হাসিনার একক নেতৃত্ব প্রতিষ্ঠার ভূমিকা বলার প্রয়োজন নেই: জলিল
আওয়ামী লীগে শেখ হাসিনার একক নেতৃত্ব প্রতিষ্ঠার ক্ষেত্রে দলের নেতা তোফায়েল, আমু, রাজ্জাক ও জলিলের ভূমিকা কী ছিল, তা বলার প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন দলের সাবেক সাধারণ সম্পাদক আবদুল জলিল।আজ সোমবার এক সংবর্ধনা অনুষ্ঠানে আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য আবদুল জলিল এ মন্তব্য করেন। রাজনীতিতে আবদুল জলিলের ৫৫ বছর পূর্তি উপলক্ষে সাংস্কৃতিক সংগঠন ‘আমরা সূর্যমুখী’ জাতীয় জাদুঘর মিলনায়তনে এ সংবর্ধনার আয়োজন করে।নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে একপর্যায়ে আবদুল জলিল বলেন, ‘আওয়ামী লীগের মধ্যে শেখ হাসিনার একক নেতৃত্ব প্রতিষ্ঠার ক্ষেত্রে আমু, তোফায়েল, রাজ্জাক, জলিলের ভূমিকা যে কী ছিল, ইতিহাসই তা বলবে। আমাদের বলার কিছু নেই।’ কিছুদিন আগে দলের সভানেত্রী শেখ হাসিনাকেও তিনি এ কথা বলেছেন বলে তিনি মন্তব্য করেন। আবদুল জলিল তাঁর রাজনৈতিক জীবনের বিভিন্ন স্মৃতি তুলে ধরেন এ অনুষ্ঠানে।আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর আরেক সদস্য আমির হোসেন আমু বলেন, মহাজোট গঠন এবং গত নির্বাচনে এর নিরঙ্কুশ বিজয়ের ক্ষেত্রে আবদুল জলিলের অসাধারণ ভূমিকা ছিল। সে সময় তিনি ছিলেন দলের সাধারণ সম্পাদক। দলের ভেতরে কোনো অন্তঃকলহ তৈরি করা হয়নি দাবি করে আওয়ামী লীগের প্রবীণ এই নেতা বলেন, ‘মতভেদ থাকতে পারে। তার মানে এই নয় যে আমরা দলকে বিভক্ত করার চেষ্টা করেছি।’বিএনপির তত্ত্বাবধায়ক সরকার দাবি প্রতিহিংসামূলক বলেও তিনি দাবি করেন।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জ্যেষ্ঠ আইনজীবী আমীর-উল ইসলাম। অন্যদের মধ্যে সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী আবুল হাসান চৌধুরী, কণ্ঠশিল্পী ফাতেমা-তুজ জোহরা প্রমুখ বক্তব্য দেন।