ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার গত জানুয়ারির নয়াদিল্লি সফরকে ভারত-বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রে একটি মাইলফলক বলে অভিহিত করেছেন। তিনি বলেছেন, বাংলাদেশের সঙ্গে তাঁর দেশের সম্পর্ককে বহুমাতৃক ও ব্যাপকভিত্তিক করতে তাঁর সরকার ইতিমধ্যে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে। গতকাল শুক্রবার ভারতের পার্লামেন্টের যৌথ অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণকে ধন্যবাদ জানিয়ে দেওয়া বক্তব্য দেওয়ার সময় মনমোহন সিং এসব কথা বলেন। খবর বাসসের।মনমোহন সিং বলেন, গত জানুয়ারিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরকে তাঁরা দুই দেশের সম্পর্কের একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচনা করছেন। তিনি বলেন, ‘ওই সফরের সময় আমরা আমাদের উন্নয়ন সম্পর্ককে আরও জোরালো করতে একটি সমন্বিত পরিকাঠামো পেশ করেছি। ওই পরিকাঠামোয় উভয়পক্ষই নিরাপত্তা বিষয়ে একে অন্যকে সহায়তা করতে অঙ্গীকার করেছে।’তিনি বলেন, ‘বাংলাদেশ সরকার তাদের ভূখণ্ডে তারা কোনো ধরনের ভারতবিরোধী তত্পরতা বরদাশত করবে না বলে আমাদের আশ্বস্ত করেছে।’তিনি আরও বলেন, ইতিমধ্যে বাংলাদেশ এ বিষয়ে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে, যাকে ভারত স্বাগত জানিয়েছে। মনমোহন সিং বলেন, তাঁর নেতৃত্বাধীন ইউপিএ সরকার বাংলাদেশের বিভিন্ন প্রকল্পে ১০০ কোটি ডলার বিনিয়োগের পদক্ষেপ নিয়েছে।