হাসান, আপনাকে মনে পড়ে
বায়ান্নর একুশে ফেব্রুয়ারি, তার এক বছর পূর্তি উপলক্ষে ওই তারিখ শিরোনামেই হাসান হাফিজুর রহমানের সম্পাদনায় একুশের পথিকৃত্ সংকলনটি বেরোয়। তবে ঠিক ২১ ফেব্রুয়ারি তারিখেই নয়, বইটি বেরিয়ে ছিল মার্চের শেষ দিকে, যদ্দুর মনে পড়ে ২৫ কি ২৬ তারিখে। সেটাও ইতিহাসের নাটকের দিক থেকে চোখে পড়ার মতো, ১৮ বছর পরে মার্চের ওই ২৫-২৬ মধ্যরাতেই বঙ্গবন্ধু বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন! কী আশ্চর্য সূত্রেই না হাসানের সংকলন ও এর প্রকাশকালের সঙ্গে মিলে যায় বায়ান্ন আর একাত্তর, ভাষা আন্দোলন আর মুক্তিযুদ্ধ।মনে পড়ে, ফেব্রুয়ারির ২১ তারিখেই বইটি বের করার খুব ইচ্ছে ছিল হাসানের, আর এর প্রকাশক মোহাম্মদ সুলতানের। সুলতান ভাই ছিলেন রাজনীতির মানুষ, ওই কালে তিনি পুঁথিপত্র নামে একটা বইয়ের দোকান দিয়েছিলেন। দোকানটা ছিল ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারের ঠিক পশ্চিম দিকে, রাস্তার ওপারে, একটা টিন ছাপরা ঘরে। দোকানে বই, আলমারির পেছনে সরু এক চিলতে জায়গা, সেখানে চৌকি, সুলতান ভাইয়ের বসবাসও ছিল ওখানেই। সামনের রাস্তায় রাতে কয়েকটা বাস এসে ঝিমোত। হাসানের তখন থাকার নির্দিষ্ট কোনো ঠিকানা নেই। মাঝেমধ্যে তিনি সে বাসগুলোর একটায় ফাঁকা সিটে লম্বা হয়ে রাতের ঘুম বহুদিন ঘুমিয়েছেন।একুশে ফেব্রুয়ারী সংকলনটি বেরোতে মাস খানেকের দেরি হয়েছিল প্রেসে ছাপার টাকা পুরো শোধ করা যায়নি বলে। প্রকাশক হিসেবে মোহাম্মদ সুলতানের নাম ছাপা হলেও হাসানেরই পুরো টাকায় সংকলন, আর সে টাকার জন্য হাসানকে তাঁর দেশের বাড়িতে গিয়ে পারিবারিক মাঠের উত্পন্ন পাট বিক্রি করতে হয়—পিতার আড়ালে কিন্তু মায়ের গোপন অনুমোদনে। আর দ্বিতীয়বার ওই রকম একটা প্রয়োজনীয় চৌর্যের জন্য তাঁকে আবার যেতে হয় প্রেসের বিল শোধ করার জন্য। সেবার পিতার অলক্ষ্যে পাট বিক্রিটা বোধ হয় তত্ক্ষণাত্ করা যায়নি, সুযোগটা ঠিক হচ্ছিল না, দেরিটা সেই কারণেই।আমি তখন বিজ্ঞান কিছুকাল পড়ে, বাড়ি পালিয়ে, ফিরে এসে, বছর দুয়েকের লঙ্ঘন, পরে আবার জগন্নাথ কলেজে ভর্তি হয়েছি মানবিক শাখায়। কিন্তু ক্লাস তেমন করি না। মাথার ভেতরে তখন লেখা আর লেখা। লেখক হব, এই উচ্চাশায়, কিছু কিছু ছাপাও হচ্ছে, তাই কলেজের পড়াশোনায় চলছে দারুণ অবহেলা। নিয়মিত যে ক্লাসটা করি, তা কেবল বিশ্ব-ইতিহাসের। শিক্ষক দুজন ছিলেন এখনকার প্রণম্য ইতিহাসবিদ তখন তরুণ সালাহউদ্দিন আহমদ আর সাবেক তত্ত্বাবধায়ক সরকারের প্রধান ও লেখক, তখন কী তরুণ, মুহাম্মদ হাবিবুর রহমান। ইতিহাসের প্রতি আমার আকর্ষণ ও চোখটা খুলে দেন ওঁরাই। ওঁদেরই কাছে পাঠ পাই—ইতিহাস অতীতের গল্পকথা নয়, ইতিহাস অন্তঃশীল ও প্রবহমান, বর্তমানটা দাঁড়িয়ে আছে ইতিহাসের ওপর দাঁড়িয়ে এবং অপেক্ষায় আছে আমাদেরই দ্যোতনা ও প্রেরণায় ভবিষ্যত্ রূপ নেওয়ার জন্য।ক্লাস করি না, কিন্তু কলেজ চত্বর থেকে খুব দূরেও থাকি না। জগন্নাথ কলেজের পেছনের গেট ওপারেই পাটুয়াটুলী, পোশাকি নাম রয়্যাল স্ট্রিট। গেট পেরোলেই নাসিরউদ্দীন সাহেবের সওগাত প্রেস। প্রেসের সমুখে একফালি খালি জায়গা, একটা ডালিমগাছ, তার পাশে নাসিরউদ্দীন সাহেবের গাড়ি। নিজেই তিনি দয়াগঞ্জ থেকে হালকা সবুজ ছোট্ট গাড়িটা চালিয়ে আসেন সকাল নয়টার মধ্যেই। সন্ধ্যারও অনেক পরে ফিরে যান। কলকাতা থেকে চলে আসার পর তখনো তিনি বন্ধ হয়ে যাওয়া সওগাত আবার বের করবেন ভাবছেন না, আর কিছুদিনের মধ্যে সেটাও বেরোবে; তবে তিনি মহিলাদের সাপ্তাহিক বেগম পত্রিকাটির প্রকাশ বন্ধ রাখেননি। আর এই বেগম-এর সম্পাদকীয় দায়িত্ব তিনি দিয়েছিলেন সেদিনের তরুণ কবি হাসান হাফিজুর রহমানকে।হাসান বসতেন নাসিরউদ্দীন সাহেবের ঘরের পাশেই আর একটা বড় ঘরে, রিম রিম কাগজের স্তূপে ঘরটাকে গুদামঘরই বলা যায়। একটা টেবিল আর কয়েকটা চেয়ার। ওই টেবিলে কাজ করেন হাসান। আর ঘরটা বেশ বড় ছিল বলে, আর প্রগতিশীল তরুণদের প্রতি নাসিরউদ্দীন সাহেবের চিরকালের সমর্থন ও বাস্তবিক সহায়তা প্রদানের মানসিকতার কারণে, ওই গুদামঘরেই পাকিস্তান সাহিত্য সংসদের পাক্ষিক আসর বসত। সে আসরে তো যেতামই, সে কেবল ১৫ দিনে একদিন এক সন্ধ্যা, বাকি ১৪টা দিন? বাকি দিনগুলোতেও সকাল-দুপুর-সন্ধ্যায় যেতাম—হাসান হাফিজুর রহমানের কারণে। তাঁকে ঘিরে তখনকার প্রায় সব তরুণ লেখকেরই একটা ঘন আড্ডা দিনভর চলত সওগাত প্রেসের ওই ঘরে। শামসুর রাহমান, সাইয়িদ আতীকুল্লাহ্, ফজলে লোহানী, আলাউদ্দিন আল আজাদ, আনিসুজ্জামান—এঁরা ছিলেন নিয়মিত, গেলেই এঁদের কাউকে না-কাউকে পেতাম। ওঁদের কথা শুনতাম কান পেতে। নীরব শ্রোতাই ছিলাম আমি। আমি যে কলম হাতে নিয়েছি সদ্য, আমি যে কলেজের একটা দুটো ক্লাস করেই হাজির হতাম, আড্ডার প্রান্তে বসতাম, সে কেবল ওঁদের মনোযোগের আশায়, বন্ধুত্বের সাঁকো রচনার প্রত্যাশায়।তখন পর্যন্ত প্রায় কিছু না লিখেই হাসানের বন্ধুত্ব আমি প্রথম পাই। পেছনের দিকে তাকিয়ে এখন আমার অবাকই লাগে যে তিনি তখনই আমাকে এতটা গুরুত্ব দিয়েছিলেন যে একুশে ফেব্রুয়ারি সংকলনটির জন্য লেখক তালিকায় আমাকেও রাখেন। ওই সংকলনটির সব কাজ—লেখা চাওয়া, লেখা আনা, পরে পরে লেখাগুলো সাজানো, প্রুফ দেখা, আমিনুল ইসলামকে দিয়ে প্রচ্ছদ করানো, মুর্তজা বশীরকে দিয়ে স্কেচ করানো—সবই হাসান করেছিলেন সওগাত-এর ওই ঘরটিতে বসে, সাপ্তাহিক বেগম-এর জন্য সম্পাদকীয় সব দায়িত্ব, এমনকি প্রুফ দেখা পর্যন্ত সারার ফাঁকে ফাঁকে।সংকলন করার প্রেরণা আর সম্পন্ন করার অভিজ্ঞতা সেই প্রথম নয়। আজ আমরা ভুলে গিয়েছি, একুশের সংকলনের আগে তিনি আরও একটি সংকলন করেছিলেন; যার গুরুত্ব আমাদের ইতিহাসে কোনো অংশে কম নয়। দাঙ্গার পাঁচটি গল্প! কালো নরম মলাটে ট্রেডল মেশিনে ছাপা সেই সংকলনটির কথা আজও মনে পড়ে আমার। ১৯৫০ সালের ফেব্রুয়ারি মাসে ঢাকায় হিন্দু-মুসলমান দাঙ্গা হয়েছিল—পাকিস্তানি প্রয়োজন ও প্ররোচনাতেই। সরকারি প্রয়োজনটা ছিল, হিন্দুদের ভয় দেখিয়ে দেশছাড়া করা, মোহাজেরদের জন্য জায়গা করে দেওয়া। হাসান এই দুষ্ট চক্রান্তটি ঠিকই টের পেয়েছিলেন, আর তখনই ভেবেছিলেন দাঙ্গার মূলে যে মানবতার হত্যা, সেইটে তিনি গল্পের একটি সংকলন করে প্রকাশ করবেন।সংকলনটি ছাপা হয়েছিল শামসুর রাহমানের পিতার ইউনিভার্সাল প্রেসে। লায়ন সিনেমার গলিতে ছিল সেই প্রেস, শামসুর রাহমানের আদি ঠিকানা ৩০ নম্বর আশেক লেনে। কবিপুত্রের বন্ধু আরেক কবি করছেন সংকলন, জনাব লুত্ফর রহমান স্নেহবশতই সংকলনটির প্রেস খরচ বাকিতেই সেরে দিয়েছিলেন। সেবার বোধ হয় হাসান তাঁর পিতৃভান্ডারে চৌর্যকাজটি সফলভাবে করতে পারেননি, প্রেসের দায়ও তাই মেটাতে পারেননি। একসময় লুত্ফর সাহেব হাসানকে মাফই করে দেন, কিন্তু মুখের খোঁচা থেকে রেহাই দেন না! হাসানকে সেই থেকে তিনি মিষ্টি করে ‘চোরাটা’ বলে উল্লেখ করতে থাকেন, এ আমার নিজের কানেই শোনা। শামসুর রাহমানের সঙ্গে দেখা করে চলে যাওয়ার পর পুত্রকে তিনি রসিকতা করে বলতেন, চোরাটা আইছিল মনে হয়! আজ মনে হয়, সাম্প্রদায়িকতার বিষ যখন কোনো কোনো রাজনৈতিক দল ছড়িয়ে দিচ্ছে আরও একবার, এখনই দরকার হাসানের সেই দাঙ্গার গল্প সংকলনটিও নতুন করে প্রকাশ করা।একুশের সংকলন, হাসানের ঐতিহাসিক সেই সংকলন—একুশে ফেব্রুয়ারী। হাসান নিজে লিখছেন একুশের ওপর তাঁর সেই মৃত্যুহীন কবিতাটি, যার শেষ দিকে তিনি উচ্চারণ করছেন—এখানে আমরা ফেরাউনের আয়ুর শেষ কটি বছরের ঔদ্ধত্যের মুখোমুখি! কী সত্য এই উচ্চারণ! কবিই যে ভবিষ্যদ্রষ্টা, তারই এক সাক্ষ্য এই কথাটি। সত্যিই তো, ফেরাউনের পতন যে অচিরেই, আর মাত্র ১৮ বছর পরেই হবে, কবি ছাড়া, হাসান ছাড়া আর কে এমন দেখতে ও বলতে পারতেন?আর, আবু জাফর ওবায়দুল্লাহ্। তিনি থাকতেন লক্ষ্মীবাজারে, আমিও—কয়েকটা বাড়ি পরেই, তাই প্রায়ই আমরা একসঙ্গেই বেরোতাম সাহিত্যিক হানা দিতে শহরে। সংকলনের প্রস্তুতিকালে একদিন আমরা এলাম সওগাত-এ, হাসানের কাছে ওবায়দুল্লাহ্ কবিতা দেবেন জানতাম, কিন্তু কী কবিতা তখনো জানি না।বেলা তখন দুপুর। নাসিরউদ্দীন সাহেব পাশের ঘরেই তাঁর আপিসে। তাঁর কাছে দরখাস্ত করে দুপুরের খাবারের জন্য টাকা আনা হয়েছে। ছিলেন তিনি এমন রসে দারুণ আমোদিত যে লেখকেরা যদি ক্ষুধার্ত, তবে হাসান একটা লিখিত দরখাস্ত করুক—আমরা বাংলার কতিপয় তরুণ বাণীসেবক এই দ্বিপ্রহরে ক্ষুধার্ত বিধায় ইত্যাদি ইত্যাদি তবে তিনি টাকা মঞ্জুর করবেন। দরখাস্ত তিনি ফেরতও পাঠাতেন নোট লিখে—ক্ষুধার্ত, কিন্তু কয়জন? লিখে পাঠানো হতো—এত জন। আবার ফেরত আসত দরখাস্ত, কারণ আমরা ধূমপান বাবদ টাকাও চেয়েছি—বাজে খরচ আট আনা দেখিয়ে। তিনি জানতে চাইতেন, বাজে খরচটা কী? বিশদ লেখো! তাঁর পিয়ন রওশনের মুখেই উত্তরটা হাসান পাঠিয়ে দিত—আপনাকে বলা যাবে না! ফেরত হাতেই কিন্তু রওশন হাসতে হাসতে টাকাটা নিয়ে আসত—বাজে খরচের ওই আট আনা সমেত।সেদিন খাওয়া দাওয়া শেষে জুত্ করে সিগারেট ধরিয়ে ওবায়দুল্লাহ্ পকেট থেকে তাঁর সদ্য লেখা কবিতাটা বের করে পড়ে শোনালেন। সেই কবিতা—‘কুমড়ো ফুলে ফুলে নুয়ে পড়েছে লতাটা’। শুনে আমি খুব অবাক হলাম। প্রথমত, ওবায়দুল্লাহ্্ এত দিন পর্যন্ত তাঁর সব কবিতাই ছড়ার আঙ্গিকে লিখেছেন, এতেই তাঁর প্রসিদ্ধি; কিন্তু এ কবিতা যে নিপাট গদ্যে লেখা! এই কি তাঁর সেই অভ্যেস থেকে সরণ, যার পরিণামে আমরা বহু বছর পরে দেখে উঠব এমন অবিস্মরণীয় কবিতা—‘আমি কিংবদন্তীর কথা বলছি’, কিংবা, ‘বৃষ্টি ও সাহসী পুরুষের জন্যে প্রার্থনা’! কিন্তু তখন এসব আমার কল্পনারও বাইরে। কবিতাটি শুনে হাসান, দ্বিতীয় এই বিস্ময়টি আমার—হাসান বললেন, তুমি একটা নতুন প্রতীক দিলে আমাদের। তার পরেই বললেন, মায়ের প্রতীকটা পুরোনো, কিন্তু তুমি এতে নতুন একটা ব্যঞ্জনা এনেছ, এটা টিকে যাবে, এটাই থেকে যাবে।হাসানের কথাটা যে কত দূর সত্য ছিল, আজ বুঝতে পারি—যুদ্ধ এবং মা! আন্দোলন এবং মা! এই মায়েরই সাক্ষাত্ আমরা পাই হামিদুর রাহমান আর নভেরা আহমদের কেন্দ্রীয় শহীদ মিনার কল্পনায়—যেন ওবায়দুল্লাহ্রই সেই মা—মধ্যভাগে, সন্তানদের দুই পাশে নিয়ে, শোকে অবনত। এর মধ্যে ঝড়ের মতো ঘরে ঢুকলেন আনিসুজ্জামান। এখনকার জাঁদরেল অধ্যাপক, দেশমান্য পণ্ডিত, আনিস তখন সদ্য কৈশোর পেরোনো, বামপন্থার রাজনীতিতে আকৃষ্ট, লেখেন ছোটগল্প, ছাপায় একেবারেই এক-আধ পাতা মাপের। তিনি তাঁর শার্টের পকেট থেকে যে গল্পটি হাসানের হাতে তুলে দিলেন—শিরোনাম ‘দৃষ্টি’—মুক্তোর মতো অক্ষর, কিন্তু মাপে আর তেমনটি ছোট নয়, বেশ বড়ই, একেবারে তাঁর অভ্যেসের বাইরেই। পেছনের দিকে তাকিয়ে এখন মনে হয়, ভাষা আন্দোলনের ওপর কবিতা বা গল্প লিখতে গিয়ে ওবায়দুল্লাহ্ কি আনিস যে তাঁদের চিরাচরিত পথ থেকে সরে এসেছিলেন, এটা বিশেষভাবে লক্ষণীয় এবং গভীরে অনেক তাত্পর্যপূর্ণ।শুধু কি ওঁদেরই ওই নতুনতর কলম হাতে নেওয়া? আমার কথাটা বলি। হাসানের ওই সংকলন আমাকেও একটি নতুন কলম হাতে তুলে দেয়! বলছি। সাহিত্যপাগল আর বালকদের মতো আমিও ১২-১৩ বছর বয়স থেকেই খাতার পাতায় পদ্য নামানোর খেলায় মাতি। লিখেও উঠি খাতার পর খাতা। পদ্য আর পদ্য। ’৫০ সালে ১৪ বছর বয়সে ম্যাট্রিক পরীক্ষা দিয়ে উঠে, ঢাকা থেকে কুড়িগ্রামে দেশের বাড়িতে গিয়ে, এক মাসের মধ্যে, বেগুনি মলাটের এক পাকা খাতায়, প্রায় পৌনে দু শ পদ্য নামিয়ে সারি! কিন্তু ’৫১ সালে আমার প্রথম যে লেখাটি ফজলে লোহানি তাঁর বিখ্যাত অগত্যা পত্রিকার বিশেষ অসাধারণ সংখ্যায় ছাপেন, সেটি ছিল ছোটগল্প, তাও ঈষত্ ভিন্ন নামে। তারপর ’৫২-তে এসে সওগাত আপিসে হাসানের আড্ডায় যখন আমি, তখন গল্পটাই লিখছি কেবল, পদ্য আমার পথ নয় বলে মনে মনে ঠিকও করেছি।একুশে ফেব্রুয়ারী সংকলনটির জন্য যখন হাসান লেখক তালিকা তৈরি করছিলেন, আমার তখনকার পরিচিতি ক্রমেই, আমাকে একটি গল্প লিখতে আদেশ করেছিলেন। কিন্তু একেবারেই সদ্যোজাত লেখক বলে তিনি আমার জন্য বরাদ্দ রেখেছিলেন এক পৃষ্ঠা। মাত্রই এক পৃষ্ঠা! এক পৃষ্ঠার একটি গল্প! হয়? খুব হয়! কেন, আনিসুজ্জামান লিখছে না এক পৃষ্ঠার গল্প? বনফুলের কথা ভুলে সারা? তাঁর তো তখন এক-আধ পাতার গল্পগুলোরই জয়জয়কার। অতএব, সওগাত-এর আপিস থেকে বেরিয়ে, লক্ষ্মীবাজারের বাড়িতে এসে, বারান্দায় বেড়া ঘেরা আমার একফালি ঘরে চৌকির ওপর খাতা ফেলে এক পৃষ্ঠার মধ্যে বায়ান্নর একুশে ফেব্রুয়ারি নিয়ে গল্প ফাঁদতে আমিও লেগে যাই।দিন পরে দিন যায়। গল্প আর হয়ে ওঠে না। এক পৃষ্ঠার মধ্যে তো নয়ই। ওদিকে, প্রেসে কপি দেওয়ার দিন যত ঘনিয়ে আসে, হাসানেরও তাগিদও বাড়তে থাকে। রোজই তাঁকে কথা দিই—কালকেই! সেই আগামীকাল আর আসে না। বাড়িতে তখন বিদ্যুতের ব্যবস্থা নেই, লণ্ঠনেরই আলো। সে আলোও তেলের তলানিতে এসে প্রচুর ধোঁয়া ছেড়ে মধ্যরাতে ফুস করে নিভে যায়, যেতে থাকে, রাতের পর রাত। গল্প আর হয় না।একদিন দুপুরে কাঁচুমাচু হয়ে হাসানের কাছে গিয়েছি সওগাত-এ।—গল্প কই?—হয়নি।—হয়নি মানে?—এক পাতায় পারছি না!—পারছেন না, মানে? আমারও কাতরধ্বনি, এক পাতায় গল্প ধরানো, আমাকে দিয়ে হবে না!হাসান তখন নির্নিমেষ আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে হুংকার দিয়ে উঠলেন, গল্প না হয়, কবিতা লিখে আনুন!—কবিতা!! হাসান ধমক দিয়ে উঠলেন, কেন হবে না? যান! কালকেই আমি কবিতা চাই! নইলে বাদ পড়ে যাবেন!বলে কী! বাদ পড়ে যাব! তা কী হয়? যে একুশে ফেব্রুয়ারি আমাকে পলাতক জীবনের ইতি ঘটিয়ে বোম্বাই থেকে দেশে ফিরিয়ে এনেছে, যে একুশে ফেব্রুয়ারি আমাকে লেখক হওয়ার সত্যে স্থির প্রতিজ্ঞা দিয়েছে, যে লেখক হওয়ার জন্য এতকালের পিতৃবাধ্য আমি পিতার ইচ্ছার বিরুদ্ধে চিকিত্সক না হওয়ার জন্য চিত্কার করে উঠেছি এবং তাঁকে বাধ্য করেছি আমাকে আমার পথে চলার জন্য মুক্ত করে দিতে, সেই আমি একুশের সংকলন থেকে বাদ পড়ে যাব! হতেই পারে না!সে রাতেই আমি বসে যাই একটি কবিতা লিখতে। সওগাত থেকে অবসন্ন আমি বাড়ি-ফেরতা, রিকশায়, আমার মাথার ভেতরে গুঞ্জন করে ওঠে একটি পঙিক্ত—‘সভ্যতার মণিবন্ধে সময়ের ঘড়ি!’ হ্যাঁ, আমারই তো এ পঙিক্ত। কবিতারই কি! বায়ান্নর একুশে ফেব্রুয়ারির ভেতরে আমি সভ্যতা ও কালের যাত্রা আমি অনুভব করে উঠি। প্রায় এক বসাতেই আমি লিখে উঠি ১৮ পঙিক্তর কবিতাটি, যা একুশের সংকলন, হাসান হাফিজুর রহমান সম্পাদিত একুশে ফেব্রুয়ারিতে স্থান পায়। হাসানের হাতে যখন তুলে দিই, ভেবেছিলাম হাত লাগিয়ে তিনি কাঁচা এই রচনাটিকে ক্ষতবিক্ষত করবেন, কিন্তু না! একটি শব্দও তিনি কাটলেন না! এমনকি, পয়ারে লিখতে গিয়ে কতই না পতন ঘটেছে ছন্দের, সেটিও তাঁর তখন গণনায় এল না। আজ মনে হয়, হাসানের যে অভ্যেস ছিল গদ্যছন্দে লেখার, আমাদের মধ্যে তিনিই প্রথম গদ্যকেই যে কবিতার জন্য ব্যবহার করেন, সেই তাঁর কাছে বোধ হয় মনে হয়েছিল—এটিও পয়ারে নয়, গদ্যেই আমি লিখেছি। এখন আমার কাছে আর আমার ওই কবিতায় পয়ারের ভুলটিকে ভুল আর মনে হয় না, কারণ, ইংরেজিতে যাকে ফ্রি-ভার্স বলা হয়, মুক্তছন্দ বাংলায় যাকে বলতে পারি, ইংরেজি সেই ফ্রি-ভার্সের শরীরটা গদ্যের, কিন্তু কোনো কোনো পঙিক্ততে তার থাকে ও থাকবে প্রসিদ্ধ কোনো না কোনো ছন্দের স্পন্দন। অজান্তে আমার কলমেও সেটি হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত ওটি কবিতা হয়েছিল কি না, আমার কাছে এর স্পষ্ট উত্তর—হয়নি!শিশুর প্রথম পদক্ষেপটি সমর্থ হয় না, কেউ তা আশাও করে না। শিশুটি একসময় স্থির পদবিক্ষেপতা পায়, তাই বলে তার প্রথম দিনের পতনটি উপহাস্য হয় না। হাসান হাফিজুর রহমান আমাকে দিয়ে কবিতা লিখিয়ে নিতে চেয়েছিলেন, কি, আমার হাতে তিনিই প্রথম কবিতার কলমটি তুলে দিয়েছিলেন—ওই একুশের সংকলনটির জন্য। এখন সেই কলমটিই যে আমার প্রধান কলম হয়ে উঠেছে, আজও যে আমি কবিতা লিখছি, এ হাসানেরই জন্য, যিনি আমার কবি কারক, যিনি আমার সমসময়ের সব কবি ও লেখকের ভেতরে প্রথম বন্ধু, আমার নিবিড়তম সুখ-দুঃখভাগী, অভিজ্ঞতার স্বাদসঙ্গী ও অকুণ্ঠতম মঙ্গলাকাঙ্ক্ষী। এসবই একদিন চলে যাবে ঘাসের তলায়, যেমন তিনি গেছেন, শুধু থেকে যাবে—কাজ! আমাদের কাজ, যদি তা আমাদের সময় ও মানুষের জন্য কিছুমাত্র প্রাসঙ্গিক ও ব্যবহার্য হয়ে থাকে।