হাসিনাকে মুক্তি না দিতে আমুর অনুরোধ
আড়াই লাখ মার্কিন তারবার্তা ফাঁস করেছে উইকিলিকস। মার্কিন কূটনীতিকদের ভাষ্যে এসব তারবার্তায় বেরিয়ে এসেছে বাংলাদেশের রাজনীতি ও ক্ষমতার অন্দরমহলের খবরসেনা-সমর্থিত বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময় বিদেশে যাওয়ার জন্য আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনাকে কারাগার থেকে মুক্তি না দেওয়ার জন্য সরকারের কাছে অনুরোধ করেছিলেন দলটির তখনকার সভাপতিমণ্ডলীর সদস্য আমির হোসেন আমু।সাড়া জাগানো ওয়েবসাইট উইকিলিকসের ফাঁস করা মার্কিন গোপন তারবার্তায় এ কথা বলা হয়েছে। ২০০৮ সালের ১৮ জুন তৎকালীন মার্কিন রাষ্ট্রদূত জেমস এফ মরিয়ার্টি ওয়াশিংটনে ওই তারবার্তাটি পাঠান।মার্কিন তারবার্তায় বলা হয়েছে, তত্ত্বাবধায়ক সরকারের সময় শেখ হাসিনা যেদিন যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন, সেদিন আমির হোসেন আমু ঢাকার মার্কিন দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তাকে বলেন, শেখ হাসিনার দলের নেতৃত্ব চালিয়ে যাওয়ার বিরুদ্ধে কর্মীদের মধ্যে তিনি প্রচার চালাবেন।তারবার্তায় বলা হয়েছে, আমু ওই মার্কিন কর্মকর্তাকে বলেছেন, তিনি দীর্ঘ মেয়াদে হাসিনার সঙ্গে কাজ করতে পারবেন না। আমু আরও বলেন, কারামুক্তি ও দেশ ত্যাগ করার মধ্যবর্তী সময়ে শেখ হাসিনার সঙ্গে তাঁর কথা হয়নি বললেই চলে। বার্তায় উল্লেখ করা হয়েছে, আমু স্বীকার করেন, অন্তত একটি দুর্নীতি মামলায় হাসিনার সাজা হওয়ার ওপর তাঁর নিজের রাজনৈতিক ভবিষ্যৎ নির্ভর করছে।আমির হোসেন আমু এ ব্যাপারে প্রথম আলোকে বলেন, ‘মার্কিন দূতাবাসের সঙ্গে এ ব্যাপারে আমার কোনো কথাই হয়নি। একবার গীতা পাসির সঙ্গে আমার কথা হয়েছিল, তখন তিনি সবেমাত্র বাংলাদেশে দায়িত্ব নিয়ে এসেছেন। সে সময় অনেকেই আমার সঙ্গে ছিলেন। আলোচনার বিষয়বস্তু শেখ হাসিনাকে তাৎক্ষণিকভাবে জানিয়েছি। আমি বরং শেখ হাসিনার মুক্তির জন্য সরব ভূমিকা রেখেছি।’