হাসিনার বিরুদ্ধে আরও একটি মামলা বাতিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ভাসমান বিদ্যুেকন্দ্র স্থাপনে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা দুর্নীতির মামলাটি বাতিল করা হয়েছে। বিচারপতি মো. শামসুল হুদা ও আবু বকর সিদ্দিকীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ মামলাটি বাতিল করার জন্য শেখ হাসিনার আবেদনের ওপর দুই দিনের শুনানি শেষে আজ মঙ্গলবার এ আদেশ দেন।হাইকোর্টের একই বেঞ্চ ৭ এপ্রিল আবেদনের ওপর দুই দিনের শুনানি শেষে আজ রায় ঘোষণার দিন ধার্য করেছিলেন।আদালতে শেখ হাসিনার পক্ষে আইনজীবী শেখ ফজলে নূর তাপস, মোহাম্মদ মেহেদী হাসান চৌধুরী এবং দুদকের পক্ষে আইনজীবী খুরশীদ আলম খান মামলাটি পরিচালনা করেন।রায় ঘোষণার পর শেখ ফজলে নূর তাপস বলেন, আদালত মামলাটি খারিজ করেছেন। মামলা দায়ের ও অভিযোগপত্র দাখিলের ক্ষেত্রে যথাযথ আইন ও নিয়ম অনুসরণ করা হয়নি। শেখ হাসিনার রাজনৈতিক ও ব্যক্তিগত ক্যারিয়ার হেয় করার জন্য এটি করা হয়েছে। মামলায় অভিযোগের উপাদান নেই। অনুরোধপত্রের ভিত্তিতে মামলা করা, আমলে নেওয়া ও বিচার শুরু করায় আদালত অবাক হয়েছেন।দুদকের আইনজীবী খুরশীদ আলম খান বলেন, অভিযোগ গঠনের পর সাক্ষ্যগ্রহণ পর্যায়ে মামলা বাতিল হতে পারে না—এমন যুক্তি তুলে ধরেছি। তবে আদালত মামলাটি বাতিল করেছেন। রায়ের বিরুদ্ধে আপিল করা হবে কি না, জানতে চাইলে তিনি বলেন, আপিলের যথেষ্ট যুক্তি রয়েছে। দুদক এ ব্যাপারে পরবর্তী সিদ্ধান্ত নেবে।প্রসঙ্গত, ভাসমান বিদ্যুেকন্দ্র স্থাপনে দুর্নীতির অভিযোগে ২০০৭ সালের ২ সেপ্টেম্বর দুদকের উপ-পরিচালক সাব্বির হাসান বাদী হয়ে শেখ হাসিনাসহ পাঁচজনের বিরুদ্ধে তেজগাঁও থানায় একটি মামলা করেন। মামলাটি বাতিলের জন্য শেখ হাসিনা হাইকোর্টে আবেদন করলে ২০০৮ সালের ৭ জুলাই হাইকোর্টের একটি বেঞ্চ মামলার কার্যক্রম স্থগিত করেন। সেইসঙ্গে মামলাটি কেন বাতিল করা হবে না, তা জানাতে সরকার ও দুদকের প্রতি একটি রুল জারি করেন। এ রুলের ওপর শুনানি শেষে আদালত আজ রায়ের দিন ধার্য করেন।