প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আগামী সার্ক শীর্ষ সম্মেলনে আমন্ত্রণ জানাতে আজ শনিবার ঢাকায় এসেছেন ভুটানের প্রধানমন্ত্রী জিগমে ওয়াই থিনলের বিশেষ দূত খানডু ওয়াংচুক। তিনি সে দেশের অর্থমন্ত্রী।আগামী ২৮ ও ২৯ এপ্রিল ভুটানের রাজধানী থিম্পুতে অনুষ্ঠিত হবে দক্ষিণ এশিয়া আঞ্চলিক সহযোগিতা সংস্থার (সার্ক) ষোড়শ শীর্ষ সম্মেলন।পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা প্রথম আলোকে জানান, খানডু ওয়াংচুক আজ দুপুরে ঢাকায় পৌঁছান। তিনি কাল রোববার বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আনুষ্ঠানিকভাবে থিম্পুতে যাওয়ার আমন্ত্রণপত্র হস্তান্তর করবেন।ওয়াংচুক আজ বাণিজ্যমন্ত্রী ফারুক খান এবং আগামী মঙ্গলবার পররাষ্ট্রমন্ত্রী দীপু মনির সঙ্গে সৌজন্য সাক্ষাত্ করবেন। ১৭ ফেব্রুয়ারি বিকেলে তাঁর ঢাকা ছাড়ার কথা।এক বছর বিরতির পর এপ্রিলে ভুটানের রাজধানী থিম্পুতে বসছে আগামী সার্ক শীর্ষ সম্মেলন। বিশ্বমন্দার কারণে গত বছর মালদ্বীপ এ সম্মেলন আয়োজনে অপারগতা জানায়। এরপর গত বছরের মার্চে সার্ক সম্মেলন আয়োজনে এগিয়ে আসে ভুটান।