হাসান সাইদ স্ত্রীকে মারধরের কথা স্বীকার করেছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) রিমান্ডে থাকা রুমানা মনজুরের স্বামী হাসান সাইদ তাঁর স্ত্রীকে মারধরের কথা স্বীকার করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রুমানা মনজুর নির্যাতন মামলাটি ডিবি পুলিশ তদন্ত করছে।ডিবির উপকমিশনার মো. মনিরুল ইসলাম আজ শুক্রবার প্রথম আলোকে বলেন, ইরানের এক ব্যক্তিসহ অন্যদের সঙ্গে তোলা ছবি দেখে হাসান সাইদ তাঁর স্ত্রীকে সন্দেহ করতে থাকেন এবং তিনি হীনম্মন্যতায় ভুগছিলেন। এর সঙ্গে শেয়ার ব্যবসায় লোকসান, পারিবারিক ব্যর্থতা, নিজের অন্ধত্ব নিয়ে চরম হতাশায় ভুগছিলেন হাসান সাইদ। তাঁর অনিশ্চিত জীবনের প্রতি অতিষ্ঠ হয়ে হাসান সাইদ তাঁর স্ত্রীর ওপর আক্রমণ করেন।তদন্তকারী সূত্র জানায়, রিমান্ডে হাসান সাইদ দাবি করেন তিনি চশমা ছাড়া চোখে দেখেন না। উভয়ের মধ্যে মারামারির একপর্যায়ে তাঁর চশমা খুলে নিচে পড়ে যায়। এ সময় হয়তো তাঁর আঙুল স্ত্রীর চোখে ঢুকে গেছে। স্ত্রীর নাককে আঙুল মনে করে কামড়িয়েছেন। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) ভর্তি হলেও চোখের সমস্যার কারণে তৃতীয় বর্ষেই তাঁর পাঠ চুকাতে হয়েছে।তদন্তকারী কর্মকর্তা বলেন, অনেক প্রশ্নের সদুত্তর দিতে পারেননি হাসান। রিমান্ডে তিনি যেসব বক্তব্য দিচ্ছেন তার সত্যতা কতটুকু তা যাচাই করে দেখা হচ্ছে। কাল তাঁর দুই দিনের রিমান্ড শেষে আগামী রোববার তাঁকে আদালতে পাঠানো হবে।৫ জুন রাজধানীর ধানমন্ডিতে রুমানা তাঁর বাবার বাসায় স্বামী হাসান সাইদের নির্মম নির্যাতনের শিকার হন। রুমানার দুই চোখে আঙুল দিয়ে ক্ষতিগ্রস্ত করা হয়। কামড়ে নাকের ডগা ছিঁড়ে ফেলা হয়। ল্যাবএইড হাসপাতালে কয়েক দিন চিকিত্সার পর তাঁকে ভারতের চেন্নাইয়ের শংকর নেত্রালয়ে নেওয়া হয়। সেখানে তাঁর চোখের পরীক্ষা-নিরীক্ষা শুরু হয়েছে বলে জানা গেছে।রুমানাকে নির্যাতনের পরের দিন তাঁর বাবা অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা মনজুর হোসেন ধানমন্ডি থানায় হাসান সাইদকে আসামি করে হত্যাচেষ্টার অভিযোগ এনে মামলা করেন।