হাসিনার নাইকো দুর্নীতি মামলা বাতিলের রায় কাল
নাইকো দুর্নীতি মামলা বাতিলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার করা আবেদনের ওপর কাল বৃহস্পতিবার রায় দেওয়া হবে। আজ বুধবার প্রথম দিনের মতো শুনানির পর বিচারপতি মো. শামসুল হুদা ও বিচারপতি মো. আবু বকর সিদ্দিকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।শুনানি বেলা ১১টায় শুরু হয়, মাঝখানে এক ঘণ্টার বিরতিসহ চলে বিকেল চারটা ১০ মিনিট পর্যন্ত। শেখ হাসিনার আইনজীবী শেখ ফজলে নূর তাপস পরে সাংবাদিকদের জানান, আদালত বিষয়টি কাল আংশিক শুনানি শেষে রায়ের জন্য রেখেছেন। শেখ হাসিনার পক্ষে শুনানিতে অংশ নেন রফিক-উল হক ও শেখ ফজলে নূর তাপস। দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে ছিলেন খুরশীদ আলম খান। শুনানিতে শেখ ফজলে নূর তাপস বলেন, দুদক আইন অনুযায়ী মামলা এফআইআর করার সময় অনুমোদন নেওয়ার বিধান রয়েছে। এ ক্ষেত্রে অনুমোদন নেওয়া হয়নি। এমনকি অভিযোগপত্র দেওয়ার সময়ও অনুমোদন নেওয়ার কথা বলা হয়েছে। এ ক্ষেত্রে অনুমোদন নেওয়া হলেও তা যান্ত্রিক। এ অনুমোদনের আইনগত ভিত্তি নেই। এ মামলায় দণ্ডবিধির ৪০৯ ধারা এবং দুদক আইনের ৫(২) ধারায় যে অভিযোগ আনা হয়েছে, এমন অপরাধের উপাদান নেই।খুরশীদ আলম খান বলেন, যথাযথ অনুমোদন নিয়েই মামলাটি দায়ের করা হয়েছে। অভিযোগের উপাদান আছে কি না, তা নিম্ন আদালতে সাক্ষ্যপ্রমাণের মাধ্যমে বিবেচ্য বিষয়। তাই এ পর্যায়ে মামলা বাতিলের আবেদন গ্রহণযোগ্য নয়। তিনটি গ্যাস ফিল্ড থেকে গ্যাস উত্তোলনের জন্য নাইকোকে কাজ দিয়ে রাষ্ট্রের ১৩ হাজার ৬৩০ কোটি ৫০ লাখ টাকা ক্ষতি সাধনের অভিযোগে তেজগাঁও থানায় ২০০৭ সালের ৯ ডিসেম্বর দুদকের উপপরিচালক সাব্বির হাসান মামলাটি করেন।২০০৮ সালে মামলা থেকে অব্যাহতি চেয়ে বাতিলের আবেদন জানান। এর পরিপ্রেক্ষিতে ওই বছরের ৭ জুলাই হাইকোর্টের একটি বেঞ্চ মামলার কার্যক্রম স্থগিত করেন। একইসঙ্গে কেন বাতিল করা হবে না—তা জানতে চেয়ে সরকার ও দুদকের প্রতি রুল জারি করেন। আজ সেই রুলের শুনানিই হয়েছে।