হাসিনার অধীনে নির্বাচনে বিএনপি যাবে না: ফারুক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে জাতীয় নির্বাচনে বিএনপি যাবে না। এর পরও যদি নির্বাচন দেওয়া হয়, বিএনপি দেশের জনগণকে সঙ্গে নিয়ে সে নির্বাচন হতে দেবে না; প্রতিহত করবে। কারামুক্তির পর আজ শুক্রবার দিনভর নিজ নির্বাচনী এলাকা নোয়াখালীর সেনবাগের ছাতারপাইয়া, কানকিরহাট, গাজীরহাট, নজরপুর, ছিলোনীয়া, সেনবাগ পৌর শহরসহ বিভিন্ন স্থানে আয়োজিত পথসভায় জয়নুল আবদিন এসব কথা বলেন। তিনি বলেন, ‘এখনো সময় আছে, সামনে বাজেট অধিবেশনে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল করুন। না হয় দেশের জনগণ থেকে আপনারা (আওয়ামী লীগ) বিচ্ছিন্ন হয়ে পড়বেন।’পথসভাগুলোতে উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক মোক্তার হোসেন পাটোয়ারী, পৌর বিএনপির সভাপতি জাহিদুল হক, সাধারণ সম্পাদক ফারুক বাবুল প্রমুখ উপস্থিত ছিলেন।জয়নুল আবদিন সরকারকে উদ্দেশ করে বলেন, ‘নিষেধাজ্ঞা প্রত্যাহার করে ঢাকায় সভা-সমাবেশের অনুমতি দিয়ে রাজনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনুন, রক্তপাত বন্ধ করুন। বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা সব মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে।’জয়নুল আবদিন ফারুক আরও বলেন, ‘তত্ত্বাবধায়ক সরকারের জন্য আওয়ামী লীগ ১৭৩ দিন হরতাল দিয়েছিল। ক্ষমতায় এসে সেই তত্ত্বাবধায়ক সরকারকে জিন্দা কবর দিয়েছে। বর্তমান প্রধানমন্ত্রী তত্ত্বাবধায়ক সরকার দেবেন না। কারণ তিনি জেনে গেছেন তাঁরা জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছেন। নির্বাচনে সরকারি দলের সকলেই জামানত হারাবেন।’