হাসিনার ইফতারে যাননি খালেদা
প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে আজ শনিবার গণভবনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা যোগ দেন। প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ইফতার মাহফিলে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আমন্ত্রণ জানানো হলেও বিএনপির কোনো প্রতিনিধি সেখানে যাননি। এর আগে খালেদা জিয়ার ইফতারের আমন্ত্রণে শেখ হাসিনা যোগ দেননি।এদিকে প্রধানমন্ত্রীর ইফতারে না গেলেও খালেদা জিয়া রাজধানীর রূপসী বাংলা হোটেলে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মহাফিলে যোগ দেন। এতে জামায়াতের বিভিন্ন স্তরের নেতারা যোগ দেন। চারদলীয় জোটের নেতারাও ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন। তবে জোটের বাইরে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) নেতা অলি আহমদ ইফতারে যোগ দেন।আওয়ামী লীগের ইফতার মাহফিলে বিএনপি ছাড়া অন্য দলগুলোর মধ্যে জাতীয় পার্টির এ এইচ এম এরশাদ, রুহুল আমিন হাওলাদার, জি এম কাদের, আনিসুল ইসলাম মাহমুদ, বিকল্প ধারার বদরুদ্দোজা চৌধুরী, কৃষক শ্রমিক জনতা লীগের কাদের সিদ্দিকী, সিপিবির মুজাহিদুল ইসলাম সেলিম, জাসদের হাসানুল হক ইনু ও ইসলামী ঐক্যজোটের একাংশের মেজবাউর রহমান চৌধুরী উপস্থিত ছিলেন।এ ছাড়া আওয়ামী লীগের সৈয়দা সাজেদা চৌধুরী, মতিয়া চৌধুরী, আমির হোসেন আমু, সৈয়দ আশরাফুল ইসলাম ও সুরঞ্জিত সেনগুপ্তসহ দলের জ্যেষ্ঠ নেতারা ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন।