হাসিনা-মনমোহন বৈঠকের চুক্তি পররাষ্ট্রমন্ত্রীরাই চূড়ান্ত করবেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাসিনা-মনমোহন শীর্ষ বৈঠকের আলোচ্যসূচি ও চুক্তি চূড়ান্ত করার বিষয়ে কাল বৃহস্পতিবার আলোচনায় বসছেন দুই প্রতিবেশী দেশের পররাষ্ট্রমন্ত্রীরা। সেপ্টেম্বরে অনুষ্ঠেয় ঢাকা শীর্ষ বৈঠকে তিস্তার পানি বণ্টন, সীমান্ত, বিদ্যুৎ, বাণিজ্যসহ বিভিন্ন বিষয়ে বেশ কয়েকটি চুক্তি সইয়ের কথা রয়েছে।পররাষ্ট্র মন্ত্রণালয় গতকাল মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে জানায়, পররাষ্ট্রমন্ত্রী দীপু মনির আমন্ত্রণে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস এম কৃষ্ণা আজ দুপুরে তিন দিনের সফরে ঢাকায় আসছেন। সফরে তিনি ১২ সদস্যের ভারতীয় প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন। ভারতীয় পররাষ্ট্রমন্ত্রীর সফর ‘দ্বিপক্ষীয় সম্পর্কে নতুন মাত্রা যোগ করবে’ বলে বিজ্ঞপ্তিতে আশা প্রকাশ করা হয়।প্রসঙ্গত, দুই দিনের সফরে আগামী ৬ সেপ্টেম্বর ঢাকায় আসছেন ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং। গত সোমবার সফরসূচি চূড়ান্ত হওয়ার পর মনমোহন সিং প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন করেন। ফোনালাপে দুই প্রধানমন্ত্রীই বলেন, তাঁরা আলোচনার জন্য সাগ্রহে অপেক্ষা করছেন।ঢাকা ও দিল্লির কূটনৈতিক সূত্র জানিয়েছে, দিল্লি শীর্ষ বৈঠকে নেওয়া সিদ্ধান্ত কতটা বাস্তবায়িত হয়েছে, পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠেয় বৃহস্পতিবারের বৈঠকে তা পর্যালোচনা করবেন দীপু মনি এবং এস এম কৃষ্ণা। তা ছাড়া সহযোগিতার নতুন কিছু ক্ষেত্র নিয়েও তাঁরা কথা বলবেন।গত বছরের ১১ জানুয়ারি নয়াদিল্লিতে শেখ হাসিনা ও মনমোহন সিংয়ের মধ্যে শীর্ষ বৈঠক হয়। দুই পররাষ্ট্রমন্ত্রীর আলোচনার বিষয়বস্তু: পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা গতকাল প্রথম আলোকে বলেন, দিল্লি শীর্ষ বৈঠকের যৌথ ঘোষণা কতটা বাস্তবায়িত হলো, সেটি দুই পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে পর্যালোচনা করা হবে। এর মধ্যে অভিন্ন নদীর পানি ব্যবস্থাপনা, বাণিজ্য, যোগাযোগ, সীমান্ত চিহ্নিতকরণ ও সীমান্ত ব্যবস্থাপনা, নিরাপত্তা এবং শিক্ষা, সংস্কৃতিসহ দ্বিপক্ষীয় সহযোগিতার বিভিন্ন বিষয়ে আলোচনা হবে।দিল্লি শীর্ষ বৈঠকে কী হতে যাচ্ছে, তার আভাস মিলেছিল ২০০৯ সালের সেপ্টেম্বরে দুই পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে। এবারের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকেও তেমন কিছু হবে কি না জানতে চাইলে দায়িত্বশীল এক কর্মকর্তা বলেন, ‘সে সময় ভিন্ন এক প্রেক্ষাপটে বৈঠকটি হয়েছিল। কারণ, এর আগে দুই দেশের মধ্যে উচ্চপর্যায়ের খুব বেশি বৈঠক হয়নি। তাই সেপ্টেম্বরের বৈঠকটি খুব গুরুত্বপূর্ণ ছিল। স্বাভাবিকভাবেই ওই বৈঠকে প্রধানমন্ত্রীদের আলোচনায় কোন বিষয়গুলো গুরুত্ব পাবে, তাঁর আভাস মিলেছিল। কিন্তু সাম্প্রতিক সময়ে, বিশেষ করে দিল্লি শীর্ষ বৈঠকের পর দুই দেশের সম্পর্কে বিশেষ মাত্রা যোগ হয়েছে। বেশ নিয়মিতভাবেই বিভিন্ন পর্যায়ের বৈঠক হচ্ছে। বিভিন্ন সিদ্ধান্ত বাস্তবায়নে উল্লেখযোগ্য অগ্রগতি হচ্ছে। এর পরও আমরা সহযোগিতার নতুন ক্ষেত্র নিয়ে বৃহস্পতিবারের বৈঠকে আলোচনা করব।’সংশ্লিষ্ট অন্য এক কর্মকর্তা জানান, ভুটানের ট্রাক সরাসরি বাংলাদেশে প্রবেশ, রোহানপুর-সিংহাবাদ রেললাইন চালুর ব্যাপারে ভারতের সহযোগিতার পাশাপাশি ভারতীয় বিনিয়োগ বাড়াতে দ্বিপক্ষীয় বিনিয়োগ সুরক্ষা চুক্তি সই নিয়ে আলোচনা হবে।অন্য এক কর্মকর্তা জানান, বাংলাদেশের পক্ষ থেকে পানি ও বিদ্যুৎ সমস্যা সমাধানের লক্ষ্যে অববাহিকাকেন্দ্রিক পানি ব্যবস্থাপনা নিয়ে আগ্রহ রয়েছে। এই প্রেক্ষাপটে এসব বিষয়ে আলোচনার কথা রয়েছে।সইয়ের তালিকায় থাকা চুক্তিগুলো: দুই প্রধানমন্ত্রীর শীর্ষ বৈঠক শেষে সইয়ের জন্য বেশ কিছু চুক্তি, সমঝোতা স্মারক ও প্রটোকল সই করার জন্য কর্মকর্তারা কাজ করছেন। এসব চুক্তির মধ্যে বাংলাদেশের অগ্রাধিকারের তালিকায় রয়েছে: তিস্তা ও ফেনী নদীর পানি বণ্টন চুক্তি, ছিটমহল ও অপদখলীয় জমি হস্তান্তর এবং সীমানা চিহ্নিতকরণ। এ ছাড়া সইয়ের জন্য প্রস্তুতি চলছে ট্রানজিটের আওতায় চট্টগ্রাম ও মংলা বন্দর ব্যবহার, সড়ক ও রেলপথ ব্যবহার, যৌথ বিনিয়োগে খুলনায় বিদ্যুৎকেন্দ্র স্থাপন, ভারতে বাংলাদেশের ৬১টি পণ্যের শুল্কমুক্ত সুবিধা, নবায়নযোগ্য জ্বালানি এবং সুন্দরবনের বাঘ সুরক্ষা-সংক্রান্ত চুক্তি ও প্রটোকল। কৃষ্ণার সফরসূচি: ভারতীয় বিমানবাহিনীর একটি বিমানে আজ দুপুর ১২টা ৫৫ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন এস এম কৃষ্ণা। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানাবেন পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি। সফরের প্রথম দিনের কর্মসূচি অনুযায়ী কৃষ্ণা সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন। এ ছাড়া তিনি অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সঙ্গে বৈঠক করবেন। সন্ধ্যায় জাতীয় দৈনিকের সম্পাদক ও টিভির জ্যেষ্ঠ সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ও করবেন এস এম কৃষ্ণা।সফরের দ্বিতীয় দিনে, অর্থাৎ বৃহস্পতিবার সকাল ১০টায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে আনুষ্ঠানিক বৈঠক করবেন দীপু মনি এবং এস এম কৃষ্ণা। ওই বৈঠক শেষে ভারতের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তাঁর কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করবেন। এরপর তিনি হোটেল সোনারগাঁওয়ে যৌথ সংবাদ সম্মেলনে অংশ নেবেন। দিনের পরের ভাগে তিনি রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান ও বিরোধীদলীয় নেত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। রাতে হোটেল রূপসী বাংলায় (সাবেক ঢাকা শেরাটন) তাঁর সম্মানে দীপু মনির দেওয়া নৈশভোজে যোগ দেবেন এস এম কৃষ্ণা।তিন দিনের সফরের শেষ দিন শুক্রবার এস এম কৃষ্ণা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভারতীয় আর্থিক সহায়তায় নির্মিত ভবনের ফলক উন্মোচন করবেন। কর্মসূচির শেষ বিষয় হিসেবে বাংলাদেশ-ভারত সম্পর্ক নিয়ে বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজে (বিআইআইএসএস) বক্তৃতা দেবেন এস এম কৃষ্ণা। ওই দিন দুপুরে তাঁর নয়াদিল্লিতে ফিরে যাওয়ার কথা।