হাসিনা উদ্বিগ্ন, খালেদা আত্মবিশ্বাসী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিগত সেনা-সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় কারাবন্দী আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা নিজের নিরাপত্তা ও দুর্নীতির মামলা থেকে মুক্তির বিষয়ে সন্ত্রস্ত ও উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন। অপর কারাবন্দী বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া তাঁর মুক্তির বিষয়ে ছিলেন অনেক আত্মবিশ্বাসী। ২০০৮ সালের ২৪ জানুয়ারি ঢাকার মার্কিন দূতাবাস ওয়াশিংটনকে এ তথ্য জানায়। উইকিলিকসে ফাঁস হওয়া মার্কিন গোপন তারবার্তায় এ তথ্য পাওয়া গেছে। তারবার্তায় বলা হয়েছে, ২০০৭ সালের ২৭ ডিসেম্বর পাকিস্তানের প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো আততায়ীর হাতে নিহত হওয়ার কিছু পরে কারা উপমহাপরিদর্শক (ডিআইজি প্রিজন) হাসিনার সঙ্গে সাক্ষাত্ করেন। তাঁর নিরাপত্তার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় অতিরিক্ত ব্যবস্থা নিয়েছে বলে কারা উপমহাপরিদর্শক হাসিনাকে নিশ্চিত করেন। ডিআইজি প্রিজনের মতে, হাসিনা তাঁর নিরাপত্তার বিষয়ে অনেক ক্ষুব্ধ ও সন্ত্রস্ত হয়ে পড়েছিলেন। অপরদিকে হাসিনার ঘনিষ্ঠরা জানিয়েছেন, সাজা এড়ানোর বিষয়ে হাসিনার আত্মবিশ্বাস কম। তবে মার্কিন তারবার্তায় উল্লেখ করা হয়েছে, খালেদা জিয়া তাঁর মুক্তির বিষয়ে অনেক আত্মবিশ্বাসী ছিলেন। খালেদার সঙ্গে কারাগারে দেখা করেছেন, বিএনপির এমন কর্মকর্তাদের বরাত দিয়ে তারবার্তায় উল্লেখ করা হয়েছে, যদিও তখনো তাঁর বিচার শুরু হয়নি, তবে তিনি (খালেদা) মনে করেন না গ্যাটকো মামলায় তাঁকে সাজা দেওয়ার জন্য সরকার কাছে যথেষ্ট প্রমাণ আছে।