হাসান আরিফের মতে অপরাধ হয় এমন ফতোয়া দেওয়া যাবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফতোয়া দেওয়া যাবে বলে অভিমত দিয়েছেন অ্যামিকাস কিউরি এ এফ হাসান আরিফ। তবে তিনি বলেছেন, ফতোয়ার মাধ্যমে অপরাধ সংঘটিত হলে তা গ্রহণযোগ্য হবে না। ফতোয়া অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে করা আপিল শুনানির সপ্তম দিনে তিনি এ অভিমত দেন। প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের নেতৃত্বে ছয় বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চে তিনি এ মত তুলে ধরেন। এ এফ হাসান আরিফ আরও বলেন, অপরাধ হয় বা অন্যের অধিকার ক্ষুণ্ন হয় এমন ফতোয়া দেওয়া এবং তা কার্যকর করা যাবে না। মানুষের ক্ষতি হয় এমন ধরনের বক্তব্যকে ফতোয়া বলা যাবে না। হাইকোর্টের রায় সম্পর্কে তিনি বলেন, ‘সংবিধানের ১০২ অনুচ্ছেদ অনুসারে স্যুয়োমটো রুলের ক্ষেত্রে হাইকোর্টের প্রতিবন্ধকতা রয়েছে।বর্তমানে আদালতে বক্তব্য দিতে পাঁচ আলেম উপস্থিত রয়েছেন। তাঁরা হলেন বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ডের পক্ষে মুফতি কেফায়েতুল্লাহ, গওহর ডাঙা মাদ্রাসার অধ্যক্ষ মুফতি রুহুল আমীন, বসুন্ধরা ইসলামিক রিসার্চ সেন্টারের শিক্ষা সচিব মুফতি মিযানুর রহমান, নেসারিয়া (কামিল) আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ কফিলুদ্দিন সরকার ও ইসলামিক ফাউন্ডেশনের পক্ষে ড. আবদুল্লাহ মারুফ। এর আগে ১০ মার্চ ফতোয়া বিষয়ে বিশেষজ্ঞ আলেমের মতামত জানতে চান সুপ্রিম কোর্ট। লিখিতভাবে তাঁদের মতামত দিতে বলা হয়। তবে তাঁরা চাইলে আদালতে এসে মৌখিকভাবে মতামত দিতে পারবেন বলে আদালত জানান। এ জন্য বিশেষজ্ঞ পাঁচজন আলেম মনোনীত করতে ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালককে (ডিজি) বলা হয়।জানা যায়, ১০ বছর আগে হাইকোর্ট ফতোয়াবিরোধী রায় দিয়েছিলেন। ২০০১ সালের ১ জানুয়ারি বিচারপতি গোলাম রাব্বানী ও বিচারপতি নাজমুন আরা সুলতানার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ ফতোয়াকে অবৈধ ও আইন কর্তৃত্ব-বহির্ভূত ঘোষণা করে রায় দেন। ওই রায়ের বিরুদ্ধে মুফতি মো. তৈয়ব ও মাওলানা আবুল কালাম আজাদ ওই বছরই আপিল দায়ের করেন। এরপর চলতি ১৪ ফেব্রুয়ারি এ বিষয়ে অ্যামিকাস কিউরি (আদালতের আইনি সহায়তাকারী) হিসেবে টি এইচ খান, রফিক-উল হক, মাহমুদুল ইসলাম, এ এফ হাসান আরিফ, এ বি এম নূরুল ইসলাম, এম জহির, রাবেয়া ভূঁইয়া, এম আই ফারুকী ও রোকন উদ্দিন মাহমুদ রয়েছেন। আর ১ মার্চ থেকে আপিলের ওপর শুনানি শুরু হয়।