হাসিনার তত্ত্বাবধায়কের ধারণা নষ্ট করেছে চারদলীয় জোট: নৌমন্ত্রী
নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খান বলেছেন, তত্ত্বাবধায়ক সরকারের ধারণাটা (কনসেপশন) প্রধানমন্ত্রী শেখ হাসিনারই ছিল। এটাকে নষ্ট করেছে চারদলীয় জোট সরকার, ইয়াজউদ্দিন আহম্মেদ যখন সরকারের প্রধান হলেন। ওনাদের লোকেরাই তত্ত্বাবধায়ক সরকারের ধারণাটা (কনসেপশন) নষ্ট করেছেন।আজ বৃহস্পতিবার সকালে মাদারীপুর জেলা প্রশাসকের কার্যালয়ে জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে উন্নয়ন সমন্বয় বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলোচনার সময় নৌমন্ত্রী এসব কথা বলেন।নৌমন্ত্রী বলেন, ‘এই সরকারের অধীনেই নির্বাচন সুষ্ঠু হতে পারে, এর দৃষ্টান্ত হলো চারটি সিটি করপোরেশনের নির্বাচন। পশ্চিমবঙ্গে যেমন ৩৪ বছর পর তৃণমূল জয়লাভ করেছে এবং ক্ষমতা হস্তান্তরিত হয়েছে, অন্যান্য সংসদীয় গণতান্ত্রিক দেশে যেমন নির্বাচন হয়, আমাদের দেশেও তেমনি নির্বাচন হবে।’ সরকারের জেদের বশে গ্রামীণ ব্যাংক পুনর্গঠন হচ্ছে সুশীল সমাজের এ ধরনের মতামতের পরিপ্রেক্ষিতে নৌমন্ত্রী বলেন, এই সুশীল সমাজই মাইনাস টু থিওরি আবিষ্কার করেছে। সুশীল সমাজের কথামতো দেশ পরিচালিত হবে না, সংবিধান অনুযায়ীই রাষ্ট্র পরিচালিত হবে।পরে নৌমন্ত্রী জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলনকক্ষে দুস্থ ও ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের মধ্যে ঐচ্ছিক তহবিলের অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নেন। এ সময় উপস্থিত ছিলেন মাদারীপুরের জেলা প্রশাসক নূর-উর-রহমান, পুলিশ সুপার খোন্দকার ফরিদুল ইসলাম, সদর উপজেলা চেয়ারম্যান শফিক খান, পৌর মেয়র খালিদ হোসেন প্রমুখ। মন্ত্রী জেলা আইনশৃঙ্খলা সমন্বয় কমিটির সভায়ও অংশ নেন।