হাসান সাইদের বাবার মামলা থানা নেয়নি
হাসান সাইদকে রাজধানীর বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের কারাকক্ষের (প্রিজন সেল) ভেতরে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছেন তাঁর বাবা প্রকৌশলী সৈয়দ আহম্মদ কবির। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় এ ব্যাপারে প্রথমে মামলা ও পরে অভিযোগ দিতে গেলে শাহবাগ থানা তা গ্রহণ করেনি। হাসান সাইদের বাবা জানান, হাসান সাইদকে হত্যার অভিযোগে তিনি শাহবাগ থানায় মামলা করতে গেলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামলা নেননি। এমনকি লিখিত অভিযোগপত্র গ্রহণের অনুরোধ করলেও ওসি তা শোনেননি। থানা চত্বরে উপস্থিত হাসান সাইদের স্বজন ও তাঁর আইনজীবী সাংবাদিকদের বলেন, আজ বুধবার তাঁরা এ ব্যাপারে মুখ্য মহানগর হাকিমের আদালতে হত্যা মামলা করবেন। শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম সাংবাদিকদের বলেন, হাসান সাইদের মৃত্যুর ঘটনায় দায়ের হওয়া অপমৃত্যু মামলার তদন্ত চলছে। একই ঘটনায় দুটি মামলা রুজু হওয়ার নিয়ম নেই। তা ছাড়া ওই ঘটনায় অভিযোগও গ্রহণ করা যায় না। ৫ ডিসেম্বর ভোরে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের কারাকক্ষে (প্রিজন সেল) হাসান সাইদ মারা যান। এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সহকারী অধ্যাপক রুমানা মনজুরকে হত্যার চেষ্টার অভিযোগে তাঁর স্বামী হাসান সাইদকে আসামি করে শিক্ষিকার বাবা মনজুর হোসেন বাদী হয়ে ধানমন্ডি থানায় মামলা করেন। এ ঘটনায় পুলিশ হাসান সাইদকে গ্রেপ্তার করে কয়েক দফায় রিমান্ডে নেয়। এরপর তিনি বিএসএমএমইউ হাসপাতালের কারাকক্ষে চিকিৎসাধীন ছিলেন। মৃত্যুর পর থেকে পরিবার দাবি করে আসছে, হাসান সাইদকে হত্যা করা হয়েছে। কারাগারের পক্ষ থেকে এ ব্যাপারে শাহবাগ থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে। হাসান সাইদের বাবা লিখিত অভিযোগে বলেন, ‘কারা হেফাজতে থাকার সময় প্রভাবশালী মহলের কালো হাতের জোরে হাসান সাইদের সর্বশেষ আশ্রয় মেলে বিএসএমএমইউএর কারাকক্ষে। ৫ ডিসেম্বর ভোরে কারাকক্ষের ভেতরে অজ্ঞাতনামা প্রভাবশালী মহলের ইন্ধন ও প্ররোচনায় অজ্ঞাতনামা আসামিরা সুপরিকল্পিতভাবে লোভের বশবর্তী হয়ে হাসান সাইদের জীবন কেড়ে নিয়েছে।’ শাহবাগ থানা সূত্র জানায়, বিএসএমএমইউ হাসপাতালের কারাকক্ষ থেকে হাসান সাইদের লাশ উদ্ধারের পর আলামত হিসেবে জব্দ করা নাইলনের দড়ি ও পলিথিনের ব্যাগ পরীক্ষার জন্য পুলিশের অপরাধ তদন্ত বিভাগে নিতে আদালতে আবেদন করা হয়েছে।ময়নাতদন্তকারী কর্মকর্তা ঢাকা মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগের প্রভাষক আ খ ম শফিউজ্জামান খায়ের প্রথম আলোকে বলেন, প্রাথমিকভাবে হাসান সাইদের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তাঁর হূদ্যন্ত্রের প্রতিবেদন হাতে এসেছে। মহাখালীর রাসায়নিক পরীক্ষাগার থেকে ভিসেরা প্রতিবেদন পাওয়ার পরই মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।