হাসিনার দিল্লি সফরের সময় নেওয়া সিদ্ধান্ত বাস্তবায়নের তাগিদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নয়াদিল্লি সফরের সময় নেওয়া সিদ্ধান্তগুলো দ্রুত বাস্তবায়নের জন্য সর্বোচ্চ পর্যায়ে আলোচনা করেছে ভারত। এ নিয়ে গত বৃহস্পতিবার প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সঙ্গে বৈঠক করেছেন অর্থমন্ত্রী প্রণব মুখার্জি।বৈঠক সূত্র জানায়, ভারতের সঙ্গে বাংলাদেশের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরালো করতে বৈঠকে দুই নেতাই হাসিনার ভারত সফরের পর যৌথ বিবৃতির সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়নের প্রয়োজনীয়তা অনুভব করেন।বৈঠকে প্রণব মুখার্জি গত ৭ আগস্ট তাঁর সংক্ষিপ্ত ঢাকা সফরের সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বাংলাদেশের অন্য নেতার সঙ্গে আলোচনা এবং বাংলাদেশকে দেওয়া ভারতের ১০০ কোটি মার্কিন ডলারের ঋণসহায়তা চুক্তি স্বাক্ষরের কথা মনমোহনকে অবহিত করেন।সূত্র জানায়, মনমোহন ও প্রণব ভারত ও বাংলাদেশের সাম্প্রতিক সম্পর্ক এবং দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট প্রধান প্রধান বিষয় নিয়েও আলোচনা করেন। বৈঠকে তাঁরা দ্বিপক্ষীয় সম্পর্ক গতিশীল করতে গত জানুয়ারি মাসে শেখ হাসিনার দিল্লি সফরের সময় যে যৌথ বিবৃতি স্বাক্ষর করা হয়েছিল, তা বাস্তবায়নের তাগিদ অনুভব করেন। দুই নেতার মধ্যে নদনদীর পানিবণ্টন, বাণিজ্য, ছিটমহল বিনিময় ও সীমানা পুনর্নির্ধারণ নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে।১৯৭৪ সালে ইন্দিরা-মুজিব চুক্তি অনুযায়ী ভারত ও বাংলাদেশের দখলে থাকা প্রতিকূল ছিটমহল বিনিময় নিয়ে আগামী মাসে ভারত ও বাংলাদেশের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের মধ্যে বৈঠক আবার নতুন করে শুরু হতে পারে বলেও সূত্র জানায়।শেখ হাসিনার ভারত সফরের সময় বাণিজ্য, পানিবণ্টন ও ছিটমহলের বিনিময় সম্পর্কিত সিদ্ধান্তগুলো বাস্তবায়নের ওপর জোর দিচ্ছে বাংলাদেশ। এ ব্যাপারে প্রণব তাঁর গত ৭ আগস্ট সফরের সময় ঢাকার উদ্বেগের কথা মনমোহনকে জানান। জানা গেছে, দ্বিপক্ষীয় বাণিজ্য ঘাটতি কমাতে ভারত বাংলাদেশ থেকে ৪৫ থেকে ৫০টির বেশি পণ্য শুল্কমুক্ত সুবিধায় আমদানি করার বিষয়টি বিবেচনা করছে। বর্তমানে ভারত বাংলাদেশে আনুমানিক ৩০০ কোটি ডলারের বেশি পণ্য রপ্তানি করে। আর আমদানি করে ৩৪ কোটি ৫০ লাখ ডলারের পণ্য।