‘নিজের পুঞ্জিবাট্টা সব তো শ্যাষ। মহাজন বাকি দেয় না। ধারকর্জ কইর্যা দোকান খুলছি কিন্তু এখনো খাড়াইতে পারি নাই।’ বলছিলেন বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেট লাগোয়া ফুটপাতের আতর-তসবি বিক্রেতা জাকির হোসেন। গত ৫ মে হেফাজতে ইসলামের ঢাকা অবরোধের পর অগ্নিকাণ্ডের ঘটনায় তাঁর দোকানটি পুড়ে গিয়েছিল।রোজার শুরু থেকে টুপি-আতর-তসবির বিক্রি বাড়ে। রমজান মাসটিই এই ব্যবসার প্রধান মৌসুম। তবে এ বছর বেচাকেনাও কম, তদুপরি অগ্নিকাণ্ডের শিকার হওয়ায় দোকানে আগের মতো মালামালও তুলতে পারেননি এখানকার ছোট ব্যবসায়ীরা। ফলে ভালো যাচ্ছে না তাঁদের দিন।জাকির হোসেনের বাড়ি চাঁদপুরের হাইমচর থানায়। তিনি জানালেন, তাঁর দোকানে প্রায় চার লাখ টাকার মাল ছিল। এর মধ্যে অনেক টাকার মালই ছিল বাকিতে আনা। ক্ষতিপূরণ হিসেবে এফবিসিসিআইয়ের মাধ্যমে ৫০ হাজার টাকা পেয়েছেন। এখন মহাজনেরা বলছেন, তাঁরা যেহেতু ক্ষতিপূরণ পেয়েছেন, তাই তাঁদের বকেয়া শোধ করতে হবে। উপরন্তু, নতুন করে বাকিতে আর মাল দিচ্ছেন না। ক্ষতিপূরণের ৫০ হাজার টাকার একটা বড় অংশ খরচ হয়েছে দোকানের র্যাক, বাক্স তৈরি করতে। তাই আত্মীয়স্বজনের কাছ থেকে ঋণ নিয়ে নতুন করে মালামাল তুলে পসরা সাজিয়েছেন। তবে বিক্রি ভালো নয়।টুপি, জায়নামাজ, আতর, তসবি, সুরমার বড় খুচরা বাজারটি গড়ে উঠেছে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমকে কেন্দ্র করে। গত ৫ মে হেফাজতের কর্মীদের দেওয়া আগুনে এখানকার ফুটপাতের দোকানগুলো পুড়ে যায়। পরে ফুটপাতের এসব স্বল্প পুঁজির ব্যবসায়ীদের সাহায্য হিসেবে ৫০ হাজার টাকা করে দেওয়া হয় বলে তাঁরা জানিয়েছেন। গতকাল মঙ্গলবার তাঁদের সঙ্গে কথা বলে জানা গেল, ধারকর্জ করে নতুনভাবে আবার ব্যবসা শুরু করলেও এখনো তাঁরা ক্ষতির ধাক্কা সামলে উঠতে পারেননি।টুপির ব্যবসায়ী আবু মুসা ও রবিউল আউয়াল জানালেন, তাঁদের দোকানে চার-পাঁচ লাখ টাকার মাল ছিল। এখন লাখ দুয়েক টাকার মাল তুলে বেচাকেনা শুরু করেছেন। তাঁদের কাছে সুতার টুপি আছে ৩০ থেকে ১০০ টাকার মধ্যে। গোল টুপি ১০০ থেকে ৫০০ টাকার মধ্যে। এ ছাড়া ইয়েমেনি ও পাকিস্তানি টুপি ২৫০ থেকে ৪৫০ টাকা। দেশে তৈরি কর্ডের জায়নামাজ ১০০ থেকে ১৫০ টাকা, ভেলভেটের জায়নামাজ ২০০ থেকে ৪০০ এবং তুর্কি ও পাকিস্তানিগুলো ৩৫০ থেকে দেড় হাজার টাকা পর্যন্ত। শিশুদের টুপি ৫০ টাকা।এখানে দেশে তৈরি দরবার, মেশেক আম্বর, কস্তুরি—এসব আতর পাওয়া যাবে ৫০ থেকে ২০০ টাকায় ছয় এমএল শিশি। দুবাইয়ের সুলতান, আলারাহা, আরুসা—এসবের দাম ১২০ টাকা থেকে ১৫০ টাকা, ভারতের তৈরি রুহে গোলাম, চন্দন, জান্নাতুল ফেরদৌসের দাম ৪০০ থেকে ৫০০ টাকা এবং সুইজারল্যান্ডে তৈরি জান্নাতুল ফেরদৌসের দাম ৮০০ টাকা। আগরের দাম ১০ হাজার থেকে ১২ হাজার টাকা। সুরমার তোলা ১২০ টাকা। তসবি ২০ থেকে দুই হাজার টাকা পর্যন্ত বিভিন্ন দামের।চট্টগ্রামে বাহারি টুপি চট্টগ্রাম থেকে আমাদের নিজস্ব প্রতিবেদক জানান, ঈদের কেনাকাটায় শেষ পর্যায়ে যোগ হয়েছে বাহারি টুপি। পোশাকের সঙ্গে মিলিয়ে অনেকেই কিনছেন বাহারি টুপি। এর মধ্যে রয়েছে দেশি, চায়নিজ, তুর্কি, সুলতানি, মুম্বাই, পাকিস্তানি, সৌদি, ইন্দোনেশিয়ান ও মালয়েশিয়ান টুপি।বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবরার হোসেন ৩৫০ টাকা দিয়ে কিনেছেন মুম্বাই টুপি। বললেন, ‘আমার কাছে দামটা বড় নয়। প্রতিবছর পাঞ্জাবির সঙ্গে মিলিয়ে দেশি-বিদেশি নতুন টুপি কিনি।’ চট্টগ্রাম নগরের রিয়াজউদ্দিন বাজারে কথা হচ্ছিল তাঁর সঙ্গে। রিয়াজউদ্দিন বাজার ও গোলাম রসুল মার্কেটে রয়েছে টুপির পাইকারি ও খুচরা দোকান। এসব দোকান থেকে টুপি সংগ্রহ করেন ভ্রাম্যমাণ বিক্রেতারা। নগরের তিন পুলের মাথা এলাকায় গোলাম রসুল মার্কেটে টুপির দোকানে গিয়ে দেখা যায় রকমারি টুপির বিশাল সংগ্রহ। এখানে ৬০ থেকে ৩৫০ টাকা দামে বিক্রি হচ্ছে দেশি, চায়নিজ, তুর্কি ও সুলতানি টুপি। এ ছাড়া মুম্বাই টুপি ৩২০, পাকিস্তানি টুপি ২২০ ও ২৫০, সৌদি টুপি ২৩৫ ও ২৮০ টাকায় বিক্রি হচ্ছে। মালয়েশিয়ান টুপি ১২০ এবং ইন্দোনেশিয়ান টুপি ২৬০ টাকা দামে বিক্রি হচ্ছে।