হাসিনা ভারতের করদ রাজ্যের মুখ্যমন্ত্রী হতে চান: আনোয়ার
বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার বলেছেন, শেখ হাসিনা ভারতকে ট্রানজিটের নামে করিডর দিয়ে বাংলাদেশকে সেই দেশের একটি করদ রাজ্যে পরিণত করতে চান। আর তিনি হতে চান সেই করদ রাজ্যের মুখ্যমন্ত্রী।আজ বুধবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে ইয়ুথ ফোরাম আয়োজিত আলোচনা অনুষ্ঠানে এম কে আনোয়ার এ কথা বলেন। খালেদা জিয়া ও তারেক জিয়ার কারামুক্তির তিন বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এই আলোচনা অনুষ্ঠানে তিনি বলেন, ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং বাংলাদেশে এসে তিস্তা নদীর পানি চুক্তি না করে এ জাতিকে অপমান করেছেন। আওয়ামী লীগ সরকারের ভারসাম্যহীন, নতজানু ও পদলেহী পররাষ্ট্রনীতির কারণেই এটা সম্ভব হয়েছে।এম কে আনোয়ার বলেন, আসলে এ সরকারের উদ্দেশ্য হচ্ছে ভারতকে করিডর দিয়ে বাংলাদেশকে সেই দেশের করদ রাজ্যে পরিণত করা। এর আগের মেয়াদে একবার ভারতীয়রা শেখ হাসিনাকে বাংলাদেশের মুখ্যমন্ত্রী আখ্যায়িত করেছিলেন। তখন তিনি এর প্রতিবাদ করেননি। এতে প্রমাণিত হয়, তিনি ভারতের করদ রাজ্যের মুখ্যমন্ত্রী হওয়ার আশায় আছেন।ভারতকে ট্রানজিট দেওয়া হলে চীন ও ভারতের পূর্বাঞ্চলের সাতটি রাজ্যের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক নষ্ট হবে এবং এতে দেশের শান্তি নষ্ট হবে বলে এম কে আনোয়ার মন্তব্য করেন। তিনি বলেন, বর্তমান সরকার আগামী নির্বাচনে ক্ষমতায় আসবে না জেনেই সংবিধান সংশোধনের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিল করেছে।ইয়ুথ ফোরামের সভাপতি সাইদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) মহাসচিব এ জেড এম জাহিদ হোসেন, জাতীয় গণতান্ত্রিক পার্টির সভাপতি শফিউল আলম প্রধান, ইসলামী ঐক্যজোটের একাংশের মহাসচিব আবদুল লতিফ নেজামী, বিএনপির নেতা ও সাবেক সাংসদ হেলেন জেরিন খান প্রমুখ।