হাসিনার বিরুদ্ধে মিগ ২৯ দুর্নীতি মামলা খারিজ
প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে চারদলীয় জোট সরকারের আমলে করা মিগ ২৯ ক্রয়সংক্রান্ত দুর্নীতি মামলা খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। মামলার বৈধতা চ্যালেঞ্জ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দায়ের করা একটি রিট আবেদনের পরিপ্রেক্ষিতে আজ মঙ্গলবার দুপুর সোয়া একটায় বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরি ও বিচারপতি বোরহানউদ্দিনের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ রায় দেন।গত রোববার ও সোমবার, এ দুদিনের শুনানিশেষে আজ সকাল ১০টা ৫০ মিনিটে আদালত রায় দেওয়া শুরু করেন। রায় ঘোষণার পর শেখ হাসিনার আইনজীবী শেখ ফজলে নূর তাপস প্রথম আলোকে বলেন, আদালত মিগ ২৯ মামলাটি খারিজ করে দিয়েছেন। এক্ষেত্রে কিছু উচ্চপদস্থ ব্যক্তি শেখ হাসিনাকে হয়রানি করার জন্য অর্থহীন মামলাটি দায়ের করে বলে আদালতের পর্যবেক্ষণে উঠে এসেছে। বিএনপি-জামায়াত জোট আমলে ২০০১ সালের ১১ ডিসেম্বর রাজধানীর তেজগাঁও থানায় আটটি মিগ ২৯ যুদ্ধবিমান ক্রয়ে দুর্নীতির অভিযোগ এনে শেখ হাসিনাসহ মোট সাতজনের বিরুদ্ধে মামলা দায়ের করে তত্কালীন দুর্নীতি দমন ব্যুরোর কর্মকর্তা আবদুল্লাহ আল জাহিদ। এই বিমান ক্রয়ের ফলে রাষ্ট্রের ১২ কোটি ৯০ লাখ ডলার ক্ষতি হয়েছে বলে অভিযোগ করা হয়। এ মামলার অভিযোগ গঠন করা হয় গত তত্ত্বাবধায়ক সরকারের আমলে। এর বৈধতা চ্যালেঞ্জ করে শেখ হাসিনা হাইকোর্টে রিট আবেদন দায়ের করলে ২০০৮ সালের ১৯ সেপ্টেম্বর একটি দ্বৈত বেঞ্চ মামলার কার্যক্রম স্থগিত করেন। পাশাপাশি এই অভিযোগ গঠন কেনো অবৈধ ঘোষণা করা হবে না তার জবাব চেয়ে সরকার ও দুর্নীতি দমন কমিশনের ওপর আদালত রুল জারি করেন। প্রায় দুই বছর পর গতকাল সকালে এ রুলের ওপর শুনানি শুরু হয় এবং আদালত শুনানির পর আজ তাঁর রায় ঘোষণা করেন।