হাসিনের বিজ্ঞাপনযাত্রা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘টপ মডেল’ হওয়ার প্রায় সাত মাস পর জীবনের প্রথম বিজ্ঞাপনচিত্রটির জন্য কাজ শুরু করতে যাচ্ছেন ভিট-চ্যানেল আই টপ মডেল প্রতিযোগিতার চ্যাম্পিয়ন হাসিন রওশন। সম্প্রতি এমনটাই জানিয়েছেন তিনি। প্রথম আলো অনলাইনকে হাসিন বলেন, ‘আমি ২০১১ সালের ২৮ জুলাই টপ মডেলের খেতাব জিতেছিলাম, প্রায় সাত মাস পর প্রথম মডেলিং করতে যাচ্ছি। তার মানে এই নয় যে আমার কাছে এত দিন বিজ্ঞাপনচিত্রের প্রস্তাব আসেনি।’হাসিন বলেন, ‘গত সাত মাসে কিন্তু আমি অনেক বিজ্ঞাপনচিত্রেই কাজ করার প্রস্তাব পেয়েছি। প্রথম থেকেই আমার লক্ষ্য ছিল ভালো পণ্য, গুণী নির্মাতা, ভালো মানের গল্প এবং বড় বাজেটের কোনো বিজ্ঞাপনচিত্রে কাজ করার। আর তাই এত দিন পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে। অবশেষে সবকিছু ব্যাটে-বলে মিলে যাওয়ায় কাজটি করতে রাজি হয়ে যাই।’হাসিনের প্রথম বিজ্ঞাপনচিত্রটির নির্মাতা অমিতাভ রেজা। আগামী ২২, ২৩ ও ২৪ ফেব্রুয়ারি ঢাকার বিভিন্ন স্থানে বিজ্ঞাপনচিত্রটির দৃশ্য ধারণ করা হবে।হাসিন বর্তমানে বিপিএল ক্রিকেটের দল দুরন্ত রাজশাহীর শুভেচ্ছা দূত হিসেবেও কাজ করছেন। এ জন্য তিনি বেশ গর্বিতও। জানালেন, ‘রাজশাহীর মেয়ে হিসেবে দুরন্ত রাজশাহী দলের শুভেচ্ছা দূত হিসেবে যুক্ত হতে পেরে খুবই ভালো লাগছে। এরই মধ্যে আমরা কয়েকটি খেলায় জয়ও পেয়েছি। আমার বিশ্বাস, বিপিএলে চ্যাম্পিয়ন হবে দলটি।’ ভিট-চ্যানেল আই টপ মডেল খেতাব জয়ের পর হাসিন টেলিভিশন নাটকেই বেশি ব্যস্ত হয়ে পড়েন। এরই মধ্যে বেশ কয়েকটি এক ঘণ্টার এবং ধারাবাহিক নাটকের কাজ করেছেন তিনি। এখন মুহাম্মদ মোস্তফা কামাল রাজের নতুন ধারাবাহিক নাটক ‘ব্যাচেলরস (দ্য ফ্যামিলি)’র কাজ করছেন।