হাসান সাইদ আবার এক দিনের রিমান্ডে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রুমানা মনজুরকে নির্যাতনের মামলায় স্বামী হাসান সাইদের এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ শুক্রবার দুপুরে তাঁকে আবারও ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়। এ আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মহানগর হাকিম উত্পল দত্তের আদালতে তাঁর এক দিনের রিমান্ড মঞ্জুর করা হয়।এর আগে তিন দফায় তাঁকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়। ডিবি পুলিশের তদন্তকারী কর্মকর্তা বাহাউদ্দিন ফারুকী আবেদনটি করেছেন।রুমানা তালাক দেওয়ার সিদ্ধান্তের কথা জানানোর পরই স্বামী হাসান সাইদ তাঁকে হত্যার পরিকল্পনা নেন। সে অনুযায়ী তিনি রুমানার ওপর হামলা চালান। রিমান্ডে থাকাকালে সাইদ ডিবি পুলিশকে এ তথ্য জানান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রুমানা মনজুরকে নির্যাতনের মামলায় তাঁর স্বামী হাসান সাইদকে কেন গ্রেপ্তার করা হয়নি জানতে চেয়ে হাইকোর্ট ১৫ জুন রুল জারি করেছিলেন। এর তিন ঘণ্টা পর বেলা সোয়া দুইটার দিকে রাজধানীর উত্তর মুগদায় আত্মীয়ের বাসা থেকে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।৫ জুন রাজধানীর ধানমন্ডিতে রুমানা তাঁর বাবার বাসায় স্বামী হাসান সাইদের নির্মম নির্যাতনের শিকার হন। রুমানার দুই চোখে আঙুল ঢুকিয়ে ক্ষতিগ্রস্ত করা হয়। কামড়ে নাকের ডগা ছিঁড়ে ফেলা হয়। ল্যাবএইড হাসপাতালে কয়েক দিন চিকিত্সার পর ১৪ মে তাঁকে ভারতের চেন্নাইয়ের শংকর নেত্রালয়ে নেওয়া হয়। সেখান থেকে পদুচেরির অরবিন্দ আই সেন্টারে নিয়ে যাওয়া হয়। দেশটির চিকিত্সকেরা বলেছেন, রুমানার চোখের জন্য এ মুহূর্তে তাঁদের কিছু করার নেই। পরে ২০ জুন সোমবার রুমানা দেশে ফিরে আসেন। বর্তমানে তিনি রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিত্সাধীন।