হাসিনা-মনমোহন বৈঠকে ছয়টি চুক্তি সই হচ্ছে
আসন্ন শেখ হাসিনা-মনমোহন সিং শীর্ষ বৈঠকে সন্ত্রাসবাদ দমন, ঋণসহায়তা, বিদ্যুত্ বিনিময় ও বাণিজ্য সম্প্রসারণের লক্ষ্যে ছয়টি চুক্তি সই হতে যাচ্ছে। তিস্তার পানি বণ্টনের ব্যাপারে দুই দেশ চুক্তি করার ওপর জোর দিলেও ১১ জানুয়ারি দিল্লিতে অনুষ্ঠেয় বৈঠকে চুক্তি সই না-ও হতে পারে। এর পরিবর্তে শিগগিরই চুক্তি সই হওয়ার ঘোষণা আসতে পারে। সরকারের উচ্চপর্যায়ের সূত্র গতকাল বুধবার রাতে এ বিষয়টি নিশ্চিত করেছে।পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১০ জানুয়ারি রাতে চার দিনের সফরে ভারতে যাচ্ছেন। ভারত সফরের সময় তিনি মনমোহন সিংয়ের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক করার পাশাপাশি সে দেশের রাষ্ট্রপতি প্রতিভা পাতিল ও ক্ষমতাসীন জোটের প্রধান সোনিয়া গান্ধীসহ বেশ কয়েকজন শীর্ষ নেতার সঙ্গে সৌজন্য সাক্ষাত্ করবেন। এ ছাড়া ভারতের মন্ত্রিসভার কয়েকজন জ্যেষ্ঠ সদস্য প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করবেন।প্রধানমন্ত্রীর কার্যালয়ের একটি সূত্র জানায়, ভারত রাষ্ট্রীয় ঋণের আওতায় যে টাকা দেওয়ার কথা জানিয়েছে, সে ব্যাপারে একটি সমঝোতা স্মারক সই হবে। এর মধ্যেই ভারত ৫০ কোটি ডলার বাংলাদেশের রেল ও যোগাযোগ খাতের উন্নয়নে দেওয়ার আগ্রহ দেখিয়েছে। তিস্তার পানি বণ্টনে চুক্তি সই হবে কি না, জানতে চাইলে সূত্র জানায়, দিল্লিতে দুই দেশের প্রধানমন্ত্রীর বৈঠকে তিস্তার পানিচুক্তি সই হবে—এমনটা নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে দুই শীর্ষ রাজনৈতিক নেতার বৈঠক থেকে বাংলাদেশ ইতিবাচক ঘোষণা আশা করছে। ওই বৈঠকের পরপরই যৌথ নদী কমিশনের (জেআরসি) আলোচনা আয়োজনের মাধ্যমে বিষয়টি সুরাহার চেষ্টা চলছে। দুই প্রধানমন্ত্রীর বৈঠকের সময় ঋণসহায়তা চুক্তি ছাড়াও অপরাধবিষয়ক পারস্পরিক আইনগত-সহায়তা, দণ্ডিত ব্যক্তিদের হস্তান্তর, আন্তর্জাতিক সন্ত্রাসবাদ, সমন্বিত অপরাধ ও মাদক পাচারসংক্রান্ত চুক্তি, বিদ্যুত্ কেনা ও বিনিময়ে চুক্তি এবং দুই দেশের মান নিয়ন্ত্রণ সংস্থার সহযোগিতামূলক চুক্তি সইয়ের কথা রয়েছে। রাষ্ট্রীয় ঋণ ব্যবহার প্রকল্পভিত্তিক: ভারত রাষ্ট্রীয় ঋণের আওতায় বাংলাদেশকে ৫০ কোটি ডলার দেওয়ার কথা জানিয়েছে। যোগাযোগ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ভারতের দেওয়া টাকা রেলওয়ে ও যোগাযোগ খাতের প্রকল্পের কাজে লাগানো হবে। এ উদ্দেশ্যে রেলওয়ের ১১টি ও সড়ক যোগাযোগের একটিসহ ১২টি প্রকল্প চিহ্নিত করা হয়। এসব প্রকল্পের মধ্যে রয়েছে রেলের জন্য ১০০টি ব্রডগেজ বগি, ১০টি ব্রডগেজ ইঞ্জিন, ১৮০টি তেলবাহী ট্যাংক ওয়াগন কেনা, খুলনা থেকে মংলা বন্দর পর্যন্ত রেললাইন স্থাপন, আগরতলার সঙ্গে যুক্ত হতে আখাউড়া থেকে সীমান্ত পর্যন্ত ও সৈয়দপুর-চিলাহাটি সীমান্তবর্তী রেললাইন স্থাপন। ঋণের টাকা ব্যবহারের জন্য অগ্রাধিকারের তালিকায় আছে বিআরটিসির জন্য ৪০০টি সিএনজিচালিত বাস কেনারও পরিকল্পনা। এসব প্রকল্প নিয়ে গত জুলাইয়ে দিল্লিতে ভারতের রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচ টি ইমামের আলোচনা হয়েছে বলে জানা গেছে।সফরসূচি: প্রস্তাবিত সফরসূচি অনুযায়ী প্রধানমন্ত্রী ১০ জানুয়ারি রাতে একটি বিশেষ ফ্লাইটে দিল্লি যাবেন। দিল্লির ইন্দিরা গান্ধী বিমানবন্দরে আনুষ্ঠানিকতা সেরে তিনি সরাসরি যাবেন মৌর্য শেরাটন হোটেলে। ভারত সফরের সময় তিনি এ হোটেলেই থাকবেন। পরদিন সকালে রাষ্ট্রপতি ভবনে যাওয়ার মধ্য দিয়ে ভারতে তাঁর আনুষ্ঠানিক কার্যসূচি শুরু হবে। সেখানে তাঁকে আনুষ্ঠানিকভাবে সংবর্ধনা জানাবেন প্রধানমন্ত্রী মনমোহন সিং। এরপর শেখ হাসিনা রাজঘাটে মহাত্মা গান্ধীর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবেন। রাজঘাট থেকে তিনি হোটেলে ফেরার পর ভারতের অর্থমন্ত্রী প্রণব মুখার্জি, পররাষ্ট্রমন্ত্রী এস এম কৃষ্ণা, রেলমন্ত্রী মমতা ব্যানার্জি তাঁর সঙ্গে দেখা করবেন। বিকেলে তিনি রাষ্ট্রপতি ভবনে ভারতের রাষ্ট্রপতি প্রতিভা পাতিলের সঙ্গে দেখা করবেন। দুপুরে ফেডারেশন অব ইন্ডিয়ান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (এফআইসিসিআই) ও কনফেডারেশন অব ইন্ডিয়ান ইন্ডাস্ট্রিজ (সিআইআই) আয়োজিত মধ্যাহ্নভোজে অংশ নেবেন শেখ হাসিনা। সন্ধ্যায় হায়দরাবাদ হাউসে তিনি ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সঙ্গে আনুষ্ঠানিক আলোচনায় বসবেন। শীর্ষ বৈঠক শেষে বাংলাদেশের প্রধানমন্ত্রী তাঁর সম্মানে মনমোহন সিংয়ের দেওয়া নৈশভোজে যোগ দেবেন। শেখ হাসিনা ১২ জানুয়ারি ভারতের ক্ষমতাসীন জোট সম্মিলিত প্রগতিশীল জোটের (ইউপিএ) চেয়ারপারসন ও কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী এবং উপরাষ্ট্রপতি মোহাম্মদ হামিদ আনসারির সঙ্গে সৌজন্য সাক্ষাত্ করবেন। ভারতের বিরোধীদলীয় নেতা সুষমা স্বরাজ প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর হোটেলে দেখা করবেন। বিকেলে এক অনুষ্ঠানে ভারতের রাষ্ট্রপতি প্রতিভা পাতিল বাংলাদেশের প্রধানমন্ত্রীর হাতে ইন্দিরা গান্ধী শান্তি পুরস্কার তুলে দেবেন। সন্ধ্যায় প্রধানমন্ত্রী দিল্লিতে বাংলাদেশ হাইকমিশন আয়োজিত সংবর্ধনায় যোগ দেবেন। সফরের শেষ দিন অর্থাত্ ১৩ জানুয়ারি তিনি একটি বিশেষ ফ্লাইটে রাজস্থানের রাজধানী জয়পুর যাবেন। সেখান থেকে হেলিকপ্টারে আজমির শরিফে খাজা মইনুদ্দীন চিশতি (রহ.)-এর মাজার জিয়ারত করবেন। সেখান থেকে তিনি ফিরবেন জয়পুরে। জয়পুর থেকে প্রধানমন্ত্রীর সরাসরি দেশে ফেরার কথা রয়েছে।