হাসিনার বিরুদ্ধে চারটি দুর্নীতি মামলার শুনানি বুধবার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা চারটি দুর্নীতি মামলা বাতিল করার আবেদনের ওপর আগামী বুধবার হাইকোর্টে শুনানি অনুষ্ঠিত হবে। আজ বৃহস্পতিবার শেখ হাসিনার আইনজীবীরা শুনানির জন্য সময় চেয়ে আবেদন করলে বিচারপতি মো. শামসুল হুদা ও বিচারপতি আবু বকর সিদ্দিকীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। মামলা চারটি দায়ের করা হয় ভাসমান বিদ্যুত্ কেন্দ্র স্থাপন, ফ্রিগেট জাহাজ ক্রয়, বেপজায় পরামর্শক নিয়োগ ও মেঘনাঘাট পাওয়ার প্লান্ট নির্মাণে দুর্নীতি ও অনিয়ম করার অভিযোগে। প্রধানমন্ত্রীর আইনজীবী মোহাম্মদ মেহেদী হাসান চৌধুরী প্রথম আলোকে বলেন, সময় চাওয়া হয়েছে। আদালত শুনানি মুলতবি করে বুধবার শুনানির দিন ধার্য করেছেন। মামলার ক্রম অনুসারে ভাসমান বিদ্যুত্ কেন্দ্রসংক্রান্ত মামলাটির ওপর প্রথমে শুনানি হবে। উল্লেখ্য, এর আগে ১১ মার্চ আদালত মামলাগুলোর ওপর শুনানির জন্য আজ ১৮ মার্চ তারিখ নির্ধারণ করেন।বিগত চারদলীয় জোট সরকার ও তত্ত্বাবধায়ক সরকারের আমলে মামলাগুলো দায়ের করা হয়। শেখ হাসিনা মামলার দায় থেকে অব্যাহতি চেয়ে হাইকোর্টে আবেদন করেন। এর পরিপ্রেক্ষিতে হাইকোর্ট মামলার কার্যক্রম স্থগিত করেছিলেন। পাশাপাশি মামলাগুলো কেন বাতিল করা হবে না তা জানতে চেয়ে সরকার ও দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রতি রুল জারি করেন। আজ এই রুলের ওপরই শুনানি হওয়ার কথা ছিল।