্ধ ছিল। রাতের বেলায় বেশির ভাগ মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়েছে।আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, আজ রাজধানীসহ দেশের বেশ কিছু জায়গায় কুয়াশা কমে আসবে। তবে রাতে শীতের তীব্রতা বাড়তে পারে। চলমান শৈত্যপ্রবাহ ফরিদপুর, শরীয়তপুরসহ বরিশাল বিভাগে বিস্তৃত হতে পারে। রাজশাহী ও খুলনা বিভাগ এবং টাঙ্গাইল ও শ্রীমঙ্গলের ওপর দিয়ে বয়ে যাওয়া এই শৈত্যপ্রবাহ আরও দু-এক দিন চলতে পারে। সহকারী আবহাওয়াবিদ মো. রাশেদুজ্জামান প্রথম আলোকে বলেন, কাল থেকে শীতের তীব্রতা কমতে পারে। তবে ১০-১১ তারিখের দিকে তাপমাত্রা আবারও কমতে শুরু করবে। এ সময় আরেকটি শৈত্যপ্রবাহ শুরু হতে পারে। আরব সাগর থেকে দিল্লি হয়ে বাংলাদেশে আসা ঘন কুয়াশা রাজধানীর ওপর থেকে সরে যাওয়ায় আজ থেকে রাত ও দিনের তাপমাত্রার পার্থক্য বাড়তে পারে। গতকাল রাজধানীর সর্বোচ্চ তাপমাত্রা রোববারের চেয়ে ৪ ডিগ্রি কমে ১৬ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াসে দাঁড়ায়। সর্বনিম্ন ছিল ১১ ডিগ্রি সেলসিয়াস। দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল যশোরে ৮ দশমিক ৬ ডিগ্রি এবং সর্বোচ্চ টেকনাফে ২৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। রংপুর, দিনাজপুর, সৈয়দপুর, টাঙ্গাইল, শ্রীমঙ্গল, ঈশ্বরদীর সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে। আজও একই অবস্থা থাকতে পারে।রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) ভাইরোলজি বিশেষজ্ঞ এস এম আলমগীর বলেন, শৈত্যপ্রবাহের মধ্যে শিশু ও বৃদ্ধদের বেশি সতর্ক থাকা প্রয়োজন। অসতর্ক থাকলে সর্দির পাশাপাশি অ্যাজমা, শ্বাসকষ্টজনিত সমস্যা হতে পারে। এ জন্য বিশেষ প্রয়োজন ছাড়া ঘর থেকে না বের হওয়াই ভালো। তবে ঘর থেকে বের হওয়ার সময় প্রস্তুতি রাখার পরামর্শ দেন তিনি। জানা গেছে, শীতের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে মিটফোর্ড হাসপাতালে রোগীর সংখ্যাও বেড়েছে। তাদের মধ্যে শিশু ও বয়স্ক রোগীর সংখ্যা বেশি। গত শনিবার এ হাসপাতালে রোগীর সংখ্যা ছিল ৬২৯ জন। গত রোববার তা বেড়ে ৬৮৮ জনে দাঁড়ায়। গতকাল সোমবার ভর্তি রোগীর সংখ্যা ছিল ৬৮৩। স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক এম এ আজহার বলেন, শীতে জ্বর, সর্দিকাশি ও শ্বাসকষ্টজনিত রোগীর সংখ্যা বাড়ছে। যাদের শ্বাসকষ্ট রোগ আছে, শীতকালে তাদের কষ্ট আরও বেড়ে যায়। শীতে শিশুদের ডায়রিয়ার ঝুঁকি বেশি। তিনি বলেন, শীতের কষ্ট থেকে লাঘবের জন্য ভোরের কুয়াশা যাতে শরীরে না লাগে, সেদিকে লক্ষ রাখতে হবে। ছয়জনের মৃত্যু: আমাদের ফরিদপুর প্রতিনিধি জানান, জেলায় ঠান্ডাজনিত রোগে দুজন মারা গেছে। তীব্র শীতে মানুষ প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হওয়া বন্ধ করে দিয়েছে। ভাঙ্গা পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র জগদীশচন্দ্র মালো জানান, রোববার দুপুর একটার দিকে পূর্ব হাসামদিয়া গ্রামের কৃষক আ. রশিদ (৬০) জমিতে কাজ করার সময় মারা যান। চরভদ্রাসন উপজেলার সদর ইউনিয়নের গাজীরটেক ইউনিয়নের ইউপি সদস্য আব্দুল কুদ্দুস জানান, জয়দেব সরকারেরডাঙ্গী গ্রামের বৃদ্ধ রাম কিশোরী সরকার (৬২) হাঁপানিতে আক্রান্ত হয়ে গতকাল ফরিদপুর ডায়াবেটিক হাসপাতালে মারা যান।নীলফামারী প্রতিনিধি জানান, প্রচণ্ড শীতে নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে ডিমলা ও ডোমারে তিনজন মারা গেছে। সোমবার ভোরে নীলফামারীর ডোমারের জোড়াবাড়ী ইউনিয়নের হলহলিয়া গ্রামে শ্বাসকষ্টে খতিরন বেওয়া (৮০) মারা যান। ডিমলার বালাপাড়া ইউনিয়নের নিজ সুন্দর খাতা গ্রামের জাবেদা বেগম (৯৫) এবং একই গ্রামের আকবর আলীর শিশুকন্যা (২) মনি নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে যারা যায়। কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি জানান, রোববার রাতে ঠান্ডাজনিত রোগে ফরিদপুরের পাঙ্গাশিয়া গ্রামের আফতাবউদ্দিন হাওলাদার (১০৫) মারা গেছেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে।