হাসি-মুখে জয়ের প্রত্যয়
গত রোববার ম্যাচটা তাঁকে দেখতে হতো দেশে; ঘরে বসে, টিভিতে। ভাগ্য তাঁকে ছিটকে দিয়েছিল বিশ্বকাপ থেকে। ভাগ্যই আবার ফিরিয়ে এনেছে এবং ফিরে এসেই মাইক হাসি দলের জয়ের অন্যতম নায়ক! প্রথম ম্যাচে মাঠে নেমেই কেনিয়ার বিপক্ষে ৪৩ বলে খেলেছেন ৫৪ রানের দারুণ এক ইনিংস।প্রতিপক্ষ হিসেবে কেনিয়া হয়তো সেই মানের ছিল না। তবে ম্যাচটি হাসির জন্য ছিল অন্য রকম চ্যালেঞ্জের। তাঁকে বিশ্বকাপে না এনে একজন বোলার আনলেই ভালো হতো—এই মতের পক্ষে লোক তো আর কম ছিল না। ব্যর্থ হলে সেই সমালোচকেরা শোরগোল তুলতই।হাসি তাদের মুখ বন্ধ করে দিয়ে খুলে দিয়েছেন নিজের কথার বাঁধন। কেনিয়ার বিপক্ষে ম্যাচ জেতার পর বলেই দিয়েছেন, এবার অস্ট্রেলিয়াই জিতবে টানা চতুর্থ বিশ্বকাপ।গ্রুপ পর্যায়ে অস্ট্রেলিয়ার শেষ ম্যাচ পাকিস্তানের সঙ্গে। ১৯ মার্চ এই ম্যাচ দিয়েই অস্ট্রেলিয়ার বিশ্বকাপ মিশনের আসল লড়াই শুরু হবে বলে মনে করছেন হাসি ভাইদের বড়জন, ‘কলম্বোয় পাকিস্তানের সঙ্গে ম্যাচটি হবে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। ওই ম্যাচ দিয়েই আমাদের আসল লড়াই শুরু। সেখান থেকেই আমরা পৌঁছাতে চাই চূড়ান্ত লক্ষ্যে।’সেই চূড়ান্ত লক্ষ্যটা যে ট্রফিটাকে আরেকবার দেশে নিয়ে যাওয়া, সেটি না বলে দিলেও চলছে। তবে লক্ষ্যের চূড়ায় পা দেওয়ার আগে এখনো অস্ট্রেলিয়াকে আরও শাণিয়ে নিতে হবে বলেই মনে করেন এই বাঁহাতি, ‘কিছু জায়গায় এখনো আমাদের উন্নতি করার আছে।’ওদিকে ছেড়ে দেওয়ার পাত্র আফ্রিদিরাও নন। পাকিস্তান দলের অধিনায়ক হুমকি দিয়ে রেখেছেন, অস্ট্রেলিয়াকে বধ করেই গ্রুপ পর্বের শীর্ষ স্থানটা দখল করতে চান তাঁরা। আফ্রিদি বলেছেন, ‘অস্ট্রেলিয়ার বিপক্ষে অবশ্যই আমরা ভালো খেলব। এই ম্যাচটা গুরুত্বের সঙ্গেই নিচ্ছি আমরা।’ গুরুত্বের সঙ্গে নেওয়ার প্রশ্নটা উঠছে—দুদলেরই কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হয়ে যাওয়ায়। সেদিক থেকে ১৯ মার্চের ম্যাচটি হয়ে পড়েছে স্রেফ নিয়মরক্ষার। চাইলে দুদলই তাদের সেরা খেলোয়াড়দের বিশ্রামে রেখে সুযোগ না-পাওয়াদের বাজিয়ে দেখতে পারে। তবে অগুরুত্বপূর্ণ ম্যাচটি গুরুত্বপূর্ণ হয়ে উঠছে, এই ম্যাচটি গ্রুপ চ্যাম্পিয়ন নির্ধারক হয়ে উঠবে বলে।পাঁচ খেলায় ৮ পয়েন্ট পাকিস্তানের। সমান ম্যাচে সমান পয়েন্ট নিউজিল্যান্ডেরও। তবে রানরেটে পিছিয়ে থাকায় পাকিস্তানের অবস্থান দুইয়ে এবং রানরেটের কারণেই নিউজিল্যান্ড সবার ওপরে। পাকিস্তান যতই হুমকি দিক, অস্ট্রেলিয়া ভীতসন্ত্রস্ত নয়। বরং আত্মবিশ্বাসী, দৃঢ়চেতা মনের ক্রিকেটার হাসিকে ফিরে পেয়ে উচ্ছ্বসিত অস্ট্রেলীয় অধিনায়কও। পন্টিং নিজে ডগ বলিঞ্জারের পরিবর্তে আরেকজন বোলারই চাইছিলেন—প্রথমে এমন কথা শোনা গেলেও পন্টিং এখন বলছেন, ‘হাসিকে দলে ফিরে পাওয়াটা বিশাল ব্যাপার। দারুণ হয়েছে তার প্রত্যাবর্তন। ও কী করতে পারে, আমরা সেটি ভালো করেই জানি।’ ওয়েবসাইট।