হাসিনার অধীনে নির্বাচন নয়: খালেদা
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, ‘নির্দলীয় সরকারের অধীনেই আগামী নির্বাচন হবে। আওয়ামী লীগ, হাসিনার অধীনে নয়।’আজ মঙ্গলবার সম্মিলিত পেশাজীবী পরিষদের পেশাজীবী সমাবেশ ও ইফতারে বিরোধীদলীয় নেতা জাতীয় নির্বাচন প্রশ্নে এভাবেই তাঁর অবস্থান পুনর্ব্যক্ত করেন। জাতীয় সংসদ ভবনের এলডি হল প্রাঙ্গণে ওই ইফতারের আয়োজন করা হয়।ইফতারের আগে সংক্ষিপ্ত বক্তব্য দেন খালেদা জিয়া। বর্তমান সরকারকে ‘জালেম ও অত্যাচারী’ আখ্যা দিয়ে খালেদা জিয়া বলেন, এ সরকারের হাত থেকে দেশকে মুক্ত করা সবার দায়িত্ব। সরকার জানে নির্দলীয় সরকারের অধীনে অবাধ, নিরপেক্ষ নির্বাচন হলে জনগণ তাদের ঘৃণাভরে প্রত্যাখ্যান করবে। তিনি বলেন, ‘নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে ঈদের পর রাজপথে নামব।’ সেই আন্দোলনে সবাইকে যোগ দেওয়ার আহ্বান জানান বিরোধীদলীয় নেতা।প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের প্রচারণার সুযোগ রেখে নির্বাচন কমিশন নির্বাচন আচরণবিধি সংশোধনের যে খসড়া তৈরি করেছে, তার কঠোর সমালোচনা করেন বিকল্প ধারার সভাপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী। তিনি বলেন, প্রধানমন্ত্রী নির্বাচনের সময় প্রধানমন্ত্রী থাকবেন। পদ-পদবি নিয়ে নির্বাচনে ভোট চাইতে পারবেন। তিনি প্রশ্ন রাখেন, ‘কোন সরকারি কর্মচারীর ঘাড়ে কয়টি মাথা যে প্রধানমন্ত্রীর কথা অমান্য করবেন?’বদরুদ্দোজা চৌধুরী বলেন, এ ধরনের নির্বাচন বাংলাদেশের মাটিতে হতে দেওয়া হবে না।পেশাজীবী সমাবেশ ও ইফতারে চলচ্চিত্রনির্মাতা চাষী নজরুল ইসলাম সভাপতিত্ব করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন পেশাজীবী পরিষদের মহাসচিব এ জেড এম জাহিদ হোসেন। অন্যদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এমাজউদ্দিন, সহ-উপাচার্য আ ফ ম ইউসুফ হায়দার, ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (একাংশ) সভাপতি রুহুল আমীন গাজী, জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি শওকত মাহমুদ, বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিয়াসহ বিএনপি-সমর্থিত বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।