হাসিনা-মনমোহন বৈঠকে উদ্বিগ্ন বিএনপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভুটানের থিম্পুতে অনুষ্ঠিত ১৬তম সার্ক শীর্ষ সম্মেলনে সম্পাদিত দুটি চুক্তিকে স্বাগত জানিয়েছে বিএনপি। তবে সংসদে আলোচনা ছাড়া গত জানুয়ারিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরের সময় সম্পাদিত চুক্তি বাস্তবায়নে হাসিনা-মনমোহন সিং বৈঠকের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে দলটি। রাজধানীর আরমানিটোলার নিজ বাসভবনে আজ শুক্রবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন দলের এ মনোভাবের কথা জানিয়ে দেন। ভারত আওয়ামী লীগ সরকারকে টিকিয়ে রাখার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন খোন্দকার দেলোয়ার। তাঁর অভিযোগ, দেশে জরুরি অবস্থা জারির পেছনে যে কয়টি দেশের সমর্থন ছিল, তার মধ্যে ভারত অন্যতম। ২৯ ডিসেম্বর নীল নকশার নির্বাচনের মাধ্যমে একটি পুতুল সরকার প্রতিষ্ঠিত হয়েছে। এখন সেই সরকারকে টিকিয়ে রাখার চেষ্টা করছে ভারত।খোন্দকার দেলোয়ার বলেন, ভারতের সঙ্গে স্বাক্ষরিত চুক্তিগুলো সংসদে আলোচনা না করেই তা বাস্তবায়নে দুই দেশের প্রধানমন্ত্রীর একমত হওয়ায় বিএনপি উদ্বিগ্ন। তিস্তার পানি বণ্টন, টিপাইমুখ বাঁধ নির্মাণ বন্ধ, গঙ্গার পানির ন্যায্য হিস্যাসহ দীর্ঘদিনের সমস্যা সমাধানে কোনো অগ্রগতি নেই উল্লেখ করে তিনি বলেন, প্রধানমন্ত্রী ভারত সফরকালে যেসব চুক্তি করেছেন সেগুলো সংসদে আলোচিত হয়নি। চুক্তিতে কী আছে, দেশবাসী তা জানে না।থিম্পুতে অনুষ্ঠিত সার্ক শীর্ষ সম্মেলনে স্বাক্ষরিত চুক্তি দুটিকে স্বাগত জানান বিএনপি মহাসচিব। তিনি বলেন, থিম্পুতে বাণিজ্যসেবা ও জলবায়ু পরিবর্তন-সংক্রান্ত যে দুটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে, বিএনপি তাকে স্বাগত জানাচ্ছে। কিন্তু বিগত ২৫ বছরে সার্ক তার কাঙ্ক্ষিত সাফল্য অর্জনে ব্যর্থ হয়েছে বলে তিনি মন্তব্য করেন। এ জন্য প্রতিবেশী রাষ্ট্র ভারতকে দায়ী করে তিনি বলেন, প্রতিবেশী দরিদ্র রাষ্ট্রগুলোর প্রতি যে দায়িত্ব পালনের কথা ছিল, ভারত তা পালন করেনি।বাংলাদেশের গণতন্ত্রের প্রশংসা করে মনমোহন সিংয়ের বক্তব্যের জবাবে বিএনপি মহাসচিব বলেন, গণতন্ত্রের নামে বাংলাদেশে যে বাকশালতন্ত্র চলছে, ভারত সেটাকেই সহযোগিতা করবে এবং তারা তা-ই চায়।