হাসিনা-মনমোহন বৈঠকে গুরুত্ব পাবে ট্রানজিট ও সন্ত্রাসবাদ দমন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকায় অনুষ্ঠেয় হাসিনা-মনমোহন শীর্ষ বৈঠকে বিশেষ গুরুত্ব পাবে ট্রানজিট এবং সন্ত্রাসবাদ দমনে সহযোগিতার প্রসঙ্গ। ৬ সেপ্টেম্বর এই বৈঠক শেষে তিস্তার পানি বণ্টন ও চুয়াত্তরের সীমান্ত চুক্তির সম্পূরক প্রটোকলের পাশাপাশি দুই দেশের উন্নয়ন-সহযোগিতার একটি রূপরেখা চুক্তি সই হবে।এ ছাড়া ট্রানজিট চালু নিয়েও একটি চুক্তি সই করতে আগ্রহী ভারত। সরকারের উচ্চপর্যায়ের নির্ভরযোগ্য সূত্রে গতকাল সোমবার এসব তথ্য জানা গেছে।ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা শিবশংকর মেননের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুই উপদেষ্টা গওহর রিজভী ও মসিউর রহমানের আলোচনায় এ বিষয়গুলো প্রাধান্য পেয়েছে। গত রোববার ও গতকাল সোমবার তাঁরা ঢাকায় ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সফর প্রস্তুতির খুঁটিনাটি বিষয়ে কথা বলেন। মনমোহনের সফর প্রস্তুতির অংশ হিসেবে শিবশংকর মেনন রোববার সকালে দুই দিনের সফরে ঢাকায় আসেন। ওই দিন বিকেলে তিনি প্রধানমন্ত্রীর দুই উপদেষ্টার সঙ্গে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বৈঠক করেন। গতকাল সকালে তিনি পররাষ্ট্রসচিব মোহাম্মদ মিজারুল কায়েসের সঙ্গে প্রাতরাশ সভায় যোগ দেন। এরপর তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে গণভবনে সৌজন্য সাক্ষাৎ করেন। পরে ভারতের সাবেক পররাষ্ট্রসচিব শিবশংকর মেনন সোনারগাঁও হোটেলে গণমাধ্যমের কয়েকজন সম্পাদকের সঙ্গে মতবিনিময় করেন। দুপুরে ঢাকা ছাড়ার আগে তিনি প্রধানমন্ত্রীর দুই উপদেষ্টার সঙ্গে মধ্যাহ্নভোজে আরেক দফা মিলিত হন। দুই দিনের সফর শেষে তিনি গতকাল বেলা দুইটায় ভারতীয় বিমানবাহিনীর একটি বিশেষ বিমানে ঢাকা ছাড়েন।শিবশংকর মেননের সঙ্গে আলোচনায় কোন প্রসঙ্গ প্রাধান্য পেয়েছে, জানতে চাইলে প্রধানমন্ত্রীর অর্থনীতিবিষয়ক উপদেষ্টা মসিউর রহমান সোনারগাঁও হোটেলে সাংবাদিকদের বলেন, তিনি মনমোহন সিংয়ের সফর প্রস্তুতি নিয়ে আলোচনার জন্য এসেছেন। ভারতের প্রধানমন্ত্রী কোথায় যাবেন, কার সঙ্গে কথা বলবেন, এসবের প্রস্তুতির বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়েছে।সহযোগিতার সুনির্দিষ্ট কিছু বিষয়ে আলোচনা হয়েছে উল্লেখ করে মসিউর রহমান বলেন, ১৯৭৪ সালের সীমান্ত চুক্তি কীভাবে বাস্তবায়িত হবে, তা নিয়ে কথা হয়েছে। দুই দেশের মধ্যে অভিন্ন যেসব নদী আছে, তা এক এক করে এবং ছোট নদীগুলোর ক্ষেত্রে একসঙ্গে চুক্তি সই নিয়ে কথা হয়েছে।উপ-আঞ্চলিক সহযোগিতা সম্প্রসারণের বিষয়টি দুই দেশ গুরুত্ব দিচ্ছে উল্লেখ করে মসিউর রহমান বলেন, নেপাল ও ভুটানের জলবিদ্যুৎ উৎ পাদনের সম্ভাবনাকে কাজে লাগিয়ে বাংলাদেশের জ্বালানির চাহিদা মেটানো সম্ভব। এ ক্ষেত্রে ভারতের সহযোগিতায় বিষয়টি কীভাবে বাস্তবায়ন করা যায়, তা নিয়ে আলোচনা হয়েছে।ট্রানজিট চালু নিয়ে আলোচনা হয়েছে কি না, এর উত্তরে উপদেষ্টা বলেন, ‘দুই দেশের মধ্যে ট্রানজিট তো অনেক আগে থেকেই আছে। সাতচল্লিশ থেকেই এটি আছে, মাঝখানে বিরতি থাকলেও একাত্তরের পর তা আবার শুরু হয়েছে। আর বাহাত্তরের বাণিজ্য চুক্তির মধ্যেই ট্রানজিটের বিষয়টি আছে। এখন যা হচ্ছে, তা হলো পাণ্ডিত্য। অর্থাৎ ট্রানজিট কীভাবে চালু হবে, তার প্রক্রিয়া ঠিক করা। ট্রানজিটের মাধ্যমে মাশুল আদায়ের সুরাহা হয়েছে কি না জানতে চাইলে, ‘এটি আমরা করব না, যারা জাহাজ চালায় তারা করবে।’প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা গওহর রিজভী গতকাল বিকেলে প্রথম আলোকে বলেন, ‘মনমোহন সিংয়ের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈঠকের আলোচ্যসূচি নিয়ে মূলত আলোচনা হয়েছে। এ ছাড়া প্রথমবারের মতো ভারতের পাঁচ রাজ্যের মুখ্যমন্ত্রী একসঙ্গে বাংলাদেশে আসছেন। তাঁরা সবাই একসঙ্গে হয়তো প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করবেন না, আলাদাভাবে সৌজন্য সাক্ষাৎ করবেন। বাংলাদেশের সঙ্গে একেক রাজ্যের একেকটি বিষয়ে সহযোগিতা সম্প্রসারণের ইচ্ছা আছে—এ বিষয়গুলো নিয়ে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে আমাদের আলোচনা হয়েছে।’ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে প্রধানমন্ত্রীর দুই উপদেষ্টার আলোচনায় সইয়ের অপেক্ষায় থাকা উন্নয়ন-সহযোগিতার একটি রূপরেখা চুক্তি ও চুয়াত্তরের সীমান্ত চুক্তি বাস্তবায়নের জন্য সম্পূরক প্রটোকল নিয়ে আলোচনা হয়েছে। প্রস্তাবিত সহযোগিতার রূপরেখা চুক্তিতে যোগাযোগ, অভিন্ন নদীর পানি বণ্টন, বন্যা পূর্বাভাসে আগাম সতর্কীকরণ, বাণিজ্য, বিদ্যুৎ , উপ-আঞ্চলিক সহযোগিতার পাশাপাশি দুই দেশের জাতীয় স্বার্থের বিষয়গুলো অন্তর্ভুক্ত থাকবে।প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ : ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের আসন্ন বাংলাদেশ সফরে দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে নতুন মাত্রা যুক্ত হবে। শেখ হাসিনার সঙ্গে শিবশংকর মেননের সৌজন্য সাক্ষাতের পর এই অভিমত ব্যক্ত করা হয়। প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ জানান, আলোচনায় তাঁরা দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেন।