হাসিনার ‘ভারত-ঘনিষ্ঠতা’ বিষয়ক প্রচারণা নিয়ে সচেতন ভারত
প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ‘ভারত-ঘনিষ্ঠতা’ সম্পর্কিত যে অভিযোগ রয়েছে, তা নিয়ে ভারতীয় কর্তৃপক্ষ সচেতন। উইকিলিকসের ফাঁস করা মার্কিন কূটনৈতিক বার্তা থেকে বিষয়টি প্রকাশ পেয়েছে। একটি বার্তায় বলা হয়েছে, সন্ত্রাসবাদ মোকাবিলায় ভারত দ্বিপক্ষীয় সহযোগিতামূলক কর্মকাণ্ড চায়। তবে ভারত বোঝে যে বাংলাদেশ এ ক্ষেত্রে আঞ্চলিক টাস্কফোর্স গঠনে আগ্রহী। কারণ, এতে শেখ হাসিনার বিরুদ্ধে ভারত-ঘনিষ্ঠতার যে প্রচারণা, তা অনেকটা আড়াল হবে।গত মঙ্গলবার প্রভাবশালী ব্রিটিশ পত্রিকা গার্ডিয়ান এ-সংক্রান্ত বার্তা প্রকাশ করে। ২০০৯ সালের ১৪ জানুয়ারির ওই তারবার্তায় ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত জেমস এফ মরিয়ার্টি বলেন, ‘তাঁকে পিনাক রঞ্জন চক্রবর্তী (বাংলাদেশে ভারতের তৎকালীন হাইকমিশনার) জানিয়েছেন, ৮ ফেব্রুয়ারি ভারতের পররাষ্ট্রমন্ত্রী প্রণব মুখার্জির ঢাকা সফরের পরিকল্পনা রয়েছে। সন্ত্রাসবাদ মোকাবিলা বিষয়ে প্রাথমিক আলোচনাই হবে ওই সফরের মূল আলোচ্য বিষয়।’ তিনি জানান, নিরাপত্তা সহযোগিতার উন্নয়নই হবে বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে ভারতের কাজের ক্ষেত্রে প্রধান গুরুত্বের বিষয়।মার্কিন রাষ্ট্রদূত আরও উল্লেখ করেন, শেখ হাসিনার সরকার র্যাবকে ভেঙে দিক, তা চায় না ভারত। গার্ডিয়ান অনলাইন অবলম্বনে।