হাসিনার সফর দ্বিপক্ষীয় সমস্যা সমাধানের প্রক্রিয়াকে জোরদার করবে, আশা দিল্লির
সাম্প্রতিক সময়ে বাংলাদেশ-ভারত সম্পর্কে গুণগত পরিবর্তন এসেছে। এর ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিল্লি সফর দ্বিপক্ষীয় সমস্যা সমাধানের প্রক্রিয়াকে আরও জোরদার করবে। ভারতীয় সরকারি সূত্রগুলো থেকে এমন আভাস মিলেছে। ১১ জানুয়ারি হায়দরাবাদ হাউসে অনুষ্ঠেয় শেখ হাসিনা-মনমোহন সিং শীর্ষ বৈঠকে সন্ত্রাসবাদ দমন, সীমান্ত ব্যবস্থাপনা, অভিন্ন নদীর পানি বণ্টন, বিদ্যুত্ খাতে সহযোগিতা, বাণিজ্য-বৈষম্য বিলোপ, ট্রানজিটসহ বিভিন্ন বিষয় প্রাধান্য পাবে।বাংলাদেশের প্রধানমন্ত্রীকে বরণ করার অপেক্ষায় আছে দিল্লি। তাঁর সফর সামনে রেখে ভারতের রাজধানীতে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। সফরের আনুষ্ঠানিকতা নিয়ে দুই দেশের পক্ষ থেকে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি।কূটনৈতিক সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রীর দিল্লি সফর সামনে রেখে তাঁর দুই উপদেষ্টা গওহর রিজভী ও মশিউর রহমান ভারতের রাজধানী ঘুরে গেছেন। দিল্লিতে তাঁরা প্রধানমন্ত্রীর সফরের বিভিন্ন খুঁটিনাটি দিক পর্যালোচনা করেছেন বলে জানা গেছে।আলোচনা ও যৌথ ঘোষণায় কী থাকছে: দিল্লির সরকারি সূত্রগুলো জানিয়েছে, যৌথ ঘোষণায় ৫০০ মিলিয়ন ডলারের ঋণ-সহায়তা, সন্ত্রাসবাদ দমন, বিদ্যুত্ সহযোগিতা ও বিনিময়, বাণিজ্য-বৈষম্য বিলোপে দুই দেশের মান নিয়ন্ত্রণ সংস্থার মধ্যে সমঝোতার বিষয়গুলো থাকতে পারে। ঋণ-সহায়তা চুক্তির ব্যাপারে ভারতের এক্সিম ব্যাংকের (এক্সপোর্ট ইমপোর্ট ব্যাংক অব ইন্ডিয়া) মাধ্যমে বাংলাদেশের রেল ও যোগাযোগব্যবস্থার উন্নয়ন এবং নদী খননের জন্য এ টাকা দেওয়া হবে। সাহায্যের পরিমাণ বাড়তে পারে বলেও সূত্রগুলো আভাস দিয়েছে। বিদ্যুত্ চুক্তির বিষয়ে জানা গেছে, বিদ্যুত্ বিনিময়, সঞ্চালনব্যবস্থার উন্নয়ন ছাড়াও ভবিষ্যত্ বিনিয়োগের বিষয়টিও থাকবে। চুক্তি সইয়ের পর ভারতের রাষ্ট্রীয় সংস্থা ন্যাশনাল থার্মাল পাওয়ার প্লান্ট (এনটিপিসি) ও ভারত হেভি ইলেকট্রিক্যাল লিমিটেডের (বিএইচইএল) বাংলাদেশের বিদ্যুত্ খাতে বিনিয়োগের সম্ভাবনা রয়েছে। দুই দেশের বাণিজ্য সম্প্রসারণে সীমান্তবর্তী এলাকায়; বিশেষ করে সাবরুম, থেগামুখ ও দেমাগিরিতে সীমান্ত হাট খোলার বিষয়টি আলোচনায় প্রাধান্য পাবে। সীমান্ত-ব্যবস্থাপনার বিষয়ে সমন্বিত উপায়ে সমাধানের বিষয়ে জোর দেওয়া হবে সম্মত ঘোষণায়। শীর্ষ বৈঠকের পর যৌথ কার্যদলের মাধ্যমে সমস্যা সমাধানে একটি রূপরেখা তৈরির বিষয়টি উল্লেখ করা হবে যৌথ ঘোষণায়। ট্রানজিট-সংক্রান্ত বিষয়ে নেপাল ও ভুটানের সঙ্গে যুক্ত হতে ভারতের ভূখণ্ড ব্যবহারের বিষয় উল্লেখের পাশাপাশি চট্টগ্রাম বন্দর ব্যবহারে ভারতের আগ্রহের বিষয়টি আবারও আলোচনায় প্রাধান্য পাবে বলে জানা গেছে। সেই সঙ্গে নারায়ণগঞ্জের নৌবন্দর ব্যবহারে ভারতের আগ্রহের বিষয়টিও উল্লেখ করা হবে। এ ছাড়া ত্রিপুরার পালাটানায় বিদ্যুেকন্দ্র নির্মাণে ভারী যন্ত্রপাতি পরিবহনে বাংলাদেশের ভূখণ্ড ব্যবহারের যে সিদ্ধান্ত হয়েছে, সেটি স্থায়ী করার বিষয়টিও ভারতের পক্ষ থেকে আলোচনায় তোলা হবে। এ প্রক্রিয়ার অংশ হিসেবে আখাউড়া-আগরতলা রেললাইনের আধুনিকায়নে ভারতের মঞ্জুরি সাহায্য দেওয়ার আগ্রহের বিষয়টিও আলোচনায় আসবে।সফরসূচি: প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০ জানুয়ারি সন্ধ্যায় বিশেষ বিমানে দিল্লিতে পৌঁছানোর কথা। তিনি ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সঙ্গে ১১ জানুয়ারি দিল্লির হায়দরাবাদ হাউসে আনুষ্ঠানিক বৈঠক করবেন। দিল্লি সফরের সময় শেখ হাসিনার সঙ্গে ভারতের রাষ্ট্রপতি প্রতিভা পাতিল, ক্ষমতাসীন প্রগতিশীল গণতান্ত্রিক জোটের (ইউপিএ) প্রধান ও কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী এবং সাবেক প্রধানমন্ত্রী আই কে গুজরালের সৌজন্য সাক্ষাত্ হবে।এ ছাড়া বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর হোটেল সুইটে দেখা করার কথা অর্থমন্ত্রী প্রণব মুখার্জি, পররাষ্ট্রমন্ত্রী এস এম কৃষ্ণা ও রেলমন্ত্রী মমতা ব্যানার্জির। শেখ হাসিনা রাজঘাটে মহাত্মা গান্ধী, শান্তিবনে পণ্ডিত জওহরলাল নেহরু, শক্তিস্থলে ইন্দিরা গান্ধী, বীরভূমিতে রাজীব গান্ধীর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবেন। ভারতের প্রেসিডেন্টের হাত থেকে নেবেন ইন্দিরা গান্ধী পুরস্কার। এ ছাড়া প্রধানমন্ত্রী ফরেন ইনভেস্টরস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (এফআইসিসিআই), কনফেডারেশন অব ইন্ডিয়ান ইন্ডাস্ট্রিজ (সিআইআই) ও অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়ান চেম্বার্স (এসোচেম) আয়োজিত মধ্যাহ্নভোজ সভায় যোগ দেবেন। ১৩ জানুয়ারি জয়পুরে আজমির শরিফে খাজা মইনুদ্দিন চিশতির (র.) কবর জিয়ারত করবেন। ওই দিন বিকেলেই প্রধানমন্ত্রীর ঢাকায় ফেরার কথা।প্রধানমন্ত্রীর সফর সামনে রেখে বাড়তি নিরাপত্তা: শেখ হাসিনার সফর ঘিরে দিল্লিতে বাড়তি নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। দিল্লি সফরের সময় তিনি থাকবেন মৌর্য শেরাটন হোটেলে। সেখানে কয়েক স্তরের নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শুরু করে হোটেলের আশপাশে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। শেখ হাসিনার সফরের সময় নিরাপত্তার দায়িত্ব পালন করবে কমান্ডো, আধাসামরিক বাহিনীর সদস্য ও গোয়েন্দা সংস্থার সদস্যরা। নিরাপত্তার বিষয়টি দেখাশোনার জন্য এরই মধ্যে বাংলাদেশ থেকে একটি অগ্রবর্তী দল দিল্লিতে এসেছে।বাংলাদেশ দূতাবাসের নিরাপত্তা: দিল্লির কূটনৈতিক এলাকা চাণক্যপুরীতে বাংলাদেশ হাইকমিশনের নিরাপত্তা জোরদার করা হয়েছে। সম্প্রতি বাংলাদেশ হাইকমিশনের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করায় ভারতের পক্ষ থেকে এ ব্যবস্থা নেওয়া হয়। গত ডিসেম্বরে হাইকমিশনার তারিক এ করিম ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়ে চিঠি দেন। গতকাল শুক্রবার সকালে ওই এলাকায় গিয়ে দেখা গেছে, বাংলাদেশ হাইকমিশনের উল্টো দিকে আছে একটি সংস্কৃত বিদ্যালয়। একমুখী চলাচলের ব্যবস্থা থাকায় বিদ্যালয় চলার সময় সড়কটিতে বেশ ভিড় হয়। ওই সময়ের জন্যও সেখানে নজরদারি বাড়ানো হয়েছে। জানা গেছে, সম্প্রতি ঢাকায় ভারতীয় হাইকমিশনে লস্কর-ই-তাইয়েবার হুমকির পর বাংলাদেশের পক্ষ থেকে নিরাপত্তা নিশ্চিত করতে যেসব ব্যবস্থা নেওয়া হয়েছে, তাতে ভারত সন্তুষ্ট। এ প্রেক্ষাপটে ভারতও দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের নিরাপত্তা নিশ্চিত করার উদ্যোগ নেয়।