হাসিনার নেতৃত্বের প্রশংসা করলেন টনি ব্লেয়ার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গণতন্ত্র শক্তিশালী করার পাশাপাশি জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলার লড়াইয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসা করেছেন যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার।ব্যক্তিগত সফরে ঢাকায় অবস্থানরত টনি ব্লেয়ার গতকাল শনিবার গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতের সময় এ মন্তব্য করেন। এ সময় স্ত্রী শেরি ব্লেয়ার তাঁর সঙ্গে ছিলেন। বাংলাদেশ সফরের দ্বিতীয় দিনে টনি ব্লেয়ার অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ও সংসদে বিরোধীদলীয় নেত্রী খালেদা জিয়ার সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করেন। বার্তা সংস্থা ইউএনবি জানায়, সন্ত্রাস দমনসহ জনকল্যাণে বর্তমান সরকারের নেওয়া বেশ কিছু পদক্ষেপের ব্যাপারে যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান শেখ হাসিনা। জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় বাংলাদেশের পাশে দাঁড়ানোয় তিনি যুক্তরাজ্য সরকারকে ধন্যবাদ জানান। বৈশ্বিক উষ্ণায়নের ঝুঁকি মোকাবিলায় আন্তর্জাতিক সহায়তা অপরিহার্য বলে অভিমত দেন তিনি। বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় অব্যাহত সমর্থনের জন্য শেখ হাসিনা ব্রিটিশ সরকারের প্রশংসা করেন।‘টনি ব্লেয়ার ফেইথ ফাউন্ডেশন’ প্রতিষ্ঠার মাধ্যমে বিশ্বজুড়ে বিভিন্ন ধর্মের মানুষের মাঝে শান্তি ও সহমর্মিতা প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়ায় যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রীর প্রশংসা করেন শেখ হাসিনা।প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারকে জানান, গণতন্ত্র ও সুশাসন সুসংহত করার পাশাপাশি সরকার আইনের শাসন প্রতিষ্ঠা, দুর্নীতি রোধ, দারিদ্র্য বিমোচন এবং খাদ্য ও জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে অব্যাহতভাবে কাজ করে যাচ্ছে।এ সময় অন্যান্যের মধ্যে প্রধানমন্ত্রীর বিশেষ দূত মো. জিয়াউদ্দিন, মুখ্য সচিব মো. আবদুল করিম, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মোল্লা ওয়াহিদউজ্জামান ও ঢাকায় ব্রিটিশ হাইকমিশনার স্টিফেন ইভান্স উপস্থিত ছিলেন।খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ: টনি ব্লেয়ারের সঙ্গে সাক্ষাতের সময় বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে যুক্তরাজ্যের সাহায্য-সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন বিরোধীদলীয় নেত্রী খালেদা জিয়া।ব্রিটিশ হাইকমিশনের বাংলোয় অনুষ্ঠিত ওই বৈঠকে দ্বিপক্ষীয় বিষয়ের পাশাপাশি আন্তর্জাতিক প্রসঙ্গ নিয়েও তাঁরা কথা বলেন।সূত্র জানায়, বৈঠকে টনি ব্লেয়ার বলেন, বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নের ক্ষেত্রে অনেক চ্যালেঞ্জ রয়েছে। বিশেষ করে বিদ্যুৎ, জলবায়ু পরিবর্তন, দারিদ্র্য ও শিক্ষার ক্ষেত্রে সমস্যা এ দেশের মূল সমস্যা। তিনি বিরোধীদলীয় নেতাকে আরও বলেন, যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশিরা দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নে বিশেষ ভূমিকা রাখছে। এ সাক্ষাতের সময় বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা রিয়াজ রহমান, দলের ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী ও ব্রিটিশ হাইকমিশনার স্টিফেন ইভান্স উপস্থিত ছিলেন।তিন দিনের ব্যক্তিগত সফরে টনি ব্লেয়ার গত শুক্রবার দুপুরে কুয়ালালামপুর থেকে ঢাকায় আসেন। আজ সকালে তাঁর ঢাকা ছাড়ার কথা রয়েছে।