হাসিনাকে সেনানিবাসে যেতে বারণ করেছিল মন্ত্রিসভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি বিডিআর বিদ্রোহের পর ১ মার্চ ঢাকা সেনানিবাসে বিক্ষুব্ধ সেনা কর্মকর্তাদের মুখোমুখি হয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে সহকর্মী হারানোর শোকে হতবিহ্বল বিভিন্ন পদবির প্রায় ৫০০ কর্মকর্তার ক্ষোভের মুখে পড়েন তিনি। মন্ত্রিসভার সদস্যরা এই বৈঠকের আগে বিপদের আশঙ্কা করে প্রধানমন্ত্রীকে সেনানিবাসে যেতে নিষেধ করেছিলেন। কেবল তা-ই নয়, উত্তপ্ত সেই বৈঠক শেষ করে সেনানিবাস থেকে হাসিনা নিরাপদে ফিরে আসায় কেউ কেউ বিস্ময়ও প্রকাশ করেছিলেন।প্রধানমন্ত্রীর নিরাপত্তা-বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিকীর বরাত দিয়ে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত জেমস এফ মরিয়ার্টি ২০০৯ সালের ১ মার্চ এই তারবার্তাটি ওয়াশিংটনে পাঠান। উইকিলিকস গত ৩০ আগস্ট তা প্রকাশ করে।ঢাকা সেনানিবাসে ওই বৈঠকের সময় প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী ও তারিক আহমদ সিদ্দিকী। বৈঠক চলে প্রায় আড়াই ঘণ্টা। মরিয়ার্টি তাঁর তারবার্তায় উল্লেখ করেন, শেখ হাসিনা এই বৈঠকে সেনা কর্মকর্তাদের তীব্র ক্ষোভের মুখোমুখি হন। উত্তেজিত কিছু সেনা কর্মকর্তা প্রধানমন্ত্রীকে নানা ধরনের কটুক্তিও করেন। তারিক আহমদ সিদ্দিকী এই বৈঠকে উপস্থিত আওয়ামী লীগবিরোধী কিছু কট্টরপন্থী সেনা কর্মকর্তাকে চিনতে পান। এঁদের মধ্যে অনেকেই চিত্কার করে নিজেদের বক্তব্য দেওয়ার জন্য দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেন। তবে তিনি জানান, বৈঠকের পুরো সময়ই ব্যাপক উত্তেজনা থাকলেও তা শেষ হয় শান্তিপূর্ণ মোনাজাতের মাধ্যমে নিহত সেনা কর্মকর্তাদের বিদেহী আত্মার শান্তি কামনা করে। তারিক আহমদ সিদ্দিকী জানান, সেদিন শেখ হাসিনা অক্ষত থাকায় তিনি বিস্মিত হয়েছিলেন।মরিয়ার্টির পাঠানো তারবার্তা অনুযায়ী, সেনানিবাসের সেই বৈঠকে সাংবাদিকদের প্রবেশাধিকার ছিল না। তবে বিভিন্ন সূত্রের মাধ্যমে মরিয়ার্টি জানতে পেরেছেন, বৈঠকে সংক্ষুব্ধ সেনা কর্মকর্তারা এ ঘটনায় মধ্যস্থতাকারী স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন ও স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানকের পদত্যাগ দাবি করেন। কিছু কর্মকর্তা বৈঠকে বিক্ষোভ প্রদর্শনও নাকি করেন। তাঁরা বেশ কিছু চেয়ার ভাঙচুর করেন বলে জানা যায়। সেনা কর্মকর্তারা প্রধানমন্ত্রীর কাছে ওই হত্যা ও অত্যাচারের সঙ্গে জড়িত বিডিআর সদস্যদের দ্রুত বিচারের দাবি করেন। কয়েকজন দাবি জানান, দোষীদের প্রকাশ্যে ফাঁসি দিতে হবে। রাষ্ট্রদূত মরিয়ার্টি তাঁর তারবার্তার একপর্যায়ে উল্লেখ করেছেন, বিডিআর বিদ্রোহের ঘটনায় অনেক সেনা কর্মকর্তা নিহত হওয়ার পর সেনাবাহিনীর কোনো কোনো কর্মকর্তা বিশ্বাস করেন, প্রধানমন্ত্রী বিডিআর বিদ্রোহ শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই সেনা অভিযানের নির্দেশ দিতে পারতেন। কিন্তু তিনি তা না করে সাধারণ ক্ষমা ঘোষণা করেছিলেন। এ ছাড়া বিডিআর জওয়ানদের বেতন-ভাতা নিয়ে অসন্তোষ ও বিডিআরে প্রেষণে নিয়োগ পাওয়া সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখার কথাও তাঁর সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল। বিডিআর বিদ্রোহ শুরু হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই বেশির ভাগ হত্যার ঘটনা ঘটেছিল বলে মরিয়ার্টি তারবার্তায় উল্লেখ করেছেন। মরিয়ার্টি আরও লিখেছেন, তার পরও অধিক রক্তক্ষয় এড়িয়ে শেখ হাসিনার নেওয়া পদক্ষেপগুলো দেশের গণমাধ্যমে প্রশংসিত হয়েছিল।