হাসপাতালের বারান্দায় মুমূর্ষু বৃদ্ধা
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ৫-৬ নম্বর মেডিসিন ওয়ার্ডের বারান্দায় পড়ে রয়েছেন প্রায় সংজ্ঞাহীন এক বৃদ্ধা। গতকাল শনিবার দুপুর ১২টা থেকে আজ রোববার বেলা তিনটায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত অচেতনভাবে পড়ে রয়েছেন তিনি। বৃদ্ধা কথা বলার মতো অবস্থায় নেই। ডাকলেও সাড়া দেন না। গায়ে শতছিন্ন একটি কাঁথা। মুখের কাছে কেউ হয়তো দয়া করে একটি পাউরুটি রেখে গেছে। কিন্তু তা খাওয়ার মতো শক্তি বা সামর্থ্য কোনোটাই নেই তাঁর। প্রায় ২৭ ঘণ্টা ধরে হাসপাতালের বারান্দায় শুয়ে থাকলেও কোনো চিকিৎসক তাঁকে পরীক্ষা করে দেখেননি। এ ব্যাপারে আজ রোববার সকাল সাড়ে নয়টার দিকে আমাদের খুলনা প্রতিনিধি কথা বলেন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক চিকিৎসক পরিতোষ কুণ্ডুর সঙ্গে। জানতে চান, এই অসহায় রোগীটির কোনো ব্যবস্থা হাসপাতাল কর্তৃপক্ষ করতে পারে কি না?চিকিৎসক পরিতোষ কুণ্ডু বলেন, ওই রোগীর ব্যাপারে কেউ কোনো খোঁজ নেয়নি। কে বা কারা তাঁকে ফেলে রেখে গেছে। তিনি ব্যবস্থা নেবেন বলে আশ্বাস দেন। চিকিৎসক সকাল সাড়ে নয়টার দিকে আশ্বাস দিলেও বেলা তিনটার দিকে এই প্রতিবেদন লেখা পর্যন্ত অসহায় বৃদ্ধাটি হাসপাতালের বারান্দাতেই পড়ে আছেন বলে জানা গেছে। নাম প্রকাশে অনিচ্ছুক হাসপাতালের এক নিরাপত্তাকর্মী বলেন, কোনো চিকিৎসক অসুস্থ বৃদ্ধার কাছে যাননি।