সম্প্রতি কক্সবাজারে গিয়ে সমুদ্রে প্রাণ হারাল মাত্রার তিন তরুণ মেধাবী কর্মকর্তা—আবিদ, মুত্তাকিন ও আশিক। এই মর্মান্তিক মৃত্যুর শোক পরিবারের পাশাপাশি ভুলতে পারেনি মাত্রা। এই তিন তরুণকে নিয়ে বললেন মাত্রার আফজাল হোসেন। একসঙ্গে তিনজন মেধাবী তরুণকে হারিয়েছে মাত্রা। আপনারা অনেকটা সময় একসঙ্গে কাজ করেছেন। সহকর্মীকে হারানোর কষ্ট তো সহজে শেষ হওয়ার নয়।... এই অনুভূতি ব্যক্ত করা খুব কঠিন। যদি এ রকম পরিস্থিতির মুখোমুখি মানুষ না হয়, কোনো মানুষের পক্ষে অনুভব করা সম্ভব হতো না। মানুষের মৃত্যুই কষ্টের। রক্তের সম্পর্ক কষ্টের, শুধু সম্পর্কও কষ্টের। এই তিনজন মানুষের সঙ্গে আমার জানাশোনা এ বছরের জানুয়ারি মাস থেকে। কিন্তু ঘনিষ্ঠতা হয়তো দু-তিন মাসের। ঘনিষ্ঠতা ওদের যোগ্যতার জন্য। ওদের বৈশিষ্ট্যের জন্য। তিনজনই মূলত এক ধরনের। তিনজনের নাম আলাদা। বসার ঘর আলাদা। পরিচয় এক ছিল—ওরা মাত্রার। তিনজনের চেহারা ভিন্ন। কিন্তু তিনজনের চোখের দৃষ্টি এক রকম—স্বপ্ন দেখা চোখ। নতুন সম্পর্ক, অসাধারণ তিন যুবক—যাদের নিয়ে স্বপ্ন দেখেছিল মাত্রা। সেই স্বপ্ন অসম্পূর্ণ রয়ে গেল। তিনটি জীবন অসম্পূর্ণ রয়ে গেল। কষ্টটা ভারের চেয়ে ভারী সে জন্যই। আবিদের সঙ্গে আপনার শেষ স্মৃতির কথা শুনতে চাই।ওরা যেদিন কক্সবাজার পৌঁছায়, জরুরি কাজে সেদিনই আমার ঢাকায় ফেরার কথা। বিদায়ের আগে আমরা সবাই মিলে হোটেল শৈবালের সামনে একটা ছবি তুলি। এটা হচ্ছে ছবির স্মৃতি। আর ঢাকা থেকে কক্সবাজার যাওয়ার দুদিন আগে আমার ঘরে ঢুকে আবদার করে, আমার নতুন অ্যালবাম বেরোচ্ছে, ওটার কভার করে দিতে হবে আপনাকে। হেসে ওকে ওর ছবি দিতে বলি। তারপর যে অসাধারণ হাসির ঝিলিক আবিদের মুখে দেখেছি, সেটা চোখের সামনে থেকে মুছছে না কিছুতেই। আর মুত্তাকিন ও আশিকের স্মৃতি? আবিদের গুণের কথা সবাই জানত। মুত্তাকিন চলে যাওয়ার পর যে কষ্টটা হচ্ছে, কাছে থাকতে কোনো দিন জানতে পারিনি, সুন্দর গান গাইতে পারত। চম ৎ কার গিটার বাজাতে পারত। ওর বাবার মুখে শুনেছি, ভালো ক্রিকেট খেলতে পারত। সব জানা হলো ওকে হারানোর পর। নিজেকে প্রশ্ন করি, কেন জানার চেষ্টা করিনি? ওর বাবা জানিয়েছেন, তিনি ছেলেকে বলেছিলেন, কাজ দিয়ে নিজেকে চেনাও। বাবার কথা রেখেছিল ছেলে। কাজ দিয়ে পুরো মাত্রাকে চিনিয়েছিল মুত্তাকিন। আশিক সাত মাসে হয়তো সাতটি কথা বলেছে। যাদের সঙ্গে ওর মেলামেশা, তারা বলে, কথার পিঠে ওর কথা নাই, শুধু হাসি ছিল। আমি আর্ট কলেজে পড়াশোনা করেছি। আশিকও চারুকলার ছাত্র। একটা দুর্বলতা তো থাকেই। হাত ছিল চম ৎ কার। ত্রিমাত্রিক কাজ (থ্রি ডি) খুব ভালো বুঝত। মাত্রা গর্ব করার মতো তিনজনকে হারিয়েছে। আশিকের বাবা একজন দেশবিখ্যাত শিল্পী কে জি মোস্তফা। তাঁর ছোট্ট একটা আশার কথা শোনালেন সেদিন। ছেলে আর বাবা মিলে ছবি আঁকার স্কুল করবেন। আমাদের কষ্টের বোঝা এসবে আরও ভারী হয়ে যাচ্ছে। পুরো মাত্রা পরিবার প্রতিদিন অসহায়ের মতো দিন কাটাচ্ছে। এই যদি আমাদের হাল হয়, অনুমান করা যায় তিনটি পরিবার কী দুঃসহ যন্ত্রণার মধ্যে আছে। আল্লাহ ওদের আত্মার শান্তি দিন। পরিবার, আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব এবং আমাদের সবাইকে শোক সহ্য করার শক্তি দিন।