হাসানুল হক ইনুর বিরুদ্ধে মানহানির মামলা
প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে মীরজাফর বলায় জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনুর বিরুদ্ধে মানহানির মামলা করা হয়েছে। আজ রোববার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য রায়হান মোর্শেদ বাদী হয়ে এ মামলাটি করেন। মহানগর হাকিম মোস্তফা শাহরিয়ার খান ফৌজদারি কার্যবিধি ২০০ ধারায় বাদীর জবানবন্দি গ্রহণ করেন। এ বিচারক এ বিষয়ে পরে আদেশ দেবেন বলে আদালত থেকে জানানো হয়। মামলায় অভিযোগ করা হয়, গত ৩ এপ্রিল রংপুর শহরের কাচারি মোড়ে জেলা জাসদ আয়োজিত সমাবেশে জিয়াউর রহমানকে মীরজাফর উল্লেখ করে হাসানুল হক ইনু বলেন, সামরিকজান্তা জিয়া ও মোশতাক মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করেছে। এ ছাড়া জিয়াউর রহমান ছিলেন দেশের চার নম্বর মীরজাফর। ইনুর এ বক্তব্য পরের দিন একটি সংবাদপত্রে প্রকাশিত হয়।মামলায় আরও দাবি করা হয়, এ ধরনের বক্তব্যে বিএনপির দলীয় সদস্য হিসেবে বাদীরও মানহানি হয়েছে।