হাসপাতালের নড়বড়ে লিফট!
নগর ও নগরের বাইরের রোগীদের প্রধান চিকিৎসাস্থল বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতাল এবং স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতাল। এগুলোর উঁচুতলায় উঠতে রোগী ও দর্শনার্থীদের বেশ বেগ পেতে হয়। কারণ, কোনো কোনো লিফটে রয়েছে যান্ত্রিক ত্রুটি। বেশির ভাগ লিফটের নির্দেশক কাজ করছে না। অকেজো হয়ে পড়েছে বাটন। নগরের প্রধান তিনটি সরকারি হাসপাতালের লিফট-সেবার চিত্র তুলে ধরেছেন তানজিল আহমদ। ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালঝুঁকি নিয়ে ওঠানামা‘রাত সাড়ে তিনটায় লিফটের সামনে গিয়ে দেখি লিফট নেই। লিফটের জায়গা ফাঁকা আর সামনে কেচি গেট লাগানো। অথচ ট্রলিতে রোগী কাতরাচ্ছে। কিছুক্ষণ চেঁচামেচি করার পর একজন এসে বললেন, আসেন লিফট নিয়া যান। তাঁর সঙ্গে একজন দোতলায় গিয়ে লিফটি নিচতলায় নিয়ে আসেন। কিন্তু লিফটের অবস্থা দেখে রোগী উঠতে চাচ্ছেন না। কখন আবার ছিঁড়ে পড়ে যায় এই ভয়ে। কোনো রকম লিফটে উঠলাম। লিফট চালু করতে গিয়ে বাধল আরেক বিপত্তি। যিনি সঙ্গে এসেছেন, তিনি দেখিয়ে দিলেন, বাটনে চাপ দেওয়ার আগে পাশে থাকা তার দুটি সংযোগ দিতে হবে। এরপর বাটনে চাপ দিয়ে ধরে রাখতে হবে। গুনে গুনে তিনতলায় ওঠার পর বাটন থেকে আঙুল সরাতে হবে। তার কথামতো তিনতলায় উঠে বাটন ছাড়তে ছাড়তেই মেঝে থেকে আধ হাত ওপরে গিয়ে থেমে যায় লিফট। তখন ট্রলিটি উঁচু করে নামাতে হয় মেঝেতে।’ এভাবেই বলছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিয়াউর রহমান হলের শিক্ষার্থী তাজুল ইসলাম। ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালের বহির্বিভাগের একমাত্র লিফটে রোগী নিয়ে দুর্ভোগে পড়েছিলেন তিনি।সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালে লিফট রয়েছে আটটি। এর মধ্যে কলাপসিবল গেট আছে একটিতে। এখানকার তিনটি লিফট সকাল নয়টা থেকে বেলা তিনটা পর্যন্ত চালু থাকে। হাসপাতালের একটি লিফট অকেজো। চালু লিফটগুলোর বেশির ভাগেই নির্দেশক কাজ করে না। সব লিফটের জন্য লিফটম্যান রয়েছে। কিন্তু একাধিক দিন দুপুরে ও বিকেলে গিয়ে কোনো লিফটম্যানকেই খুঁজে পাওয়া যায়নি। তবে গণপূর্ত অধিদপ্তরের (পিডব্লিউডি) উপবিভাগ-৭-এর উপসহকারী প্রকৌশলী (ইলেকট্রিক্যালও মেকানিক্যাল) রকিবুল হাসান দাবি করেন, লিফটম্যানরা সকাল থেকে বেলা তিনটা পর্যন্ত থাকেন। এ ছাড়া বহির্বিভাগের লিফটে বৃহস্পতি ও শুক্রবার সারা দিন লিফটম্যান উপস্থিত থাকেন। মাঝেমধ্যে লিফটে যান্ত্রিক ত্রুটির কারণে সমস্যা হলেও তা দ্রুত ঠিক করা হয়।খোঁজ নিয়ে জানা গেছে, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বহির্বিভাগের লিফটটি অনেক পুরোনো। অভিযোগ রয়েছে, এটি মাঝেমধ্যে মাঝপথে থেমে যায়। বিপজ্জনক এই লিফট চালাতে সব সময়ই লিফটম্যান প্রয়োজন। অথচ লিফটম্যানকে খুঁজেও পাওয়া যায় না।লিফট-সেবার বেহাল প্রসঙ্গে ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শহীদুল হক মল্লিক দাবি করেন, তাঁদের এখানকার সব লিফটই সচল রয়েছে। হাসপাতালের নিয়মানুযায়ী লিফটগুলো ব্যবহার করা হয়। মিটফোর্ড হাসপাতাললিফট কাদের জন্যজনা বিশেক লোকের জটলা। সবাই অপেক্ষা করছেন লিফটের জন্য। এর মধ্যে ট্রলিতে শুয়ে থাকা রোগী নিয়ে দাঁড়িয়ে আছেন দুজন লোক। কিছুক্ষণ অপেক্ষা করে ট্রলি নিয়ে তাঁরা গেলেন র্যাম্পের দিকে। কেননা রোগীর চিকিৎসা নিশ্চিত করতে লিফটের জন্যে আর অপেক্ষায় থাকতে পারছিলেন না তাঁরা। কয়েক দিন আগে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতালের ১১ তলা ভবনের নিচতলার ৫ নম্বর লিফটের সামনে এই চিত্র দেখা গেল।অনুসন্ধানে জানা যায়, হাসপাতালের ১১ তলা ভবনটিতে পাঁচটি লিফট থাকলেও তিনটি দুপুরের পর বন্ধ থাকে। এ কারণে রোগীর আত্মীয়, কর্মচারীসহ সবাইকে চালু থাকা দুটি লিফটে ওঠানামা করতে হয়। এতে যেমন লিফটে অতিরিক্ত চাপ পড়ছে, তেমনই দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকতে হচ্ছে সবাইকে। কদমতলী থেকে আসা হোমায়রা বানু নামের একজন বলেন, ‘অনেক সময়ই লিফট নামতে দেরি হয় দেইখা রোগীকে সিঁড়ি দিয়ে ওপরে তুলতে হয়।’ এ জন্য হাসপাতালে আগত দর্শনার্থীরা সব লিফট সব সময় চালু রাখার দাবি করেন।ভবনটিতে নতুন লিফট রয়েছে একটি। এখানে একটি লিফটের নির্দেশক কাজ করছে। এটি ছাড়া অন্যগুলোর বাইরের বাটন ও নিদের্শক নেই। একজন লিফটম্যান দাবি করেন, এখানকার সব লিফট ভালো আছে। সকাল নয়টা থেকে বেলা তিনটা পর্যন্ত পাঁচটি লিফটই চালু থাকে। সন্ধ্যা পর্যন্ত তিনটি আর রাতের বেলায় দুটি লিফট চালু থাকে।এদিকে মিটফোর্ড হাসপাতালের কিং এডওয়ার্ড ভবনে পুরোনো একটি লিফট রয়েছে। এর সামনে কেচি গেট লাগানো। এটি চালাতে সার্বক্ষণিক লিফটম্যান প্রয়োজন হলেও তাঁকে দেখা যায়নি। অবশ্য রোগী ও আত্মীয়রা হেঁটেই ওঠানামা করছেন। বহির্বিভাগে দুটি লিফট থাকলেও একটা বন্ধ থাকতে দেখা গেছে। তবে দুটি লিফট ভালো আছে বলে জানান এখানকার একজন সেবিকা।পুরোনো লিফটগুলোর আধুনিকায়ন করা হবে কি না, জানতে চাইলে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম ফরিদুজ্জামান জানান, এসব লিফট অনেক আগের হলেও কোনো সমস্যা হচ্ছে না। সব কটি লিফটই চালু আছে। আরও একটি ১৬ তলা ভবন হতে যাচ্ছে। সেখানে আধুনিক লিফট বসানো হবে।বিকেল বেলায় সব লিফট চালু রাখার ব্যাপারে তিনি বলেন, ‘হাসপাতালে রোগীর কাছে দর্শনার্থী কম আসাই ভালো। সব লিফট চালু করলে দর্শনার্থী অনেক বেড়ে যাবে। এ ছাড়া ইচ্ছা করলেও আমরা তা চালু করতে পারছি না, কারণ পর্যাপ্ত লিফটম্যান নেই এখানে। লিফটম্যান নিয়োগ করতে হলে পিডব্লিউডিকে উদ্যোগ নিতে হবে। কারণ তারাই লিফট পরিচালনা করে থাকে।’ কিং এডওয়ার্ড ভবনে নতুন লিফট বসানোর কোনো সুযোগ নেই বলে জানান তিনি। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়লিফটের রোগ সারাবে কে?বারবার লিফটের বাটন চাপছেন রোকেয়া আক্তার। কিন্তু কোনো কাজ হচ্ছে না। বাটনটি নষ্ট থাকায় নির্দেশ মানছে না লিফট। রোকেয়া অষ্টম তলায় অপেক্ষা করছিলেন লিফটের জন্য। এরই মধ্যে লিফট নিচতলা থেকে ছয়তলা পর্যন্ত কয়েকবার ওঠানামা করেছে। বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে লিফট না আসায় সিঁড়ি বেয়ে নামতে শুরু করেন তিনি। এটি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সি-ব্লকের দর্শনার্থীদের জন্য চালু থাকা লিফট-সেবার চিত্র।খোঁজ নিয়ে জানা গেছে, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে লিফট রয়েছে ১৮টি। এর মধ্যে ডি-ব্লকের ১৬ তলা ভবনে আছে চারটি লিফট। যার মধ্যে মাস চারেক ধরে একটি লিফট বিকল। সি-ব্লকের ১১ তলা ভবনে রয়েছে চারটি লিফট। যার দুটি অকেজো রয়েছে ছয় মাস ধরে। বাকি দুটি লিফটের একটি দিয়ে শুধু চিকিৎসকেরা ওঠানামা করেন—তা কেবল সকাল নয়টা থেকে বেলা দুইটা পর্যন্ত খোলা থাকে।বেলা দুইটার পর সি-ব্লকে চিকিৎসক, সেবিকা, কর্মচারী, রোগী ও দর্শনার্থীদের জন্য একটি লিফট চালু থাকে। এ জন্য লিফটের সামনে ভিড় জমে যায়। রোগীদেরও দীর্ঘ সময় অপেক্ষা করতে হয় বলে জানা গেছে। প্রতিদিন অনেক লোক ওঠানামা করায় এই লিফটও ঝুঁকির মধ্যে রয়েছে বলে আশঙ্কার কথা জানালেন হাসপাতালের একজন নিরাপত্তাকর্মী।এদিকে, সি ও ডি-ব্লকের সচল লিফটগুলোর বাইরের বাটন কাজ করছে না। ভেতর থেকে কেউ না নামলে সেগুলোয় ওঠা যায় না। অনেকে লিফটের আশা বাদ দিয়ে সিঁড়ি দিয়ে ওঠানামা করেন। সি-ব্লকের সব তলায় লিফট থামে না। হাসপাতালের বহির্বিভাগের নতুন দুটি লিফটের একটিতে মাঝেমধ্যে যান্ত্রিক ত্রুটি দেখা দেয় বলে জানান নাম প্রকাশ না করার শর্তে একজন লিফটম্যান।অচল লিফটগুলো সচল করা হচ্ছে না কেন—জানতে চাইলে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পরিচালক (হাসপাতাল) ব্রিগেডিয়ার জেনারেল আবদুল মজিদ ভূঁইয়া জানান, সি-ব্লকের অকেজো লিফট দুটির জায়গায় নতুন করে লিফট বসানো হচ্ছে। এরই মধ্যে দরপত্র-প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।লিফটের বাটন কাজ না করার প্রসঙ্গে তিনি জানান, প্রতিদিন হাজার হাজার লোক ওঠানামা করছে। লিফটের ওপর চাপ বাড়ছে। তাই কোনো কোনো লিফটে এ রকম হচ্ছে।