হাসান আজিজুল হক সংবর্ধিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের শিল্পকলা একাডেমী মিলনায়তনে গতকাল শুক্রবার কথাসাহিত্যিক হাসান আজিজুল হককে সংবর্ধনা দেওয়া হয়েছে। সিলেটের সাহিত্য ও সংস্কৃতিকর্মীসহ বিভিন্ন পেশাজীবীর সমন্বয়ে গঠিত ১৫১ সদস্যের একটি পর্ষদ তাঁকে সংবর্ধনা দেয়।সন্ধ্যা সাড়ে ছয়টায় সংক্ষিপ্ত আলোচনা সভা শুরু হয়। এ সময় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. সালেহ উদ্দিনের সভাপতিত্বে বক্তব্য দেন সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটির উপাচার্য মো. আবদুল আজিজ, কথাসাহিত্যিক ওয়াসি আহমেদ, ড. সুরেশরঞ্জন বসাক ও ড. মোস্তাক আহমাদ দীন। শুরুতেই স্বাগত বক্তব্য দেন সংবর্ধন পর্ষদের সদস্যসচিব কবি শুভেন্দু ইমাম।এর আগে সংবর্ধিত অতিথিকে ফুল দিয়ে বরণ করেন সংবর্ধন পর্ষদের যুগ্ম সচিব মইনুদ্দিন আহমদ জালাল ও সুমনকুমার দাশ। এ সময় সংবর্ধিত অতিথিকে সম্মাননা ক্রেস্ট দেন আমন্ত্রিত অতিথিরা। এ পর্বে শুভেন্দু ইমামের সম্পাদনায় হাসান আজিজুল হক সংবর্ধন নামে একটি পুস্তিকার মোড়ক উন্মোচন করা হয়। এতে ভারত ও বাংলাদেশের বিভিন্ন লেখক হাসান আজিজুল হকের সাহিত্যকর্ম মূল্যায়ন করে লিখেছেন।আয়োজকদের পক্ষে কবি শুভেন্দু ইমাম স্বাগত বক্তৃতায় বলেন, ‘হাসান আজিজুল হক চিরকালীন বাংলা সাহিত্যের অন্যতম প্রধান কথাসাহিত্যিক। তিনি জীবনকে জেনেছেন গভীরভাবে; প্রাকৃতজনের দুঃখ-বেদনা, আনন্দ-গ্লানি অনুভব করেছেন নিবিড়ভাবে।’ সংবর্ধিত অতিথির বক্তব্যে হাসান আজিজুল হক বলেন, ‘ভালোবাসা অমূল্য—তার কোনো বিনিময় মূল্য নেই। প্রাণভরে গ্রহণ করলাম। মনে করি, ভালোবাসাই দুর্লভতম সামগ্রী পৃথিবীতে।’সংবর্ধনা অনুষ্ঠান শেষে অতিথির সম্মানে বাউল গানের আসর অনুষ্ঠিত হয়। এ পর্বে প্রয়াত বাউলসম্রাট শাহ আবদুল করিমের গান গেয়ে শোনান শিল্পী জামাল উদ্দিন হাসান বান্না, শামীম আহমদ, মিতালী চক্রবর্তী, লিংকন দাস প্রমুখ। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নন্দিতা দত্ত।