হাসিনা ও খালেদাকে সংবিধান সংশোধন কমিটির আমন্ত্রণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংবিধান সংশোধন বিষয়ে মতামত দেওয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সংসদের বিরোধীদলীয় নেতা খালেদা জিয়াকে আমন্ত্রণ জানানো হয়েছে। আজ বুধবার সংবিধান সংশোধনে গঠিত বিশেষ কমিটির পক্ষ থেকে দুটি আমন্ত্রণপত্র আওয়ামী লীগ ও বিএনপির দলীয় কার্যালয়ে পৌঁছে দেওয়া হয়।তবে বিএনপি বিশেষ কমিটির বৈঠকে অংশ নেবে কি না, সে বিষয়ে আজ দলীয়ভাবে কিছু জানানো হয়নি। বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার বলেন, ‘সংবিধান সংশোধন বিষয়ে মতামত দেওয়ার জন্য বিশেষ কমিটির আমন্ত্রণপত্র পাঠানোর বিষয়টি আমি জেনেছি। কিন্তু বিএনপি কমিটির বৈঠকে অংশ নেবে কি না, সে বিষয়ে দলীয় ফোরামে সিদ্ধান্ত নেওয়া হবে। তার আগে আগাম কিছু বলা যাবে না।’সংসদ সচিবালয় সূত্র জানিয়েছে, বিশেষজ্ঞ ব্যক্তিদের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হবে ২৪ এপ্রিল বিকেল চারটায়। খালেদা জিয়ার নেতৃত্বাধীন বিএনপির নেতাদের সঙ্গে বৈঠকের সময় নির্ধারণ করা হয়েছে ২৫ এপ্রিল বেলা ১১টায়। সবশেষে ২৬ এপ্রিল বেলা ১১টায় শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগের নেতাদের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হবে।আজ সন্ধ্যা ছয়টায় সংসদ সচিবালয়ের যুগ্ম সচিব এ কে মোহাম্মদ হোসেন, বিশেষ কমিটির চেয়ারম্যান সাজেদা চৌধুরীর ব্যক্তিগত সচিব মোস্তফা কামাল এবং সুরঞ্জিত সেনগুপ্তের ব্যক্তিগত সহকারী ওমর ফারুক তালুকদার ধানমন্ডির ৩ নম্বর সড়কে অবস্থিত আওয়ামী লীগের কার্যালয়ে দলীয় সভাপতি শেখ হাসিনার নামে লেখা আমন্ত্রণপত্রটি পৌঁছে দেন। আমন্ত্রণপত্র গ্রহণ করেন আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক মৃণাল কান্তি দাস।এরপর তাঁরা রাত আটটায় গুলশানে বিএনপির কার্যালয়ে দলটির চেয়ারপারসন খালেদা জিয়ার আমন্ত্রণপত্র পৌঁছে দেন। আমন্ত্রণপত্র গ্রহণ করেন সংসদে বিরোধীদলীয় নেতার একান্ত সচিব সালেহ আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন বিরোধীদলীয় চিফ হুইপ জয়নাল আবদিন ফারুক।বিএনপিকে দেওয়া আমন্ত্রণপত্রে বলা হয়েছে, ‘২০১০ সালের ২১ জুলাই সংবিধান সংশোধনের লক্ষ্যে একটি কমিটি গঠিত হয়েছে। কমিটির বৈঠকে সংবিধান সংশোধন সম্পর্কে সংসদে প্রতিনিধিত্বকারী দল ও বিশেষজ্ঞ ব্যক্তিদের মতামত গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এ লক্ষ্যে কমিটি ২৫ এপ্রিল বেলা ১১টায় আপনাদের সঙ্গে বৈঠকে মিলিত হওয়ার আগ্রহ পোষণ করেছে।’ একই ভাষায় আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও আমন্ত্রণপত্র পাঠানো হয়েছে। উভয় আমন্ত্রণপত্রে সই করেন সাজেদা চৌধুরী।আওয়ামী লীগ ও বিএনপির শীর্ষস্থানীয় নেতা ছাড়াও সংসদে প্রতিনিধিত্বকারী দল হিসেবে জাতীয় পার্টি, জাসদ, ওয়ার্কার্স পার্টি, ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ), গণতন্ত্রী পার্টি, বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) ও এলডিপিকে আমন্ত্রণ জানানোর সিদ্ধান্ত গৃহীত হয়েছে।আমন্ত্রিত বিশেষজ্ঞ ব্যক্তিদের তালিকায় রয়েছেন বাংলাদেশের সংবিধান প্রণয়ন কমিটির সভাপতি কামাল হোসেন ও একই কমিটির সদস্য এম আমীর-উল ইসলাম। আরও আছেন সাবেক প্রধান বিচারপতি মুহাম্মদ হাবিবুর রহমান, কামালউদ্দিন হোসেন, মোস্তাফা কামাল, এ টি এম আফজাল, মোহাম্মদ ফজলুল করিম ও মো. তাফাজ্জাল ইসলাম, বিচারপতি সৈয়দ আমীরুল ইসলাম, টি এইচ খান, মাহমুদুল ইসলাম, অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, আইনজীবী রফিক-উল হক, এম জহির, রোকনউদ্দিন মাহমুদ, আজমালুল হোসেন কিউসি, তৌফিক নেওয়াজ ও শেখ ফজলে নূর তাপস।