হাসিনা-খালেদার উপস্থিতিতে শিরীনের অভিষেক
সংসদ নেতা শেখ হাসিনা ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার উপস্থিতিতে সংসদের অধিবেশন পরিচালনায় অভিষেক ঘটল দেশের প্রথম নারী স্পিকার শিরীন শারমিন চৌধুরীর। এ উপলক্ষে আজ সোমবার সংসদের তিন দিকের নেতৃত্বেই ছিলেন তিনজন নারী। সংসদ নেতার আসনে শেখ হাসিনা, বিরোধীদলীয় নেতার আসনে খালেদা জিয়া এবং স্পিকারের আসনে শিরীন শারমিন চৌধুরী। বাজেট অধিবেশনের উদ্বোধনী এই দিনে সরকারি ও বিরোধী দলের সদস্যরা দেশের প্রথম নারী স্পিকার হিসেবে দায়িত্ব নেওয়ায় শিরীন শারমিনকে অভিনন্দন জানান। আজ সোমবার বিকেল সাড়ে পাঁচটার দিকে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের অধিবেশন শুরু হয়। এ সময় সরকারি দলের সদস্যরা টেবিল চাপড়ে নতুন স্পিকারকে স্বাগত জানান। স্বাগত বক্তব্যে শিরীন শারমিন বলেন, ‘সংসদীয় গণতন্ত্রে আলোচনার মাধ্যমেই গ্রহণযোগ্য সমাধান আসতে পারে। আমি বিশ্বাস করি, দেশ ও জাতির স্বার্থে আলোচনার মাধ্যমে যে কোনো রাজনৈতিক সংকট ও জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়ে মতপার্থক্যের গ্রহণযোগ্য সমাধান করা যায়।’ তিনি আরও বলেন, ‘বিরোধী দলের অব্যাহত উপস্থিতি, গঠনমূলক সমালোচনা সংসদকে প্রাণবন্ত ও অধিক কার্যকর করে তুলবে।’স্পিকার আরও বলেন, ‘দেশের প্রথমবারের মতো একজন নারীকে স্পিকার নির্বাচিত করা নারীর ক্ষমতায়নে এক অনন্য মাইলফলক। এই গৌরব, এ বিজয় দেশের সব নারীর। আমি কৃতজ্ঞতা জানাই জনগণের প্রতি।’স্পিকারের বক্তব্যের পরপরই বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপির সাংসদেরা অধিবেশন কক্ষে ঢোকেন। এ সময় খালেদা জিয়া স্পিকারের উদ্দেশে হাত তুলে তাঁকে স্বাগত জানানোর ইঙ্গিত দেন। জবাবে স্পিকার শিরীন শারমিনও হাত তুলে বিরোধীদলীয় নেতাকে শুভেচ্ছা জানান। তিনি বলেন, ‘আমি আপনাদের স্বাগত জানাচ্ছি।’ এ সময় সরকারি দলের সদস্যরাও টেবিল চাপড়ে বিরোধী দলের সদস্যদের স্বাগত জানান।স্পিকারকে অভিনন্দন জানিয়ে সরকারি দলের তোফায়েল আহমেদ বলেন, ‘সংসদ নেতা, বিরোধীদলীয় নেতা, স্পিকার—তিনজনই নারী। আজ কানায় কানায় পূর্ণ সংসদ। কী চমত্কার, খুব সুন্দর ও শুভ। বিরোধী দল ছাড়া সংসদ কার্যকর হয় না। সরকার ও বিরোধী দল মিলে সংসদ প্রাণবন্ত হয়।’ বিরোধী দলের উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা হরতাল পরিহার করে সংসদে আসেন। যেকোনো বিষয় নিয়ে আলোচনা করেন। আমরা সবাই মিলে জাতীয় বিষয়ে চিন্তা করব।’ হুইপ আ স ম ফিরোজ নতুন স্পিকারকে স্বাগত জানিয়ে বলেন, ‘আজ আমরা আনন্দিত। উত্ফুল্ল। যোগ্য, দক্ষ, সত্ ও আদর্শবান স্পিকার হিসেবে আপনাকে সব সদস্যদের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি।’বিরোধী দলের পক্ষ থেকে নিলুফার চৌধুরী স্পিকারকে অভিনন্দন জানিয়ে বলেন, ‘আপনাকে অভিনন্দন জানানোর জন্যই বিরোধীদলীয় নেতা আজ সংসদে এসেছেন। আশা করি আপনি আমাদের কথা বলার সুযোগ দেবেন।’ দেশের প্রথম নারী স্পিকারকে অভিনন্দন জানিয়ে আরও বক্তব্য দেন রাশেদ খান মেনন ও পাটমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী। এ সময় সংসদ নেতা শেখ হাসিনা ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া সংসদে উপস্থিত ছিলেন। সবশেষে সংসদের অধিবেশন কাল মঙ্গলবার বিকেল সোয়া পাঁচটা পর্যন্ত মুলতবি করা হয়।