হাসিনা-মনমোহন প্রতীক্ষিত শীর্ষ বৈঠক আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের মধ্যে আজ সোমবার আনুষ্ঠানিক বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। দিল্লির হায়দরাবাদ হাউসে আজ বিকেলে শুরু হবে এই প্রতীক্ষিত শীর্ষ বৈঠক। দুই প্রধানমন্ত্রীর আলোচনাকে ঘিরে দুই দেশেই তৈরি হয়েছে নতুন প্রত্যাশা।দিল্লির কূটনীতিক সূত্রগুলো বলছে, সাম্প্রতিক মাসগুলোতে দুই দেশের মধ্যে বিভিন্ন পর্যায়ে যেসব বৈঠক হয়েছে, তাতে দুই দেশের সম্পর্কের ‘গুণগত পরিবর্তনের’ আভাস পাওয়া গেছে। দুই দেশই সন্ত্রাসবাদ দমন ও বাণিজ্যবৈষম্য বিলোপের মতো বিষয়গুলোতে একে অন্যের উদ্বেগ দূর করতে অতীতের যেকোনো সময়ের তুলনায় অনেক বেশি সচেষ্ট। সেই সঙ্গে মনোযোগী আলোচনা শেষে নেওয়া সিদ্ধান্ত বাস্তবায়নে।প্রধানমন্ত্রী শেখ হাসিনা চার দিনের ভারত সফরে গতকাল রোববার বাংলাদেশ সময় রাত পৌনে নয়টায় দিল্লিতে এসে পৌঁছান। দিল্লির পালাম বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী পুনিত কাউর। বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে মোটর-শোভাযাত্রা করে প্রধানমন্ত্রীকে নেওয়া হয় মৌর্য শেরাটন হোটেলে। দিল্লি সফরের সময় তিনি এখানে থাকবেন।বাংলাদেশ ও ভারতের সরকারি সূত্রে জানা গেছে, সন্ত্রাসবাদ দমনে অপরাধবিষয়ক পারস্পরিক আইনগত সহায়তা, দণ্ডিত ব্যক্তিদের হস্তান্তর, আন্তর্জাতিক সন্ত্রাসবাদ, সমন্বিত অপরাধ ও মাদক পাচারসংক্রান্ত চুক্তি, ঋণ-সহায়তা, বিদ্যুত্ খাতে সহযোগিতা, দুই দেশের মান নিয়ন্ত্রণ সংস্থার সহযোগিতা ইত্যাদি ক্ষেত্রে কয়েকটি চুক্তি ও সমঝোতা স্মারকে সই হবে হাসিনা-মনমোহন বৈঠকে।ভারতের পররাষ্ট্রসচিব নিরুপমা রাও গতকাল নয়াদিল্লিতে এক সংবাদ সম্মেলনে বলেছেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই সফরে পাঁচটি চুক্তি সই হবে। এই সফরকে নতুন পথনির্দেশক বলে তিনি মন্তব্য করেন। ভারতের পররাষ্ট্রসচিব বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রীর এই সফর নতুন সম্পর্কের সূচনা করতে এবং দ্বিপক্ষীয় সম্পর্কে নতুন যুগের দ্বার উন্মোচনে দুই দেশের সামনে একটা বিরাট সুযোগ এনে দিয়েছে। তিনি আরও বলেন, শেখ হাসিনার এই সফরে শুধু দুই দেশের মধ্যে নয়, গোটা এই অঞ্চলের উদ্দেশ্য সাধিত হবে বলে ভারত আস্থাশীল। নিরুপমা রাও বলেন, বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতির একজন বড় অংশীদার হিসেবে ভারত পর্যাপ্ত সহায়তা করার ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি জানান, রেলওয়ের অবকাঠামো, যাতায়াত, নদী খনন, বিদ্যুতের সংযোগ, মানবসম্পদ উন্নয়নসহ সব বিষয়ে দুই দেশের মধ্যে কথা হয়েছে। ভারতও নিরাপত্তা ও যোগাযোগের ক্ষেত্রে বাংলাদেশের সহযোগিতা চেয়েছে বলে তিনি জানান।সূত্র জানায়, সন্ত্রাসবাদ দমন, ট্রানজিট, বিদ্যুত্, পানিবণ্টন, সীমান্ত ব্যবস্থাপনা, কনটেইনারবাহী ট্রেন চালু ও বাণিজ্যবৈষম্য বিলোপের প্রসঙ্গ মূলত প্রাধান্য পাবে এ আলোচনায়। বিশেষ করে বিভিন্ন সময়ে দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় মাধ্যমে দেওয়া ট্রানজিট প্রস্তাবের ব্যাপারে বাংলাদেশের মনোভাব ইতিবাচক কি না, জানতে চাইবে ভারত। সন্ত্রাসবাদ ও অপরাধ দমন: সীমান্তের দুই প্রান্তে সন্ত্রাসবাদ ও অপরাধমূলক তত্পরতা রোধে দুই দেশের সহযোগিতা বাড়ানোর বিষয়ে ভারত সব সময় জোর দিয়ে যাচ্ছে। এরই অংশ হিসেবে ভারতের দেওয়া অপরাধবিষয়ক পারস্পরিক আইন-সহায়তা, দণ্ডিত ব্যক্তিদের হস্তান্তর এবং আন্তর্জাতিক সন্ত্রাসবাদ, সমন্বিত অপরাধ ও মাদক পাচারসংক্রান্ত তিনটি চুক্তি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরের সময় সই হচ্ছে। সাম্প্রতিক মাসগুলোতে নিরাপত্তা বিষয়ে ভারতের উদ্বেগ দূর করার ব্যাপারে বাংলাদেশের নেওয়া উদ্যোগে সন্তুষ্ট ভারত। এরই ধারাবাহিকতায় আগামী দিনগুলোতে যাতে বাংলাদেশ পদক্ষেপ নেয়, সেটা চাইবে ভারত। কারণ, দুই দেশের সমন্বিত পদক্ষেপের মাধ্যমে বিষয়টির সুরাহা হওয়া দরকার বলে মনে করেন দুই দেশের কর্মকর্তারা।তিস্তার পানিবণ্টন চুক্তি: বাংলাদেশের অগ্রাধিকারের তালিকায় রয়েছে তিস্তার পানিবণ্টন চুক্তি। অভিন্ন নদীটির পানিবণ্টনে চুক্তি সইয়ের জন্য এরই মধ্যে ভারতের কাছে একটি খসড়া জমা দিয়েছে বাংলাদেশ। চুক্তিটি সই হবে কি না, তা এখনো নিশ্চিত নয়। কারণ, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি সম্প্রতি ঢাকায় সাংবাদিকদের বলেছেন, তিস্তার পানিবণ্টন চুক্তি সই হবে না। যদিও সরকারের উচ্চপর্যায়ের সূত্রগুলো আশা করছে, শীর্ষ বৈঠক থেকে তিস্তার ব্যাপারে নাটকীয় কোনো ইতিবাচক ঘোষণা আসবে। ট্রানজিট: ভারত দীর্ঘদিন ধরে বাংলাদেশ হয়ে তার উত্তর-পূর্বাঞ্চলের সঙ্গে যুক্ত হওয়ার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে ট্রানজিটের প্রস্তাব দিয়ে আসছে। ফলে ভারত খুব স্বাভাবিকভাবেই দিল্লি বৈঠকে তার দেওয়া প্রস্তাবগুলোতে সায় দিতে বাংলাদেশকে অনুরোধ জানাবে। সেই সঙ্গে অনুরোধ জানানো হবে চট্টগ্রাম বন্দর ব্যবহারের সুবিধা পাওয়ার। অন্যদিকে বাংলাদেশের পক্ষ থেকে ভারতের ভূখণ্ড ব্যবহার করে নেপাল ও ভুটানে ট্রানজিট পাওয়ার বিষয়টি অগ্রাধিকার দেওয়া হবে। ট্রানজিট-সংক্রান্ত বিষয়ে নেপাল ও ভুটানের সঙ্গে যুক্ত হতে ভারতের ভূখণ্ড ব্যবহারের বিষয় উল্লেখের পাশাপাশি চট্টগ্রাম বন্দর ব্যবহারে ভারতের আগ্রহের বিষয়টি আবারও আলোচনায় প্রাধান্য পাবে বলে জানা গেছে। সেই সঙ্গে নারায়ণগঞ্জের নৌবন্দর ব্যবহারে ভারতের আগ্রহের বিষয়টিও উল্লেখ করা হবে। এ ছাড়া ত্রিপুরার পালাটানায় বিদ্যুেকন্দ্র নির্মাণে ভারী যন্ত্রপাতি পরিবহনে বাংলাদেশের ভূখণ্ড ব্যবহারের যে সিদ্ধান্ত হয়েছে, তা স্থায়ী করার বিষয়টিও ভারতের পক্ষ থেকে আলোচনায় তোলা হবে। এ প্রক্রিয়ার অংশ হিসেবে আখাউড়া-আগরতলা রেললাইন আধুনিকায়নে ভারতের মঞ্জুরি দেওয়ার আগ্রহের বিষয়টিও আলোচনায় আসবে।সীমান্ত ব্যবস্থাপনা: দুই দেশের প্রধানমন্ত্রী পর্যায়ের বৈঠকে সীমান্ত ব্যবস্থাপনার বিষয়ে বিস্তারিত আলোচনা হবে। ছিটমহল বিনিময়, অপদখলি জমি হস্তান্তর ও সাড়ে ছয় কিলোমিটার সীমানা চিহ্নিতকরণ সমস্যা ১৯৭৪ সালের সীমান্ত চুক্তির আলোকে সমাধানের ব্যাপারে দুই পক্ষ রাজি আছে। এর অংশ হিসেবে যৌথ সীমান্ত কার্যদলকে (জেবিডব্লিউজি) সচল করতে দুই দেশ শীর্ষ বৈঠক শেষ হওয়ার পরপরই বৈঠক করবে।৫০০ মিলিয়ন ডলারের ঋণ-সহায়তা: বাংলাদেশ এর মধ্যেই রেলের আধুনিকায়ন, নদী খনন ও সড়ক যোগাযোগের উন্নয়নে ভারতের কাছে সহযোগিতা চেয়েছে। তাতে সাড়া দিয়ে ৫০০ মিলিয়ন ডলারের আর্থিক সহায়তার আশ্বাস দিয়েছে ভারত। এ ব্যাপারে একটি সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে। রেলের আধুনিকায়ন, বিশেষ করে সৈয়দপুরে রেলওয়ের কারখানার সংস্কার, ইঞ্জিন ও বগি কেনা, রেললাইন সংস্কার, ৪০০ সিএনজিচালিত বাস কেনা ছাড়াও নদী পুনঃখননে ভারতের ঋণ-সহায়তার টাকা ব্যবহার করা হবে। ভারতের কাছ থেকে বাংলাদেশ ওই অর্থ পাবে ঋণের আকারে, অনুদান নয়। ঋণ-সহায়তার পরিমাণ আরও বাড়তে পারে। কূটনীতিক সূত্রগুলো জানিয়েছে, এক দশক আগে ১৯৯৯ সালে বাংলাদেশকে দুই কোটি ডলারের ঋণ-সাহায্য দিয়েছিল ভারত।নদী খনন: সমন্বিত নদী খনন প্রকল্প বাস্তবায়নের জন্য বাংলাদেশ এর মধ্যেই ভারতের কাছে আটটি ড্রেজার (খননযন্ত্র) চেয়েছে। বাংলাদেশের কী ধরনের ড্রেজার দরকার, তার বিস্তারিত বর্ণনা পাঠানো হয়েছে। দুই দেশের মধ্যে সম্পাদিত অভ্যন্তরীণ জলপথ-বাণিজ্য ও ট্রানজিট (আইডব্লিউটিঅ্যান্ডটি) চুক্তি অনুযায়ী বাংলাদেশের নদীর নাব্যতা বজায় রাখতে ভারতের সহায়তা করার বিধান রয়েছে।বিদ্যুত্-সহযোগিতা চুক্তি: শীর্ষ বৈঠক শেষে বিদ্যুত্-সহযোগিতার বিষয়ে যে চুক্তি সই হবে, তাতে বিদ্যুত্ বিনিময়, সঞ্চালনব্যবস্থার উন্নয়ন ছাড়াও ভবিষ্যত্ বিনিয়োগের বিষয়টিও থাকবে। চুক্তি সইয়ের পর ভারতের রাষ্ট্রীয় সংস্থা ন্যাশনাল থার্মাল পাওয়ার প্ল্যান্ট (এনটিপিসি) ও ভারত হেভি ইলেকট্রিক্যাল লিমিটেডের (বিএইচইএল) বাংলাদেশের বিদ্যুত্ খাতে বিনিয়োগের সম্ভাবনা রয়েছে।সফরসূচি: আজ সকালে রাষ্ট্রপতি ভবনে শেখ হাসিনাকে রাষ্ট্রীয় অনুষ্ঠানের মাধ্যমে অভ্যর্থনা দেওয়া হবে। এখানে তাঁকে অভিবাদন জানাবে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের একটি চৌকস দল। ওই আনুষ্ঠানিকতার মধ্য দিয়েই শুরু হবে প্রধানমন্ত্রীর ভারত সফরের কার্যসূচি। এরপর তিনি যাবেন রাজঘাটে মহাত্মা গান্ধীর সমাধিতে। শ্রদ্ধা নিবেদন শেষে তিনি ফিরে যাবেন হোটেলে। সেখানে তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাত্ করতে আসবেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস এম কৃষ্ণা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এরপর দুপুর ১২টায় ভারতের রাষ্ট্রপতি প্রতিভা পাতিলের সঙ্গে সৌজন্য সাক্ষাত্ করতে যাবেন। সেখান থেকে ফিরবেন হোটেলে। সেখানে তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাত্ করতে যাবেন ভারতের অর্থমন্ত্রী প্রণব মুখার্জি ও বিরোধী দলের নেতা সুষমা স্বরাজ। এরপর তিনি ভারতের ক্ষমতাসীন জোট প্রগতিশীল গণতান্ত্রিক জোটের (ইউপিএ) প্রধান ও কংগ্রেসের সভানেত্রী সোনিয়া গান্ধীর সঙ্গে দেখা করতে যাবেন ১০ নম্বর জনপথের বাড়িতে। ওই বৈঠকের পর হায়দরাবাদ হাউসে অনুষ্ঠিত হবে বাংলাদেশ ও ভারতের প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিক আলোচনা। দুই দেশের শীর্ষ বৈঠক শেষে তিনি তাঁর সম্মানে ভারতের প্রধানমন্ত্রীর দেওয়া নৈশভোজে যোগ দেবেন।প্রধানমন্ত্রীর ঢাকা ত্যাগ: বাসস জানায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর সফরসঙ্গীরা গতকাল সন্ধ্যায় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি বিশেষ বিমানে নয়াদিল্লির উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী, অর্থমন্ত্রী এ এম এ মুহিত, কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী, স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামসহ তিন বাহিনীর প্রধান, কূটনীতিক এবং পদস্থ বেসামরিক ও সামরিক কর্মকর্তারা প্রধানমন্ত্রীকে বিদায় জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন।প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে আছেন পানিসম্পদমন্ত্রী রমেশ চন্দ্র সেন, পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি, প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচ টি ইমাম, মশিউর রহমান ও গওহর রিজভী, বিশেষ দূত এম জিয়াউদ্দিন, সাংসদ ধীরেন্দ্র দেবনাথ, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এম আবদুল করিম, প্রেস-সচিব আবুল কালাম আজাদ, বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রাণ গোপাল দত্ত, দৈনিক সমকাল-এর সম্পাদক গোলাম সারওয়ার, ডেইলি স্টার-এর সম্পাদক মাহফুজ আনাম এবং বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক ইহসানুল করিম।এ ছাড়া ব্যবসায়ী নেতা এবং বিভিন্ন কোম্পানি ও তরুণ উদ্যোক্তাদের সমন্বয়ে উচ্চপর্যায়ের একটি বাণিজ্য প্রতিনিধিদলও প্রধানমন্ত্রীর সফরসঙ্গী দলে রয়েছে।