হাসপাতালে সুস্থ হয়ে উঠছেন বিজিবির সদস্য লুত্ফর
কুমিল্লায় ভারতীয় সীমান্তবর্তী দলকুঁইয়া গ্রাম থেকে ধরে নিয়ে যাওয়া বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্য হাবিলদার লুত্ফর রহমানের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। বিজিবি সূত্র এ কথা জানিয়েছে।বিজিবির জনসংযোগ কর্মকর্তা মহসীন রেজা আজ শনিবার সকালে প্রথম আলো অনলাইনকে বলেন, গতকাল শুক্রবার রাত তিনটার দিকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) বাংলাদেশের আখাউড়া সীমান্ত ফাঁড়ি দিয়ে লুত্ফরকে বিজিবির কাছে হস্তান্তর করেছে।এদিকে ব্রাহ্মণবাড়িয়া বিজিবি-১২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোস্তাফিজুর রহমান আজ সকালে বিষয়টি নিশ্চিত করে বলেন, হাবিলদার লুত্ফর শারীরিকভাবে অসুস্থ। তাঁকে ঢাকায় পাঠিয়ে দেওয়া হয়েছে। ঢাকায় বিজিবি সদর দপ্তর হাসপাতালে তাঁকে চিকিত্সা দেওয়া হচ্ছে। বিকেল সাড়ে চারটায় পাওয়া শেষ খবরে জানা যায়, তিনি সুস্থ হয়ে উঠছেন।গতকাল কুমিল্লার দলকুঁইয়া গ্রামে বিজিবির সঙ্গে ভারতীয় চোরাকারবারিদের সংঘর্ষ হয়। এতে ভারতীয় এক ফেনসিডিল ব্যবসায়ী ঘটনাস্থলে নিহত হন। ওই ঘটনার জেরে চোরাকারবারিরা বিজিবির হাবিলদার লুত্ফরকে ভারতীয় ভূখণ্ডে ধরে নিয়ে যায়।