হাসিনার পরিবারের সম্পদের উৎস নিয়ে প্রশ্ন বিএনপির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিরোধীদলীয় নেত্রী খালেদা জিয়ার ছেড়ে যাওয়া সেনানিবাসের বাড়ির আসবাব নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় সংসদে যে বক্তব্য দিয়েছেন, তা ‘চরম মিথ্যাচার’ বলে দাবি করেছে বিএনপি।গতকাল শুক্রবার রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপির এক সংবাদ সম্মেলনে এ দাবি করা হয়। দলটির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন বলেন, ‘খালেদা জিয়ার সেনানিবাসের বাড়ির মালামাল নিয়ে সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া বক্তব্য অসংসদীয়, মিথ্যা, অসভ্য, রুচিহীন ও শিষ্টাচারবহির্ভূত।’ তিনি শেখ হাসিনার পরিবারের সদস্যদের সম্পদের উৎস নিয়েও প্রশ্ন তোলেন।খোন্দকার দেলোয়ার বলেন, ‘প্রধানমন্ত্রীর বক্তব্য একদলীয় সংসদে কুৎসিত মিথ্যাচার করে চরিত্র হনন এবং অন্যকে নিপীড়ন করে আনন্দ লাভের স্যাডিস্ট মনোবৃত্তির প্রকাশ। এটা নির্লজ্জ মিথ্যাচার ও প্রধানমন্ত্রীর হিংসার লেলিহান আগুনের বহিঃপ্রকাশ। শেখ হাসিনা প্রতিহিংসার রাজনীতির চর্চা করেন।’বিএনপির মহাসচিব সরকারকে হুঁশিয়ার করে দিয়ে বলেন, ‘বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা ১৫টি মামলা, ধানমন্ডিতে তাঁর স্বামী ওয়াজেদ মিয়ার নামে নির্মিত সুধা সদন এবং লন্ডনে শেখ রেহানার তিনটি বাড়ি নির্মাণের আয়ের উৎসের হিসাব পরবর্তী সরকার খতিয়ে দেখবে।’গত বৃহস্পতিবার নবম সংসদের সপ্তম অধিবেশনের সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিরোধীদলীয় নেত্রী খালেদা জিয়ার আয়ের উৎস জানতে চান। তিনি সেনানিবাসের বাড়ির মালামালের বর্ণনা তুলে ধরেন। এসব মালের শুল্ক দেওয়া হয়েছে কি না, তা জানতে এবং খালেদা জিয়ার আয়করের হিসাব খতিয়ে দেখতে অর্থমন্ত্রীকে অনুরোধ করেন।শেখ হাসিনা সংসদে বলেছিলেন, খালেদা জিয়ার ওই বাড়িতে ৪৫টি কামরা, ১২টি বাথরুম ও চারটি রান্নাঘর। মামলার সময় গাড়িতে করে অনেক মালামাল আগেই সরিয়ে নিয়েছিলেন তিনি। ওই বাড়িতে ছিল ৬৪টি এসি, এলসিডিসহ ২০টি টেলিভিশন, ১৭টি ফ্রিজ, ১০টি গিজার, ৭১টি সোফা সেট এবং সাত হাজার ২০০ বর্গফুট কার্পেট। এর মধ্যে ৪৫টি এসি, ১২ টেলিভিশন, আটটি ফ্রিজ ও ১৭টি সোফা সেট নিয়ে যাওয়া হয়েছে।এরই পরিপ্রেক্ষিতে বিএনপির বক্তব্য তুলে ধরে গতকাল সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব বলেন, ‘সেনানিবাসের বাড়িতে মোট তিনটি বেডরুম, তিনটি চাইল্ড বেড, দুটি গেস্ট রুম ও ড্রয়িং রুম আছে। তাহলে সেখানে কীভাবে ৬৪টি এসি স্থাপন করা হয়েছে? এতে প্রমাণিত হয়, শেখ হাসিনা ফ্যাসিস্ট নেতা গোয়েবলসীয় তত্ত্বের মতোই মিথ্যাচার ও কল্পকাহিনি ফেঁদেছেন। প্রকাশ্য দিবালোকে খালেদা জিয়াকে উচ্ছেদের পর কয়টি গাড়িতে মালামাল ও আসবাবপত্র সরানো হয়েছে, তা জনগণ দেখেছে। কোনো লুকোচুরি করা হয়নি।’খোন্দকার দেলোয়ার অভিযোগ করেন, ‘বাংলাদেশের সঙ্গে ভারতের ট্রানজিট চুক্তি ও কানেকটিভিটির মূল কার্যক্রমের সঙ্গে প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয়ের সম্পৃক্ততা আছে। হিন্দুস্তান টাইমস-এ প্রকাশিত হয়েছে, জয় এর সঙ্গে জড়িত।’শেখ হাসিনার স্বামী প্রয়াত ড. ওয়াজেদ মিয়ার সম্পদ নিয়ে প্রশ্ন তুলে বিএনপির মহাসচিব বলেন, ‘ওয়াজেদ সাহেবের পরিবারের অবস্থা ভালো ছিল না। তিনি আণবিক শক্তি কমিশনে চাকরি করতেন। সেখানে কত টাকা বেতন পেতেন, তা কারও অজানা নয়। এই আয় দিয়ে তিনি কীভাবে ধানমন্ডির মতো অভিজাত এলাকায় সুধা সদনের মতো বাড়ি বানালেন?’ তিনি আরও বলেন, ‘শেখ হাসিনার বাবা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আয়করের টিআইএন নম্বর কত, তা দেশের জনগণ জানতে চায়। তাঁর কোনো বৈধ আয়ের উৎস না থাকা সত্ত্বেও কীভাবে তিনি ধানমন্ডি ৩২ নম্বরের মতো জায়গায় বাড়ি নির্মাণ করেন?’সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিয়া, আবদুল মঈন খান, মির্জা আব্বাস ও গয়েশ্বর চন্দ্র রায়, সহসভাপতি আলতাফ হোসেন চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার মাহবুব হোসেন, আহমেদ আজম খান ও আবদুল মান্নান উপস্থিত ছিলেন।খালেদা জিয়া চীনে যাচ্ছেন: বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ১৮ ডিসেম্বর চীন সফরে যাবেন। চীনের কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে তিনি পাঁচ দিনের সফরে সে দেশে যাচ্ছেন বলে দলীয় সূত্র জানায়।