হাসিনাকে মনমোহনের ফোন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং আজ সোমবার রাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। এ সময় তিনি বলেন, বাংলাদেশের জনগণ খুবই শান্তিপ্রিয় এবং সব প্রতিবেশীর প্রতি বন্ধুভাবাপন্ন।মনমোহন সিং আশা প্রকাশ করেন, তাঁর আসন্ন বাংলাদেশ সফর সব দিক থেকেই দুই দেশের জনগণের প্রত্যাশা পূরণ করবে। তিনি দৃঢ় আস্থা ব্যক্ত করে বলেন, ভারত ও বাংলাদেশের মধ্যে বিদ্যমান বিভিন্ন সমস্যা আলোচনা ও সমঝোতার মাধ্যমে সমাধান করা সম্ভব হবে। এ ছাড়া তিনি এবং তাঁর স্ত্রী বাংলাদেশ সফরের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন বলেও প্রধানমন্ত্রীকে জানান। আগামী ৬ ও ৭ সেপ্টেম্বর বাংলাদেশ সফরে আসবেন মনমোহন সিং।পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ সাংবাদিকদের এসব তথ্য জানান। তিনি বলেন, ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং আজ রাত আটটার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে টেলিফোন করে তাঁর সঙ্গে কথা বলেছেন।আলাপকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বাংলাদেশের জনগণকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে মনমোহন বলেন, শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে বাংলাদেশের যে সাফল্য অর্জিত হচ্ছে, তা খুবই প্রশংসনীয়। তিনি বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় শেখ হাসিনার ভূমিকারও প্রশংসা করেন।শেখ হাসিনাকে আশ্বস্ত করে ভারতের প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশে শান্তি, উন্নয়ন, গণতন্ত্র সুসংহতকরণ এবং অসাম্প্রদায়িকতা প্রতিষ্ঠায় তাঁর সরকার সাহায্য-সহযোগিতা অব্যাহত রাখবে।শেখ হাসিনা টেলিফোন করার জন্য ভারতের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘আমি এবং বাংলাদেশের জনগণ আপনার সফরের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি।’প্রধানমন্ত্রী বলেন, তিনি ও তাঁর সরকার বাংলাদেশসহ দক্ষিণ-পূর্ব এশিয়ায় শান্তি প্রতিষ্ঠায় আগ্রহী। বাসস।