হাসিনা-মনমোহন বৈঠক, তিস্তা-ট্রানজিট নিয়ে আলোচনা
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং আজ বৃহস্পতিবার দ্বিপাক্ষিক বৈঠক করেছেন। সার্ক শীর্ষ সম্মেলন শুরুর আগে ওই আলোচনায় দুই নেতা স্থগিত হয়ে যাওয়া তিস্তার পানি বণ্টন চুক্তি ও ট্রানজিট নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন। মালদ্বীপের সাংরিলা ভিলিনগিলি রিসোর্টের কাছে ড. আলীস নামে একটি রেস্তোরাঁয় তাঁরা বৈঠক করেন। খবর ইউএনবির।প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ সাংবাদিকদের জানান, আলোচনায় দুই দেশের প্রধানমন্ত্রী অমীমাংসিত সীমান্ত-সমস্যা নিয়ে আলোচনা করেন এবং তা সমাধানের ওপর গুরুত্বারোপ করেছেন।গত ৬ সেপ্টেম্বর মনমোহন সিংয়ের বাংলাদেশ সফরের সময় তিস্তার পানি বণ্টন চুক্তি স্বাক্ষর হওয়ার কথা ছিল। কিন্তু শেষ মুহূর্তে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বেঁকে বসায় চুক্তিটি আর হয়নি। এরপর দুই দেশের মধ্যে চিঠি চালাচালি হয়। এরই ধারাবাহিকতায় আজ দুই দেশের প্রধানমন্ত্রীদের মধ্যে এ বৈঠক হয়।