হাসিকে নিয়ে মঞ্চে এখন স্টিভ
দল থেকে বাদ পড়ার পর থেকেই মাইক হাসিকে নিয়ে অস্ট্রেলিয়ায় আলোচনা-সমালোচনার ঝড়। বিশ্বকাপে না থেকেও তাই হাসি ঠিকই আছেন বিশ্বকাপে। সম্প্রতি চোটের কারণে পেসার ডগ বলিঞ্জারের বিশ্বকাপ শেষ হয়ে যাওয়ায় মাইক হাসি প্রসঙ্গটা পেয়েছে নতুন মাত্রা। এ সুযোগে হাসিকে দলে নেওয়ার দাবি উঠেছে। স্টিভ ওয়াহ সেই দাবিকে শুধু জোরালোই করলেন না, দেরিতে হলেও হাসিকে দল থেকে বাদ দেওয়ার জন্য নির্বাচকদের কাঠগড়ায় দাঁড় করালেন।অস্ট্রেলিয়ার ১৯৯৯ বিশ্বকাপজয়ী অধিনায়ক বলেছেন, মাইক হাসির বিশ্বকাপ দল থেকে বাদ পড়াটা ছিল বিভ্রান্তির। হাসিকে সুযোগ না দেওয়ার দায় নির্বাচকেরা কিছুতেই এড়াতে পারেন না। ‘যদি সে কোনো ম্যাচ খেলার সুযোগ পায়, সেটি অবশ্যই হওয়া উচিত বিশ্বকাপে’—গতকাল দ্য এজকে বলেছেন স্টিভ ওয়াহ। চোট সত্ত্বেও বিশ্বকাপ দলে ছিলেন। পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে মাইক হাসি বলেও দিয়েছিলেন বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষ দিকের ম্যাচগুলো তিনি খেলবেন। কিন্তু নির্বাচকেরা হাসির কথা রাখেননি।বিশ্বকাপ খেলার স্বপ্ন এভাবে গুঁড়িয়ে যাওয়ায় হাসি স্বাভাবিকভাবেই খুব হতাশ। সেই হতাশাটা তিনি প্রকাশও করেছেন। এই গুঞ্জনও ছড়ায়, নির্বাচক গ্রেগ চ্যাপেল নাকি স্বয়ং হাসির বাড়িতে গিয়ে হাসিকে ‘অবসরে’র পরামর্শ দেন। যদিও চ্যাপেল হাসির বাড়িতে যাওয়ার কথা স্বীকার করলেও অস্বীকার করেছেন তাঁকে অবসর নিয়ে ফেলার পরামর্শ দেওয়ার কথা।কিন্তু চারবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে ১৯৯৯ বিশ্বকাপ জেতানো অধিনায়ক স্টিভ ওয়াহ মনে করেন, ফিট হাসিকে বিশ্বকাপ দলে রাখলে ভালোই হতো, ‘মাইক হাসি ফিট থাকলে তাকে নিয়ে যাওয়াই উচিত ছিল। আমি নিশ্চিত (অস্ট্রেলিয়া অধিনায়ক) রিকিও (পন্টিং) তাকে নিয়ে যেতে চাইত। বিশেষ করে উপমহাদেশের উইকেটে তার অভিজ্ঞতা অমূল্য, সে স্পিন খুব ভালো খেলে। তাকে না নেওয়ায় আমি বিভ্রান্তই হয়ে পড়েছিলাম।’নিজের ফিটনেসের ব্যাপারে হাসিকে প্রতিশ্রুতিবদ্ধ একজন ক্রিকেটার হিসেবে বর্ণনা করে ওয়াহ বলেছেন, ‘নির্বাচকেরা অবশ্যই কিছু হয়তো শুনে থাকবেন। কিন্তু তিন থেকে চারজন ক্রিকেটার বেঞ্চে বসে থাকছে, খেলছে না। হাসিও তাদের একজন হতে পারত।’অস্ট্রেলিয়া এখনো ডগ বলিঞ্জারের বদলি নেয়নি। এই সময় মাইক হাসির প্রসঙ্গ টেনে আনলেন সাবেক অস্ট্রেলীয় অধিনায়ক। তাহলে কি ‘মি. ক্রিকেটে’র বিশ্বকাপ খেলার স্বপ্ন পূরণ হতে চলেছে? যদিও পন্টিং আগেই বলে দিয়েছেন একজন পেসারের বদলি হিসেবে একজন ব্যাটসম্যানের দলে আসার সম্ভাবনা কম। রয়টার্স।