হাসানুল হক ইনুর গাড়িতে ডাকাতির চেষ্টা, একজন আটক
জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও সাংসদ হাসানুল হক ইনুর গাড়িতে গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত দুইটার দিকে একদল ডাকাত হামলা চালায়। এ সময় ইনুর দেহরক্ষী একজন ডাকাতকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়।পাংশা থানার পুলিশ ও অন্য সূত্রে জানা গেছে, গতকাল রাতে ইনু ঢাকা থেকে নিজস্ব মাইক্রোবাসে কুষ্টিয়া যাচ্ছিলেন। গাড়িটি রাত দুইটার দিকে রাজবাড়ীর পাংশা উপজেলার গান্ধিমারা কালীবাড়ি এলাকায় পৌঁছলে একদল ডাকাত রাজবাড়ী-কুষ্টিয়া সড়কে গাছের গুঁড়ি ফেলে গাড়ির গতিরোধ করে। এ সময় ডাকাতেরা গাড়িটিতে হামলার চেষ্টা চালায়। ইনুর গানম্যান শটগান বের করে একটি ফাঁকা গুলি ছুড়লে ডাকাতেরা পালিয়ে যায়। তখন গানম্যান সড়কের বিপরীত মুখ থেকে আসা পদ্মা-গড়াই বাসের কাছ থেকে একজনকে আটক করে। এ ঘটনার প্রায় ২০ মিনিট পর গান্ধিমারা হাইওয়ে ফাঁড়ির টহলরত পুলিশ দল ঘটনাস্থলে পৌঁছলে আটককৃত যুবককে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। পাংশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুন্সি মোফাজ্জেল হোসেন জানান, আটক যুবক কুষ্টিয়া সদর উপজেলার বাদাদী গ্রামের ফজলু শেখের ছেলে। সে বাসের হেলপার। ভারপ্রাপ্ত পুলিশ সুপার মোহাম্মদ সালাম কবির ইনুর গাড়িতে ডাকাতির চেষ্টার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আটক যুবকের ব্যাপারে সব খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।