হাসপাতালের ফটক বন্ধ ও এক নবজাতকের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান ফটক তালাবদ্ধ থাকায় বাইরেই সন্তান প্রসব করতে বাধ্য হন এক মা। কিছুক্ষণের মধ্যে নবজাতকের মৃত্যু হয়। অভিযোগ উঠেছে, চিকিৎসকসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের অবহেলার কারণে নবজাতকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় ক্ষুব্ধ জনতা স্বাস্থ্য কমপ্লেক্স ভবনের কয়েকটি দরজা ও জানালার কাচ ভাঙচুর করে। গতকাল রোববার সকাল সাড়ে নয়টার দিকে এ ঘটনা ঘটে। প্রসূতির স্বজনেরা জানান, গতকাল সকাল নয়টার দিকে উপজেলার দৌলতখালী চৌহর্দীমাঠ গ্রামের মো. টিপুর স্ত্রী মমতা খাতুনের প্রসববেদনা ওঠে। কয়েকজন স্বজনকে সঙ্গে নিয়ে টিপু তাঁর স্ত্রীকে নিয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে যান। সেখানে গিয়ে তাঁরা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান ফটক তালাবদ্ধ দেখতে পান। মমতা প্রসবযন্ত্রণায় কাতর হলে স্বাস্থ্যকেন্দ্রের ভেতরে চিকিৎসকদের খবর দেওয়া হয়। কিন্তু কেউ মমতাকে দেখতে আসেননি। স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, স্বাস্থ্য অধিদপ্তরের খুলনা বিভাগীয় পরিচালক আবদুস সালাম মিয়া গতকাল ওই হাসপাতাল পরিদর্শন করেন। এ কারণে তাঁর উপস্থিতির আগে মূল ফটকে তালা দিয়ে হাসপাতাল পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ চলছিল।প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, রোগীর সেবা বাদ দিয়ে হাসপাতালের পরিচ্ছন্নতা নিয়ে কর্মকর্তা-কর্মচারীরা এত ব্যস্ত ছিলেন যে প্রসূতির সেবায় কেউ এগিয়ে আসেননি। একপর্যায়ে ফটকের সামনেই সন্তান প্রসব করেন মমতা। এর পর তড়িঘড়ি করে প্রসূতিকে হাসপাতালের ভেতরে নিয়ে যাওয়া হয়। মমতার স্বজনদের দাবি, হাসপাতালের ভেতরে নেওয়ার আগেই নবজাতকের মৃত্যু হয়।এ ঘটনায় মমতার স্বজন ও উপস্থিত লোকজন ক্ষুব্ধ হয়ে ওঠে। তারা স্বাস্থ্যকেন্দ্রের বিভিন্ন কক্ষের দরজা-জানালা ভাঙচুর শুরু করে।ঠিক সেই মুহূর্তে বিভাগীয় পরিচালক আবদুস সালাম মিয়া ও কুষ্টিয়ার সিভিল সার্জন তরুণ কান্তি হালদার ঘটনাস্থলে উপস্থিত হন। পরিচালক বিষয়টি তদন্তের আশ্বাস দিলে জনতা শান্ত হয়।তরুণ কান্তি হালদার চিকিৎসকদের অবহেলার বিষয়টি অস্বীকার করে প্রথম আলোকে বলেন, ‘স্বাস্থ্যকেন্দ্র পরিচ্ছন্নতার কাজ করার কারণে ওই প্রসূতি প্রধান ফটকের বাইরে সন্তান প্রসব করেন। কিন্তু প্রসূতি তাঁর বাড়িতে অদক্ষ ধাই দিয়ে আগেই সন্তানের সমস্যা সৃষ্টি করেন। এ কারণে সেবা দিয়েও নবজাতককে বাঁচানো যায়নি।’ স্বাস্থ্য অধিদপ্তরের খুলনা বিভাগীয় পরিচালক আবদুস সালাম মিয়া মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘ওই প্রসূতির এক স্বজন আমার কাছে অভিযোগ করেছেন। আমি সিভিল সার্জনকে তদন্ত কমিটি গঠন করে প্রতিবেদন দিতে বলেছি।’ এ প্রসঙ্গে সিভিল সার্জন জানান, তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করে তিন দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। একই সঙ্গে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কর্মকর্তা আবু সালেহ আহমেদকে কৈফিয়ত তলব করা হয়েছে। দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান জানান, এ ঘটনায় কেউ অভিযোগ করেননি।