হাসপাতালের গেটে মাইক্রোবাস স্ট্যান্ড
‘হাসপাতালের অভ্যন্তরে রিকশা, মোটরসাইকেল, কার, মাইক্রোবাস প্রবেশ ও পার্কিং সম্পূর্ণ নিষেধ—আদেশক্রমে কর্তৃপক্ষ।’ পাবনা জেনারেল হাসপাতালে ঢুকতে প্রথমেই এই সাইনবোর্ডটি চোখে পড়ে। কিন্তু বাস্তব পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন। পুরো হাসপাতাল এলাকাই যেন মাইক্রোবাসের স্ট্যান্ড। প্রতিনিয়ত হাসপাতাল চত্বরে ১০ থেকে ১৫টি মাইক্রোবাস দাঁড়িয়ে থাকে। এসব মাইক্রোবাসের চালকেরা থাকেন হাসপাতালের জরুরি বিভাগের গেটে। অপেক্ষায় থাকেন কখন কোন রোগীকে রাজশাহী মেডিকেল বা ঢাকায় রেফার্ড করা হবে। অনেক সময় বেশি অসুস্থ রোগী দেখলে মাইক্রোবাসের চালকেরা রোগীর পেছন পেছন ছুটতে থাকেন। কে রোগী নেবেন তা নিয়ে শুরু হয় প্রতিযোগিতা। এই মাইক্রোবাসের চালক চক্রটি অনেক সময় গ্রামের সহজ-সরল রোগীদের অজ্ঞতাকে পুঁজি করে দিগুণ, তিনগুণ ভাড়া নেয় বলেও অভিযোগ রয়েছে।মো. আছালত শেখ নামের এক ব্যক্তি জানান, গুরুতর অসুস্থ অবস্থায় তিনি তাঁর ভাতিজাকে নিয়ে পাবনা জেনারেল হাসপাতালে এসেছিলেন। এখানকার চিকিৎসকেরা রোগীর অবস্থার অবনতি দেখে ঢাকায় নেওয়ার পরামর্শ দেন। মুহূর্তেই বিষয়টি মাইক্রোবাসের চালকদের মধ্যে ছড়িয়ে পড়ে। তারপর ১৫ থেকে ২০ জন এসে তাঁদের ঘিরে ধরেন। পরে তাঁর এক আত্মীয় ড্রাইভারদের কবল থেকে তাঁদের উদ্ধার করে একটি অ্যাম্বুলেন্স ঠিক করে দেন।হাসপাতাল গেটের মাইক্রোবাসচালক শফিকুল ইসলাম সব দোষ স্বীকার করে বলেন, রোগীর তুলনায় হাসপাতালের গেটে মাইক্রোবাস বেশি থাকায় এ ধরনের ঘটনা মাঝেমধ্যে ঘটে। হাসপাতালে অ্যাম্বুলেন্স থাকলে এমনটি ঘটত না।